শাড়িতে অক্ষরচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজকের মেয়ের পরনে দেখা যায় নানা রকম পোশাক। তবে প্রিয় পোশাক বলতে কিন্তু সবার আগে আসবে শাড়ির কথা। শাড়ির নকশা ও বুনন নিয়ে ডিজাইনারদেরও তাই নানা ভাবনা। শুধু একটি পোশাক নয়, বরং সৃজনশীলতা তুলে ধরার মাধ্যম হিসেবেই শাড়িকে দেখেন তাঁরা। কেউ কেউ শাড়ি আঁকেন—শাড়িকে ভেবে নেন ক্যানভাস। প্রিয় গানের কলি, কবিতার পঙিক্ত, বর্ণমালাও তাই উঠে আসে শাড়িতে নতুন আঙ্গিকে। ক্রেতাদের কাছেও প্রিয় হয়ে উঠছে এমন শাড়ি। সব মিলে ১২ হাতের শাড়িটা এখন যেন এক জীবন্ত ক্যানভাস।ফ্যাশন ডিজাইনার আনিলা হক অনেক দিন ধরে কাজ করছেন পোশাকে অক্ষরচিত্র নিয়ে। তাঁর ফ্যাশন হাউস অ্যান্ডেজের পোশাকে ব্যবহার করা হয়েছে বাংলা ও চীনা বর্ণমালা, রবীন্দ্রনাথ ঠাকুরের গানের কলি ও নানা রকম গ্রাফিক আর্ট। শুধু তাই নয়, গুহাচিত্র থেকেও তিনি নিয়েছেন পোশাক ডিজাইনের অনুপ্রেরণা। তাঁর তৈরি এসব পোশাক পরে বিদেশের র্যা ম্পেও হেঁটেছেন মডেলরা। পেয়েছেন দারুণ প্রশংসা। সেই সঙ্গে বাংলাদেশের ফ্যাশন নিয়েও ছড়িয়েছে সুনাম।নওশীন চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ২০১০ সালের একুশে ফেব্রুয়ারিতে বন্ধুরা মিলে গিয়েছিলেন প্রভাতফেরিতে। পরনের শাড়িতে প্রায় ৪০টির বেশি ভাষায় লেখা ছিল ‘আমি আমার মাতৃভাষায় কথা বলতে ভালোবাসি’। শাড়ির প্রশংসা তো পাচ্ছিলেনই, কখনো কখনো দেখা গেল, শহীদ মিনারে আসা কোনো ভিনদেশি মানুষ এসেও তাঁর শাড়িটি থেকে পড়ে যাচ্ছে নিজের ভাষাটি। পোশাকের এই বার্তা যেন তাঁকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মুখপাত্র করে তুলেছিল।শাড়িটি ছিল ফ্যাশন হাউস নিত্য উপহারের। নিত্য উপহারের কর্ণধার বাহার রহমান বলেন, ‘আমরা সব সময়ই বর্ণমালা ব্যবহার করে কিছু করার চেষ্টা করেছি। আর পোশাকের মাধ্যমে পৌঁছে দিয়েছি বার্তা। এ কারণে আমাদের পোশাক শুধু নিত্যব্যবহার্য অনুষঙ্গেই সীমাবদ্ধ থাকেনি, বরং হয়ে উঠেছে একটি স্টেটমেন্ট। আর যে শাড়িটির কথা বলা হয়েছে, তা নিঃসন্দেহে খুব জনপ্রিয় এবং ব্যাপক গবেষণার পর নির্মিত। চেয়েছিলাম বাংলাদেশে বসবাসকারী ভিন্ন ভাষাভাষী মানুষ যেন তাদের ভাষাটি খুঁজে পায়।’ কখনো কখনো নিজের চিন্তাভাবনাকে আর দশজনের সঙ্গে ভাগ করে নিতেও পোশাকে ব্যবহার করা হয় অক্ষর। আজ থেকে আট-নয় বছর আগের কথা। ফ্যাশন হাউস শতাব্দীর প্রধান নির্বাহী নাদিরা আজাদ তাঁর স্বামীর সঙ্গে বসে শুনছিলেন রবীন্দ্রসংগীত। তখনই তাঁর মাথায় একটা চিন্তা খেলে গেল। এই কলিগুলো যদি টাঙ্গাইলের শাড়ির আঁচলে বুনে দেওয়া যায়, তাহলে কেমন হয়? তাঁতিদের বুঝিয়ে দিলেন ভাবনাটা। টাঙ্গাইল-শাড়ির আঁচলে বুনলেন ‘বাদল মেঘে মাদল বাজে’, ‘বাদল দিনের প্রথম কদম ফুল’। এই শাড়ি নিয়ে গেলেন কলকাতার পৌষ মেলায়। একটা শাড়িও দেশে ফেরত আনতে হয়নি। দেশে যা ছিল সেই শাড়িও পরিচিত প্রবাসী বাঙালিরা চেয়ে নিলেন—এমনই আগ্রহ এবং উৎসাহ দেখা গিয়েছিল। তবে শাড়িগুলো তৈরি করতে তখন অনেক খাটুনি গেছে। পুরোটাই তাঁতে বুনতে হয়েছিল। এখন অবশ্য কাজটা তুলনামূলক সহজ। ব্লক, স্ক্রিন প্রিন্টের প্রচলনে যেমন খুশি তেমনি নকশা তুলে ধরা যায়। এ ধরনের কাজ যে কেবল দেশীয় ঐতিহ্যকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় তা-ই নয়, বরং আন্তর্জাতিক ক্ষেত্রেও নিজেদের প্রতীকগুলো করে তোলে মূর্ত। পোশাকে অনেক ধরনের নকশা তো থাকেই, কিন্তু অক্ষরচিত্রের ব্যবহার পোশাককে করে তোলে অনেক বেশি সমৃদ্ধ। আর এ কারণেই এখনকার তরুণ-তরুণীরা ‘ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে’—এই বার্তাসংবলিত পোশাক পরেই বেরিয়ে যায় বসন্তকে বরণ করতে।তবে শুধু বিশেষ দিন বা উপলক্ষেই আটকে নেই এ ধরনের শাড়ির জনপ্রিয়তা। বরং তা হয়ে উঠেছে সব সময়ের ফ্যাশন। ফুল-লতা-পাতা বা অন্য কোনো চেনা মোটিফের চেয়ে ভিন্ন বলে এটি ফ্যাশনপ্রিয় মানুষের পছন্দের তালিকায় উঠে গেছে দ্রুতই।এ ধরনের অক্ষরচিত্র বা মোটিফের শাড়ি পাওয়া যাবে অ্যান্ডেজ, ড্রেসিডেল, কে ক্র্যাফট, রঙ, বিবিয়ানা, বাংলার মেলা, দেশাল, যাত্রা, নিত্য উপহারের মতো ফ্যাশন হাউসগুলোতে। শুধু বিশেষ দিনের বারতা নয়, বরং যেকোনো দিনেই পরা যাবে এগুলো।