শাড়ির টানে বাংলাদেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনিকা জাহান বোস
মনিকা জাহান বোস

আগুনমুখা? সে আবার কোথায়? নূরজাহান বোস তাঁর আগুনমুখার মেয়ে বইয়ে উত্তরটা দিয়েছেন এভাবে। ‘বাংলার দক্ষিণ উপকূলে বিশাল নদীজল যেখানে আছড়ে পড়েছে সাগরে, সেই উত্তাল ঢেউয়ের মালা গাঁথা অনেক নদীর একটি আগুনমুখা।’ আর কাটাখালী?

মা নূরজাহান বোসের সঙ্গে মনিকা: শাড়ির প্রতি টানটা এসেছে মায়ের সূত্রেই
মা নূরজাহান বোসের সঙ্গে মনিকা: শাড়ির প্রতি টানটা এসেছে মায়ের সূত্রেই

‘ছয় নদীর এই মিলনধারায় অকূল জলরাশির মধ্যে ভাসমান অনেক দ্বীপের একটি কাটাখালী।’
সহজ করে বললে পটুয়াখালীর কাটাখালী। ঢাকা থেকে যেতে কত ঘণ্টা লাগে?
‘প্রায় ২৮ ঘণ্টা? ’
এতদূর?
‘লঞ্চ কাটাখালী যাওয়ার আগে অন্তত বিশ-তিরিশটা জায়গায় থামে। সে কারণেই দেরি।’ বলছিলেন শিল্পী মনিকা জাহান বোস।
মনিকার জন্ম ইংল্যান্ডে। তারপর থিতু হয়েছেন যুক্তরাষ্ট্রে। কাটাখালীর মতো এলাকার খবর তিনি কীভাবে জানেন? জানেন কারণ, মানুষ নাকি শেকড়ের টানে দেশে ফিরে। মনিকা দেশে ফিরেছিলেন শাড়ির টানে। শাড়ির টান! সেটা আবার কী রকম? উত্তর খোঁজার আগে আগুনমুখা থেকে উড়াল দিয়ে চলুন পটোমাক নদীতীরের ওয়াশিংটন ডিসিতে। ১৯৮৪ সালে মনিকার মা নূরজাহান বোসের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় সংহতি। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি-আমেরিকান নারীদের গড়া এই অলাভজনক সংগঠনের উদ্দেশ্য ছিল দরিদ্র নারীদের সহায়তা। মনিকা এমনিতে নানাভাবে জড়িয়ে ছিলেন এই সংগঠনের কাজের সঙ্গে। মাতৃভূমির জন্য কিছু করার সত্যিকার সুযোগটা করে দিয়েছিল শাড়ি।
‘শাড়ির প্রতি একটা আকর্ষণ আমার সব সময়ই ছিল। মনে আছে, হাইস্কুলে পড়ার সময় প্রম নাইটে (স্কুল সমাপনী উৎসব) আমি শাড়ি পরে গিয়েছিলাম। সেই শুরু থেকেই আমার শিল্পের অনুষঙ্গ হিসেবেও প্রাধান্য পেয়েছে শাড়ি।’
মনিকা যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছেন চারুকলা বিষয়ে।
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে করেছেন ডক্টরেট। এক বছর কাটিয়েছেন শান্তিনিকেতনে।
২০০৬ সালে মনিকা ছিলেন ফ্রান্সের প্যারিসে। মূলত এই সময়টাতেই তাঁর আঁকা ও স্থাপনাশিল্পে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করে শাড়ি। এভাবেই তাঁর মাথায় আসে বাংলাদেশি নারীদের সঙ্গে কাজ করার ভাবনা। মনিকার মনে পড়ে কাটাখালীর কথা। ওখানেই তাঁর নানাবাড়ি। সিডর, আইলা, মহাসেনের মতো দুের্যাগের অন্যতম শিকার এখানকার মানুষ। তাঁদের নিয়ে কি সত্যিই নতুন কিছু করা সম্ভব?

শাড়িতে জীবনগাথা প্রদর্শনীর ‘নায়ক’ পটুয়াখালীর কাটাখালীর এই নারীরাও
শাড়িতে জীবনগাথা প্রদর্শনীর ‘নায়ক’ পটুয়াখালীর কাটাখালীর এই নারীরাও

শাড়ির মধ্যে জীবনগাথা
২০১৩ সালের ১৯ জানুয়ারি। কাটাখালীর নৌকাঘাটে হুলস্থুল। তাঁদের এলাকার গর্ব নূরজাহান বোসের মেয়ে ‘মিনি’ এসেছেন আমেরিকা থেকে। সঙ্গে ক্যামেরা কাঁধে আরও একটা মেয়ে। হুলুস্থুল তো হবেই।

যুক্তরাষ্ট্রে ‘স্টোরিটেলিং উইথ শাড়িজ’ প্রদর্শনী
যুক্তরাষ্ট্রে ‘স্টোরিটেলিং উইথ শাড়িজ’ প্রদর্শনী

‘গ্রামের মানুষজন রীতিমতো ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছিল আমাদের। আশ্চর্যের বিষয়, আমাকে শুরু থেকে ওরা “মিনি আপা” বলে ডাকা শুরু করল। এই নামে শুধু আমার পরিবারের লোকজন আমাকে ডাকে। আমার কাছে কাটাখালী পুরোপুরি নতুন। অথচ ওরা আমাকে ওদের গ্রামের মেয়ে ছাড়া অন্য কিছু ভাবেনি।’ গত ২২ জুলাই ঢাকায় নিজের প্রদর্শনীতে বসে হাসতে হাসতে বলছিলেন মনিকা।
কাটাখালী গিয়ে মনিকা কথা বললেন সেখানকার নারীদের সঙ্গে। সংহতির সহায়তায় ১২ জন নারীকে সঙ্গে নিয়ে শুরু হলো ‘নারীর কথা: শাড়ির মধ্যে জীবনগাথা’ নামের ব্যতিক্রমী এক প্রকল্প।
প্রথমেই হলো লেখালেখির একটা ছোটখাটো ওয়ার্কশপ। গ্রামের এসব নারীকে অক্ষরজ্ঞান ঝালাইয়ের পাশাপাশি মনিকা তাঁদের দিলেন একটি করে খাতা। বললেন, সেখানে তাঁদের মনের কথা লিখতে।
এরপর মনিকা তাঁদের নিয়ে শাড়ি তৈরির কাজে নামলেন। কাঠের ব্লক আর তুলি ব্যবহার করে কাটাখালীর ১২ নারী (তঁাদের সবার নামের শেষেই আছে বেগম।)—হাওয়া, হাসিনা, খুকু রানী, নাসিমা, নূর চেহারা, পারভীন, রোখসানা, সালমা, শাহিদা, সীমা, জাকিয়া আর জুলেখা অংশ নিলেন মনিকার সঙ্গে শাড়ি তৈরির কাজে। কর্মশালা শেষে ১২ জন নারী তৈরি করলেন মোট ২৪টি শাড়ি।
পুরো সময়টাতে মনিকা জাহানের সঙ্গে থাকলেন প্রবাসী চিত্রগ্রাহক ও পরিচালক নন্দিতা আহমেদ। কাটাখালীর দিনগুলো উঠে এল নন্দিতার ক্যামেরায়। তৈরি হলো তথ্যচিত্র স্টোরি টেলিং উইথ শাড়িজ বা শাড়ির মধ্যে জীবনগাথা।

মনিকা জাহান বোস: শাড়ির জন্য ভালোবাসা সেই শুরু থেকেই। ছবি: সুমন ইউসুফ
মনিকা জাহান বোস: শাড়ির জন্য ভালোবাসা সেই শুরু থেকেই। ছবি: সুমন ইউসুফ

শাড়ি আর তথ্যচিত্র নিয়ে মনিকা ফিরে গেলেন যুক্তরাষ্ট্রে। সেখানে তিনি অনেকের সঙ্গে পরামর্শ করলেন। তথ্যচিত্রটি দেখালেন। চলল প্রদর্শনীর জন্য তহবিল সংগ্রহ। বিশ্বের নানা প্রান্ত থেকে সহায়তা করল অনেকে।
২০১৩ সালের সেপ্টেম্বর মাসে ওয়াশিংটনের গেটওয়ে আর্ট সেন্টারে শুরু হয় ‘হার ওয়ার্ডস: স্টোরিটেলিং উইথ শাড়িজ’ শিরোনামের প্রদর্শনী। শাড়ির জমিনে প্রদর্শিত ভিডিওচিত্রে উঠে আসে বাংলাদেশের কাটাখালীর ১২ জন নারীর জীবনযুদ্ধ জয়ের গল্প। বিশ্ব জানল, বাংলাদেশের গ্রামের নারীরা শুধু প্রাকৃতিক দুর্যোগ আর জলবায়ু পরিবর্তনের অসহায় শিকার নন; তাঁরা শত প্রতিকূলতার সঙ্গে লড়তেও জানেন।
আগুনমুখার মেয়ে
পশ্চিমা দুনিয়া দেখল, কিন্তু কাটাখালীর নাসিমা আর রোখসানাদের কাছে তো অদেখাই থেকে গেল তাঁদের তৈরি শিল্পকর্ম। মনিকার তাই আবারও দেশে ফেরা। ‘স্টোরি টেলিং উইথ শাড়িজ’ শিরোনামের সেই প্রদর্শনী শুরু হয়েছে ঢাকার ধানমন্ডির ইএমকে (এডওয়ার্ড এম কেনেডি) সেন্টারে। নিজের প্রদর্শনীতে বসেই মনিকা বলছিলেন তাঁর জীবন ও শিল্প ভাবনার কথা।
‘কাটাখালীর মানুষ জলবায়ু পরিবর্তন কী, সেটা হয়তো বুঝিয়ে বলতে পারবে না। কিন্তু নদীতে যে আগের মতো মাছ নেই, লবণাক্ততার কারণে যে ফসল হচ্ছে না, এসব তারা খুব ভালো বোঝে। এর মধ্যেই ওরা কেউ সবজি চাষ করছে, কেউ শাড়িতে ব্লক করছে। গ্রামের নারীদের মধ্যে আমি অফুরন্ত সম্ভাবনা দেখি।’ বলছিলেন মনিকা।
শিল্পের টানেই ওয়াশিংটন থেকে কাটাখালী ছুটে গিয়েছিলেন তিনি। চেয়েছিলেন গ্রামের নারীদের জীবন বদলের সংগ্রামে খানিকটা হলেও পাশে থাকতে। জানতেন না, তাঁর এই ফিরে আসা বদলে দেবে জীবন সম্পর্কে তাঁর নিজের ধারণাও। যেমনটি ভয়েস অব আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন তাঁর সহযোগী নির্মাতা নন্দিতা আহমেদ, ‘প্রথমে ভেবেছিলাম, কাটাখালীতে শুধুই একটা অন্য রকম অভিজ্ঞতা হবে। কিন্তু সেখানকার মানুষের কাছে যে আমি কিছু শিখব, সেটা একেবারেই আশা করিনি।’
শিল্পী মনিকা জাহান বোসের গল্প ‘শাড়ি অথবা শেকড়ের টানে’ দেশের মানুষের পাশে দাঁড়ানোর গল্প। যে গল্পের আরেক ‘নায়ক’ আসলে বাংলাদেশের প্রত্যন্ত এক গ্রামের নারীরা। মনিকার মা নূরজাহান বোস যাঁদের নাম দিয়েছেন ‘আগুনমুখার মেয়ে।’