শাড়ির টানে মিমি সুপারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মিমি মানে শাড়ির ভান্ডার। শাড়ির জন্য মিমিতে আসতেই হয়। অন্য সব পোশাক বাইরে থেকে কিনলেও শাড়িটা কিনি এখান থেকে। কারণ একটাই—এদের কালেকশন অন্যদের চেয়ে আলাদা।’ নগরের মেহেদীবাগের বাসিন্দা গৃহিণী সামিয়া ইসলামের কাছে মিমি সুপার মার্কেটের গুরুত্বটা এ রকম। মিমি সুপার মার্কেটে এখন বিক্রেতাদের দম ফেলার ফুরসত নেই। ক্রেতার ভিড়ে দোকানিদেরও ত্রাহি অবস্থা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে কেনাকাটা। মার্কেটের চারতলাজুড়ে রয়েছে পোশাক, জুতা, প্রসাধনী, দর্জি, অলংকারের দোকান। মার্কেটের নিচতলায় অধিকাংশই শাড়ির দোকান। মানসী, কানন শাড়িজ, শাওন ভাদো, সুন্দরী, কাঁকনসহ সব কটি শাড়ির দোকানেই ভিড়। দোকানগুলোতে রয়েছে আকর্ষণীয় কাজের ভারতীয় সব শাড়ি। এ ছাড়া রয়েছে দেশি কাপড়ের বুটিক হাউসগুলোর শাড়িও। বিক্রেতারা জানান, নেটের ওপর কাজ করা শাড়ি, কাতান, লেহেঙ্গার আদলে সিমার শাড়ি, জারগান স্টোন, ইটালিয়ান ক্র্যাপ এসব বেশি চলছে। এর মধ্যে নেটের শাড়ির দাম পাঁচ থেকে ৫০ হাজার, কাতান পাঁচ থেকে ৩৫ হাজার টাকা, সিমার ছয় থেকে ২০ হাজার টাকা, জারগান স্টোন ২০ থেকে এক লাখ, ইটালিয়ান ক্র্যাপ ১০ থেকে ৫০ হাজার টাকা, দোপিয়ান ছয় থেকে ৩৫ হাজার ও নীলিমা পাঁচ থেকে ২৫ হাজার। পাওয়া যাচ্ছে লেহেঙ্গাও। দাম পড়বে আট থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত। বিদেশি শাড়ি ছাড়াও এখানে রয়েছে দেশীয় শাড়ি। টাঙ্গাইল, সিল্ক, দেশি প্রিন্ট, মিরপুরি কাতান রয়েছে এর মধ্যে। দাম পড়বে দুই থেকে ১৫ হাজার টাকা।মার্কেটের দ্বিতীয় তলায় রয়েছে অলংকার এবং শিশুদের পোশাকের সম্ভার। এসব দোকানে রয়েছে মেয়েদের জন্য মিডি, ডিভাইডার, স্কার্ট, লং ফ্রক, টপস, লাসাসহ ওয়েস্টার্ন এবং ভারতীয় পোশাক। দাম এক থেকে ছয় হাজার টাকা। ছেলেদের শার্ট, প্যান্ট, টি-শার্টের দাম পড়বে এক থেকে দুই হাজার টাকা। গ্রিন ফ্যাশনের স্বত্বাধিকারী দিদার মোহাম্মদ বলেন, শিশুদের পোশাকের মধ্যে এবার বেশি বিক্রি হচ্ছে বোম্বের টপস। এ পোশাকের দাম এক হাজার ২০০ থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত। মার্কেটের তৃতীয় তলায় পাঞ্জাবির শোরুমে রয়েছে তাঁত, সুতি, ইনোটিকা কটন, অ্যান্ডি কটন, তসর সিল্ক, অ্যান্ডি সিল্কের সাদা-কালো, স্ট্রাইপ কাপড়ের ওপর কারচুপি, মনিকগঞ্জের ভরাট কাজ, জামালপুরের নকশি কাজ করা রুচিশীল সব পাঞ্জাবি। দেশি-বিদেশি জুতার জন্যও মিমি সুপার মার্কেট জনপ্রিয়। অনন্ত সুজ, ফ্যাশন ফেয়ার, রারা, সু-সাইন, মিমি সুজসহ প্রায় সব দোকানে রয়েছে নানা ডিজাইনের জুতা। এসব দোকানে শিশুদের স্যান্ডেল, কেডস, সু ৪০০ থেকে এক হাজার ২০০ টাকা; মেয়েদের জুতা ৫০০ থেকে দুই হাজার টাকা; ছেলেদের স্যান্ডেল, কেডস, শু ৫০০ থেকে পাঁচ হাজার টাকার মধ্যে। মিমি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘এই মার্কেটে আধুনিক, রুচিশীল দেশি-বিদেশি মানসম্মত পণ্য পাওয়া যায় বলেই ক্রেতাদের নির্ভরতা বেশি। তা ছাড়া রয়েছে স্বচ্ছন্দে কেনাকাটার সুযোগ।’