শাড়ির সঙ্গে চাই মানানসই গয়না
পোশাকের সঙ্গে মিল রেখে গয়না না হলে ঈদের আনন্দ যেন ষোলকলায় পূর্ণ হয় না। তাই পছন্দের শাড়ি আর গয়নার খোঁজে মহিলারা চষে বেড়াচ্ছেন বিপণিকেন্দ্র। শাড়ি: ঈদের বাজারে শাড়ির কদরইটাই মনে হয় সবচেয়ে বেশি। গত শনিবার টেরিবাজারের মনে রেখোতে ইতালিয়ান ক্রেপ্টের ওপর কাজ করা একটি শাড়ি বিক্রি হয়েছে ৩৭ হাজার টাকায়। বিক্রয়কর্মী জসিমউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘দামি শাড়ি মানেই ভারতীয় শাড়ি। ভারতের ধুপিয়ান, সিমার, ইতালিয়ান ক্রেপ্ট, নেট ও টিস্যু শাড়িতে বাজার সয়লাব হয়ে গেছে।’ তিনি জানান, দেশি শাড়ির মধ্যে জামদানি ও কাতানের আবেদন সবসময় থাকে। টেরিবাজারে শাড়ির সরবরাহ বেশি। তাই সবশ্রেণীর ক্রেতারা ভিড় করেন এখানে। সুন্দরী শাড়িবিতানের স্বত্বাধিকারী আশফাক হায়দার জানান, ‘নিম্নবিত্তরা দুই হাজার টাকার মধ্যে জর্জেটের শাড়ি বেশি কিনছেন। মধ্যবিত্ত শ্রেণীর মহিলারা সাড়ে এরপর পৃষ্ঠা ২ কলাম ৫তিন থেকে ছয় হাজার টাকার মধ্যেই শাড়ি কেনা শেষ করছেন।’দোকানিরা জানান, শাড়ির দাম গত সপ্তাহের চেয়ে বেড়ে গেছে। তাঁদের মতে, দেশি শাড়ি প্রতিটি ৪০ টাকা ও টাঙ্গাইল শাড়ি প্রতিটি ২০০ টাকা করে বেড়েছে। এমনকি জাকাতের শাড়ির দামও বাড়তি। আগে যে শাড়ি ১৫০ টাকায় বিক্রি হতো সেই শাড়ির দাম হাঁকা হচ্ছে এখন ৪০০ টাকা। এর কারণ হিসেবে সুতার দাম বৃদ্ধিকে দুষছেন তাঁরা। ভারতীয় শাড়ির দাম আন্তর্জাতিক বাজারে মুদ্রার ওঠানামার ওপর নির্ভর করে বলে জানান বিক্রেতারা। বিপণিবিতানের (নিউমার্কেট) পাবনা শাড়িজে নেটের ওপর কাজ করা শাড়ি পাঁচ থেকে ১১ হাজার টাকায়, জুট কাতান তিন থেকে ১৫ হাজার টাকায়, চিনন এক থেকে ৩৫ হাজার টাকায় এবং জামদানি তিন থেকে ২৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ভারতীয় শাড়িতে অ্যামব্রয়ডারি, চুমকি ও পাথর বসিয়ে সাড়ে তিন থেকে ১০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। পাবনা শাড়িজের ব্যবস্থাপক সোহেল চৌধুরী জানান, ‘প্রচুর ক্রেতা আসছেন, শুক্র ও শনিবার ক্রেতার ভিড়ে দম ফেলতে পারি না।’ লিলি শাড়িজের কর্মচারী রেজাউল করিম বলেন, ‘উপহার দেওয়ার জন্য মানুষ তাঁতের শাড়ি, জুট বা কাতান কিনছেন। তবে বেশি চলছে সিমার, নেট, পটলা টিস্যু, সাকুরা নেট ও গ্লাস টিস্যু শাড়ি।’সেন্ট্রাল প্লাজার রঙিলার বিক্রয়কর্মী ধনঞ্জয় দে জানান, ২১ আগস্ট একটি বেনারসের শাড়ি ১৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। এটাই এখন পর্যন্ত সবচেয়ে দামি শাড়ি। এ ছাড়া বেনারসের কাতান ১০-১৭ হাজার টাকা, নেটের ওপর সুতা ও চুমকির কাজ করা শাড়ি ছয় থেকে ১৫ হাজার টাকা বিক্রি হচ্ছে। বিক্রয়কর্মী মো. সুমন বলেন, ‘আমরা চার থেকে ১০ হাজার টাকায় জরি জামদানি বিক্রি করছি। এটা শুধু ঢাকাতেই পাওয়া যায়।’মিমি সুপার মার্কেটের জ্যোতি, বিবাহ, আঁচল ও কাঁকনে শাড়ি দেখছিলেন দিলরুবা আলম ও তাহরিনা বেগম। দুজনেই গৃহিণী। তাঁরা বললেন, ‘শাড়ি পছন্দ হলেও দাম অনেক বেশি।’ তাঁতপল্লিতে জামদানি, টিস্যু ও ব্লকের পাশাপাশি বালুচুরি শাড়ি বিক্রি হচ্ছে এক হাজার ২০০ থেকে তিন হাজার টাকায়। তবে জামদানির চাহিদা সবচেয়ে বেশি বলে জানান বিক্রয়কর্মী সেলিম উদ্দিন। প্রচলিত জামদানি ছাড়াও অ্যাপ্লিক ও হাতের কাজ করা জামদানি বেশি চলছে বলে জানান শাওন ভাদোর মালিক আজিজ আহমেদ। শাওন ভাদোতে সাত দিনের মধ্যে শাড়ি বদলানো যায়। আর দুই দিনের মধ্যে ফেরত দিলে টাকা ফেরত দেওয়া হয়। এমনটি চট্টগ্রামের আর কোথাও নেই বলে তিনি দাবি করেন। তিনি বলেন, ‘শাড়িতে কাজ যত বেশি দামও তত বেশি।’ইউনুসকো সেন্টারের পারফেক্ট টেক্সটাইলের বিক্রয়কর্মী মো. হাসানের মতে, ‘ক্রেতারা জর্জেটের কাপড় বেশি খুঁজছেন। গরমের জন্য সুতি কাপড়ের চাহিদাও বেশ। নতুন ডিজাইনের সুতি জামদানিও চলছে। ঈদ যত ঘনিয়ে আসছে বিক্রি তত বাড়ছে বলে দোকানিরা জানান।গয়না: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী শায়লা আকতার ও নাজিয়া সুলতানা—দুই বান্ধবী ইউনুসকো সেন্টারের এঞ্জেল, ব্লুমিং ও হোয়াইট রোজে ঘুরে ঘুরে গয়না দেখছিলেন। পোশাকের রঙের সঙ্গে মিল রেখে পাথরের গয়না পছন্দ তাঁদের। পছন্দের তালিকায় আরও আছে পাকিস্তানি, থাই, জয়পুরি, কোরিয়ান পাথরের গয়না। হোয়াইট রোজে থাই কানের দুল এক হাজার ৪০০ থেকে এক হাজার ৮০০ টাকা, পাকিস্তানি গোল্ড প্লেটের চুড়ি এক হাজার ৪০০ থেকে এক হাজার ৫০০ টাকা ও পুরো সেট তিন-ছয় হাজার টাকায় বিক্রি হচ্ছে। দোকানের মালিক এনামুল হক বলেন, ‘আমাদের এখানে রুবি পাথর ও ডায়মন্ড কর্ডের সেট এবং চুড়ির চাহিদা বেশি।’ বিপণিবিতানের নূর বিতানে পাওয়া যাচ্ছে জয়পুরি চুড়ি ৩০০-৫০০ টাকা, গোল্ড প্লেটের ওপর পাথর বসানো সেট এক হাজার ৮০০ থেকে দুই হাজার টাকা, থাই চুড়ি জোড়া ১০০ টাকা, পাথরের চুড়ি ১০০ টাকা ও পাথরের সেট এক হাজার ৮০০ থেকে দুই হাজার টাকায়। এখানকার বিক্রয়কর্মী মো. আবছার জানান, গতবারের ঝুমকা চুড়ি ও কুন্দনের চুড়ি এবারও চলেছে।সেন্ট্রাল প্লাজার ওপেলিয়ার আকর্ষণ রুপার চুড়ি, রুবি-পান্না পাথরের চুড়ি, গোল্ড প্লেটের কাজ করা সেট, পাথরের চুড়ি সেট ও ধাতব চুড়ি। সঙ্গে আছে পাথরের বেঙ্গলস ব্রেসলেট। আগ্রাবাদের নাজিয়া তাজ জানান, ‘ঈদে শাড়িও কিনেছি, থ্রিপিসও কিনেছি। এখানে পাথরের বা রুপার গয়না কিনতে এসেছি।’গহনার মধ্যে কাচের চুড়ির কদরও বেশ। তরুণীরা সেটের সঙ্গে কাচের চুড়িও কিনছেন। অনেকে সিটি গোল্ডের গয়নাও কিনছেন। চকভিউ সুপার মার্কেটের নন্দিনীর মালিক সুধীন দাশ বলেন, ‘১৫ রোজার পর ক্রেতা বেড়ে গেছে। ভারতীয় আংটি, পাথরের চুড়ি, সিটি গোল্ডের চুড়ি, ধাতব চুড়ি ভালো চলছে। শৈল্পিকে ফতুয়া, সালোয়ার কামিজের পাশাপাশি বিক্রি হচ্ছে নানা রকমের পাথরের গয়না। সুতা ও পুঁতির গয়না তরুণীদের বেশ পছন্দ। হলমার্কস ও আর্চিস ঈদকার্ড, শোপিস ও পুতুলের পাশাপাশি বিক্রি করছে পাথরের কানের দুল, ব্রেসলেট ও পায়েল।