শায়লার সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অনেকেই মনে করেন, ভালো ফল করতে হলে গাদা গাদা বই মুখস্থ করতে হয়। কিন্তু আমার ক্ষেত্রে এ রকম কিছুই করতে হয়নি। শিক্ষকের প্রতিদিনের পড়াটা মন দিয়ে শুনেছি আর বাসায় গিয়ে খাতায় চোখ বুলিয়েছি ঘণ্টাখানেক। দিনের পড়াটা পড়েছি প্রতিদিন। এতেই এসেছে এই ফল।’ বলছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগ থেকে ২০১১ সালে প্রথম শ্রেণীতে প্রথম হওয়া শায়লা বেগম। লালমনিরহাটে জন্ম নেওয়া এই শিক্ষার্থী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়েছেন লালমনিরহাট ও রংপুর থেকে। এরপর ভর্তি হন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। শায়লার এই সাফল্যের পথটা একেবারে মসৃণ ছিল না কখনোই। শায়লা সারা জীবন বাংলা মাধ্যমে পড়াশোনা করলেও বিশ্ববিদ্যালয়ে এসে দেখলেন এখানে পড়তে হবে ইংরেজি মাধ্যমে। এ ব্যাপারে কিছুটা শঙ্কিত ছিলেন শায়লা, ‘আমি ছোটবেলা থেকেই ইংরেজিতে খুব ভালো ছিলাম না। এখানে এসে ইংরেজিতে পড়তে হবে দেখে একবার ভেবেছিলাম অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। পরে আমি নিজেই ইংরেজির ওপর জোর দিই। ভয় আপনা-আপনিই কেটে যায়। সব সময় ইংরেজি টু বাংলা একটা ডিকশনারি আমার সঙ্গে থাকত।’স্নাতকে প্রথম শ্রেণীতে প্রথম হওয়া শায়লা বেগম এখন কৌলিতত্ত্ব ও উদ্ভিদবিজ্ঞান বিষয়ে পড়ছেন স্নাতকোত্তর। ছোটবেলা থেকে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখতে দেখতে বড় হওয়া শায়লার অনেক কিছু বদলালেও বদলায়নি তাঁর স্বপ্ন। তাই এখনো স্বপ্ন দেখেন শিক্ষকতা করার। প্রথম সারির বেঞ্চগুলোতে বসে এত দিন যাঁদের কথাগুলো শুনেছেন মনোযোগ দিয়ে, নিজেকে দেখতে চান সেখানেই। আর সুযোগ পেলে বিদেশ থেকে নিতে চান উচ্চশিক্ষা।