শায়েস্তা খানের শেষ ইচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা তাঁর নাম রেখেছিলেন আবু তালিব। ছিলেন মোগলশাহী পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়। সম্রাট শাহজাহান তাঁকে উপাধি দিয়েছিলেন শায়েস্তা খান। বাদশা আলমগীরের হাত থেকে মিলল আরও সম্মানজনক উপাধি, আমিরুল-উমারাহ। ১৬৬৩ সালে তিনি দাক্ষিণাত্য ছেড়ে বাংলার সুবেদার হয়ে আসেন ঢাকায়। স্বেচ্ছায় নয়, গ্রহের ফেরে। শিবাজীর একদল সৈন্য অতর্কিতে শায়েস্তা খানের পুনার দুর্গে হামলা করে পালিয়ে গিয়েছিল। কর্তব্যকর্মে শিথিলতা সহ্য হয়নি বাদশা আলমগীরের। শাস্তি হিসেবে মামা শায়েস্তা খানকে ঢাকায় নিয়োগ দিলেন মোগল প্রশাসনে। আলমগীর স্বয়ং বলেছেন, ‘বাংলা সুবাহ্ খাদ্যদ্রব্যের প্রাচুর্যেভরা একটি নরকমাত্র। কিন্তু আমিরুল-উমারাহ যখন দীর্ঘদিন বাংলা শাসন করার পর এই সুবাহ্ থেকে বিদায় নেন, তত দিন বাংলা মুলুকের রূপান্তর ঘটেছে ‘জিন্নাত-উল-বিলাদ বা ‘দুনিয়ার স্বর্গ’ হিসেবে।শায়েস্তা খান দুই দফায় মোট পঁচিশ বছর বাংলায় সুবেদার ছিলেন। প্রথমবার ১৬৬৩ থেকে ১৬৭৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত। দুই বছর পরে আবার ১৬৭৯ থেকে ১৬৭৭ পর্যন্ত। বিচক্ষণতা ও সুশাসনের জন্য বাংলার মোগল সুবেদারদের মধ্যে শায়েস্তা খান সর্বশ্রেষ্ঠ হিসেবে স্বীকৃত হয়েছেন। তাঁর জীবনের বড় কৃতিত্ব তিনি মগ আর পর্তুগিজ বোম্বেটের লাগাতার আক্রমণ ও লুণ্ঠনে বিধ্বস্তপ্রায় এই সুবাহ্্র বহুকাঙ্ক্ষিত নিরাপত্তা এবং শান্তি এনে দিয়েছিলেন। নিরাপত্তাকে স্থায়ী করার উদ্দেশ্যে তিন শ যুদ্ধজাহাজের এক বিশাল নৌবাহিনী এবং ৪৩ হাজার সৈন্য ঢাকায় মোতায়েন রেখেছিলেন। তাঁর সুবেদারির দীর্ঘ ২৫ বছরে তিনি রাজধানীকে ঢাকা থেকে অন্যত্র সরিয়ে নেননি। তাঁর আমলেই ঢাকা সমৃদ্ধির চূড়ান্ত শিখরে পৌঁছায়। নগরটি তখন উত্তর-দক্ষিণে ১৪ মাইল ও পূর্ব-পশ্চিমে ১০ মাইল বিস্তৃত, সঙ্গে জমজমাট ৫২টি বাজার ও বসতিপূর্ণ ৫৩টি রাস্তা। সেখানে গড়ে ওঠে মুসলিম স্থাপত্যশিল্পের এক বিশিষ্ট শৈলী, আজও যা ‘শায়েস্তা খানী’ পদ্ধতি বলে পরিচিত। কালের আক্রমণ সয়েও সেসব সৌধের কয়েকটি এখনো দাঁড়িয়ে আছে ঢাকার নানা প্রান্তে। ৮০ বছর বয়সে স্বেচ্ছায় বাংলা সুবা থেকে অবসর নিয়ে আগ্রায় বসবাস করার সময় ১৬৯৪ খ্রিষ্টাব্দে শায়েস্তা খান তাঁর জীবনের শেষ উইল তৈরি করেন। এই দলিলে তাঁর সমস্ত পরিবারের নাম ও সব সম্পত্তির পূর্ণ বিবরণ পাওয়া যায়।দলিলের সম্পত্তির তালিকায় দেখা যায় যে মুলতান থেকে মুর্শিদাবাদ পর্যন্ত সব জায়গাতেই তাঁর সম্পত্তি ছিল। এর মধ্যে আটটি কাটরা, ১০টি বাগান, সাতটি হাবেলি, চারটি মুসাফিরখানা, পাঁচটি বাজার ও হাট। এ ছাড়া পাঁচটি মসজিদ ও কবরখানা তিনি তৈরি করেছিলেন। মুসাফিরখানা ও মসজিদ ছিল সর্বসাধারণের ব্যবহারের উদ্দেশ্যে নির্দিষ্ট। ঐতিহাসিকেরা ফারসি ভাষায় লিখিত তাঁর এই শেষ উইলের একটি প্রত্যয়িত নকল পেয়েছেন। দলিলের ওপর কাজী-উল-কুজ্জত বা প্রধান বিচারপতির সিলমোহর আছে। ইতিহাসবিদদের অভিমত, সে সময় দলিল রেজিস্ট্রি করা কাজিদের একটি অবশ্য পালনীয় কর্তব্য ছিল। সে সময়ও সার্টিফায়েড কপি দেওয়ার প্রথা প্রচলিত ছিল—তবে কোর্ট ফি লাগত না। ঐতিহাসিকেরা এই দলিলে শায়েস্তা খানের ভাষা ব্যবহারের সংযম দেখে বিস্মিত হয়েছেন। আর্থিক ব্যাপারে তিনি বরাবরই ছিলেন মিতব্যয়ী। ফারসি ভাষায় লিখিত এই উইলটির মূল অংশটুকু হলো: ‘নবাব শায়েস্তা খাঁ, আমির-উল-ওমরাহের ও কাজী-উল-কুজ্জত আক্রাম খাঁ এবং নবাব আসাদ খাঁ, নবাব জুলফিকার খাঁ, নবাব আকবর খাঁ...। নবাব তরবিয়াত খাঁ ও অন্যান্য উচ্চপদস্থ ওমরাহের সিলমোহরাঙ্কিত এই সম্পত্তি বিলি-ব্যবস্থার দলিলটি বাদশাহের রাজ্যাভিষেকের ৩৬তম বৎসর পবিত্র রজব মাসের ১৫ তারিখে সম্পাদিত হলো। যেহেতু সকল জীবিত প্রাণীরই মৃত্যু অবধারিত, তাই আমি আবু তালিব, সাধারণত... নামে পরিচিত আমার জীবদ্দশায়....অনুযায়ী আমার..... সুবায় ওয়াকফ সমেত সকল সম্পত্তির বিলি-ব্যবস্থা করলাম, যাতে আমার মৃত্যুর সাথে সাথে ভাইয়েরা তাদের মধ্যে ঝগড়া-বিবাদ না করতে পারে এবং তাদের সন্তান-সন্ততিরা এই অংশীনামা অনুযায়ী সম্পত্তির ভাগ পায়। যদি লোভবশত কেউ অন্যের অংশের ওপর অন্যায় দাবি করে তাহলে সে যেন এই দলিলটি দেখে—যেখানে তার অংশ ঠিকমতো বলে দেওয়া হয়েছে। আমি তাদের প্রত্যেককে এই মর্মে পৃথক পৃথকভাবে লিখে দিলাম, যাতে তারা তাদের কাছে এটি রাখতে পারে।’ ড. পূর্ণেন্দুনাথ রায়ের শায়েস্তা খাঁর শেষ উইল বইয়ে এভাবেই উদ্ধৃতিটি রয়েছে।এই উইল থেকে কয়েকটি তথ্য খুঁজে পেয়েছেন ইতিহাসবিদেরা। প্রথমত, শায়েস্তা খানের একাধিক স্ত্রীর উল্লেখ থাকলেও তাঁদের নাম বলা হয়নি। শুধু অমুকের ভাই বা বোন হিসেবে তাঁদের উল্লেখ করা হয়েছে। অমুক-তমুক হিসেবে বিভিন্ন মায়ের সন্তানদের উল্লেখ আছে। দ্বিতীয়ত, এই উইল অনুযায়ী শায়েস্তা খানের মোট সাত পুত্র, পাঁচ কন্যা, এক বোন, দুই পৌত্র-পুত্রী, তাঁর বাবা আসফ খান ও পিতামহ ইতিমাদ-উদ-দৌলার নাম পাওয়া যায়। উল্লেখ্য, শায়েস্তা খাঁর এক পুত্র আবুল ফতেহ খান শিবাজীর ছদ্মবেশী সৈন্যদের অতর্কিত হামলায় নিহত হন। তার উল্লেখ এখানে নেই।তাঁর ছেলেদের মধ্যে খোদা বান্দা খান ওরফে মির্জা বাঙালির নাম এই উইলে উল্লেখ রয়েছে। অনেকের অনুমান, শায়েস্তা খানের এক পত্নী নিশ্চয়ই বঙ্গললনা ছিলেন এবং তাঁর সন্তানই মির্জা বাঙালি নামে খ্যাত। ঐতিহাসিকদের আরও ধারণা, এই বাঙালি স্ত্রীর আরেক সন্তান বিবি পরী বা ইরান দুখত। শায়েস্তা খানের কন্যাদের মধ্যে তিনি ছিলেন সর্বাধিক প্রিয় ও সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা আযমের বাগদত্তা। তাঁর অকাল মৃত্যুতে শায়েস্তা খান খুবই মর্মাহত হয়েছিলেন। লালবাগের পরী বিবির সমাধি আজও তাঁর স্মৃতি আমাদের স্মরণ করিয়ে দেয়। এই উইলে বিবি পরীর প্রাপ্য অংশসহ শায়েস্তা খানের বাংলা সুবার অন্তর্গত সমস্ত সম্পত্তি—যার মধ্যে ঢাকাও ছিল—মির্জা বাঙালিকে দেওয়া হয়। এতে বলা হয় যে, আজিমাবাদে একটি কাটরা, মুর্শিদাবাদে একটি কাটরা, হুগলিতে একটি কাটরা ও বিবি পরীর কবরখানা ও মসজিদের ওয়াকফ সম্পত্তি—সবকিছুই বিবি পরীর শেষ ইচ্ছা অনুযায়ী তাঁর ভাই মির্জা বাঙালিকে দেওয়া হলো। তাতে আরও উল্লেখ করা হয়েছে যে বিবি পরীর অন্য ভাইয়েরা এর অংশ পাবেন না। অপরিসীম মর্যাদা নিয়ে শায়েস্তা খান ৮০ বছর বয়সে সুবেদারি পদ ছাড়েন। এই দীর্ঘ শাসনামলে তিনি মানুষের অসামান্য ভালোবাসা পান। তাঁর বিদায়পর্বে আমির-উল-ওমরাহকে শেষ বিদায় জানাতে ঢাকাবাসী বিরাট এক মিছিলে সমবেত হয়েছিল।