শিকলবাহায় শিকলভাঙার গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালারপোল গ্রামের কোল বেয়ে ছুটছে কর্ণফুলী ‘চোড চোড ঢেউ তুলি’। সেই ঢেউয়ের তালে ‘ক্যাঁ কুরুত, ক্যাঁ কুরুত’ শব্দ তুলে সাম্পান নিয়ে ছুটতেন কর্ণফুলীর মাঝি। কণ্ঠে তাঁদের গান—‘রঙিলা মাঝিরে এই ঘাড়দ্দি সাম্পান ভিড়াইও...।’ কিন্তু কর্ণফুলীতে সেই সাম্পান নেই। তবে রঙিলা মাঝি আছে, তাঁদের কণ্ঠে আছে গানও— জীবনজয়ের গান। সেই গান শুনতে হলে যেতে হবে কর্ণফুলীর দক্ষিণ পারে, শিকলবাহার কালারপোল গ্রামে। একদা যে মাঝি কর্ণফুলীর বুকে সাম্পান চালাতেন তিনি আজ জাহাজ বানান, শত কোটি টাকা দামের সে জাহাজ চলে সাগর-মহাসাগরে। আজ থেকে এক যুগ আগেও শিকলবাহা ইউনিয়নের বেশির ভাগ মানুষের পেশা ছিল কর্ণফুলীতে সাম্পান চালানো, কৃষিকাজ ও দিনমজুরি করা। পাশের কিছু শিল্প কারখানায়ও তাঁরা কাজ করতেন। কিন্তু তাঁদের আয় ছিল খুব কম, দুই-তিন হাজার টাকায় সংসার চালানো ছিল দায়। বেশির ভাগ লোক ছিল বেকার। কিন্তু ২০০০ সালে কালারপোল গ্রামে জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড গড়ে উঠলে দিনবদল হয় এলাকার মানুষের। ওয়েস্টার্ন মেরিন কর্তৃপক্ষ বেশির ভাগ শ্রমিক নিয়োগ দিল কালারপোল গ্রাম থেকে। তাঁদের প্রশিক্ষণ দিয়ে জাহাজ তৈরির কাজের জন্য যোগ্য করে তোলা হয়। এখন ওই শিপইয়ার্ডে তিন হাজার কর্মী আছেন, এর ৭০ শতাংশই শিকলবাহা ও কালারপোল গ্রামের। তাঁরা এখন জাহাজ বানানোর কাজ করেন, প্রতি মাসে ওভার টাইমসহ আট থেকে ১৫ হাজার টাকা আয় করেন। ২০০০ সালে এক একর জমিতে গড়ে উঠেছিল যে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, আজ তা বেড়ে হয়েছে ৪০ একর। আগে শেডে তিনিটি স্থানীয় জাহাজ তৈরি করা যেত, আর এখন একসঙ্গে তিনটি বিদেশি জাহাজ তৈরি করা যায়। গত এক দশকে ৫৬টি জাহাজ তৈরি করেছে প্রতিষ্ঠানটি। এখন ২৯টি জাহাজের অর্ডার আছে। ২০১০ সালে EMS RIVER ও EMS SEA নামে দুটি জাহাজ রপ্তানি হয়েছে। দুই জাহাজের দাম প্রায় ১৬০ কোটি টাকা। ২০১১ সালে ১১টি জাহাজ বানানো হবে। EMSDOLLART ও EMSLAKE নামের দুটি জাহাজ মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। জাহাজ নির্মাণ শিল্পে প্রতিষ্ঠানটির বর্তমান বিনিয়োগ দাঁড়িয়েছে প্রায় এক হাজার ৬০০ কোটি টাকা।ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, ‘আমরা শিকলবাহা ও কালারপোল গ্রাম থেকেই বেশির ভাগ শ্রমিক নিয়োগ দিয়েছি, কারণ আমাদের প্রতিষ্ঠানের ওপর ওই গ্রামের মানুষের অধিকার আছে। আমরা গ্রামটিকে একই সঙ্গে শিল্পএলাকা ও সমৃদ্ধ নগর হিসেবে গড়ে তুলতে চেয়েছি। ওয়েস্টার্ন মেরিনের সব নকশা করেন নিজস্ব নেভাল আর্কিটেক্টরা। কনস্ট্রাকশন কনসালটেন্ট ও অ্যাডভাইজার জগবন্ধু বাসারের নেতৃত্বে ৩১ জন নকশাবিদ কাজ করেন, এঁদের অনেকেই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পাস করেছেন।’ জাহাজের নুজে (সামনের অংশ) কাজ করছিলেন ফিটার মোহাম্মদ ইয়ামিন। তিনি বলেন, ‘আমরা ব্লক সেট তৈরি করি, ৯০ ডিগ্রিতে কার্টিং করি, সাড়ে ২৭ ইঞ্চি বেবল করি, গ্রান্ডিং করি। আমার মতো ৩০০ জন ফিটার কাজ করেন এখানে। ওভারটাইমসহ ১৪-১৫ হাজার টাকা বেতন পাই। এখানে কাজ করে আমি খুব খুশি।’ উইন ট্যাংকে ওয়েল্ডিংয়ে ব্যস্ত আবদুল হাকিম বলেন, ‘আমাদের হাতে তৈরি জাহাজ সাগর-মহাসাগর দাপিয়ে বেড়ায়, যেখানে যায় সেখানে বাংলাদেশের নামটা আসে জাহাজ তৈরির দেশ হিসেবে। এটা আমাদের জন্য বড় আনন্দের।’নিরাপত্তা কর্মকর্তা (সেফটি অফিসার) মো. শহীদুল ইসলাম বলেন ‘আমরা নিরাপত্তার বিষয়টি সবার আগে চিন্তা করি। সেজন্য কারিগর ও শ্রমিকেরা প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম পরেছেন কি না—তা নিবিড়ভাবে লক্ষ করি। সচেতনতার কারণে কাজ করতে গিয়ে শ্রমিকেরা দুর্ঘটনায় তেমন পড়েন না।’জানা যায়, শিপইয়ার্ডে একটি হেলথ কেয়ার সেন্টার আছে, সেখানে ২৪ ঘণ্টা চিকিৎসা দেওয়া হয় কর্মীদের। অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি অ্যাডভাইজার ডা. রেজা আহমেদ জানান, ‘স্বাস্থ্যকেন্দ্রে পাঁচজন চিকিৎসা কর্মকর্তা আছেন। প্রতিষ্ঠানের কর্মীদের পাশাপাশি কালারপুল গ্রামের নারী, শিশু ও বৃদ্ধদের বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হয় এখানে। কর্মীদের জন্য আছে সার্বক্ষণিক ওয়াটার সি অ্যাম্বুলেন্স।’ প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক (শিপইয়ার্ড) শাহাদাত হোসেন তালুকদার জানান, ‘ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) সব নিয়মনীতি মেনে পরিবেশবান্ধব পদ্ধতিতে জাহাজ নির্মাণ করা হয় এখানে। স্থানীয় কর্মীদের কাজে আমরা সন্তুষ্ট, তেমনি তাঁদের সুযোগ-সুবিধার ব্যাপারেও আমরা খুব সচেতন। অন্য শ্রমিকদের থেকে স্থানীয় লোকজন কোনো অংশেই কম নয়।’টাইম কিপার মোহাম্মদ হোসাইন বললেন, ওয়েস্টার্ন মেরিনের কারণে শত বছর পিছিয়ে থাকা শিকলবাহা ও কালারপোল আজ শহরের মতোই দামি। গ্রামের মানুষগুলো এখানে কাজ করে স্বাবলম্বী হচ্ছেন।শিকলবাহা ইউনিয়ন পরিষদের সদস্য ফজল আহমদ বলেন, ‘সীতাকুণ্ডে জাহাজ ভাঙতে গিয়ে মানুষের করুণ মৃত্যুর কথা শুনতাম আমরা। কিন্তু আমাদের গ্রামে হয়েছে এর উল্টোটা, ওয়েস্টার্ন মেরিন আমাদের জন্য সৌভাগ্য হয়ে এসেছে। ওই প্রতিষ্ঠানে কাজ করে গ্রামের মানুষ সুখের দেখা পেয়েছে। আজ টাকা দিয়েও শ্রমিক পাওয়া যায় না, গ্রামে কোনো বেকার নেই। শিকলবাহায় এখন শিকলভাঙার গান চলছে।’