শিকারিদের কবলে বনমোরগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান জেলার লামা উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বনমোরগ নিয়ে বসে ছিলেন একজন বিক্রেতা। স্থানীয় লোকজন বনমোরগ বিক্রেতাকে শিয়ারি (শিকারি) বলে ডাকে। বনমোরগ দেখতে উৎসুক জনতার ভিড়। ভিড় ঠেলে একজন ক্রেতা এগিয়ে এলেন। জঙ্গল থেকে ধরে আনা মোরগটি দেখিয়ে প্রশ্ন করলেন, ‘শিয়ারি ভাই, মোরগ ইবার দাম হত?’ (শিকারি ভাই, মোরগটার দাম কত?)বিক্রেতার চটপট জবাব, আড়াই হাজার টাকা। শুরু হলো দামদর। অবশেষে দুই হাজার টাকায় ক্রেতা বনমোরগটি কিনে নিয়ে গেলেন।সম্প্রতি লামা উপজেলা সদরে এমন দৃশ্য দেখা গেছে।স্থানীয় লোকজন জানান, এলাকায় প্রকাশ্যে বনমোরগ কেনাবেচা হয়। একশ্রেণীর মানুষের কাছে বনমোরগের চাহিদা আছে। চড়া দাম দিয়েও তারা বনমোরগ কিনে নিয়ে যায়।স্থানীয় বাজারে বনমোরগ কিনতে আসা একজন ক্রেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘উপঢৌকন হিসেবে বনমোরগ অনেকেরই পছন্দের। তাই ওপরওয়ালাকে খুশি করতে অনেকেই বনমোরগ উপহার দেন। এখানে আসা বহু পর্যটকও বনমোরগের মাংস একবার চেখে দেখতে চান। মূলত এ জন্যই বেশি দামে বাজারে বনমোরগ বিক্রি হচ্ছে।’নাম প্রকাশে অনিচ্ছুক একজন বনমোরগ বিক্রেতা প্রথম আলোকে বলেন, ‘আমি বনমোরগ শিকার করে সংসার চালাই। প্রায় ১০ বছর ধরে বনমোরগ শিকার করছি।’ কীভাবে ধরেন জানতে চাইলে তিনি বলেন, ‘বিভিন্ন ধরনের ফাঁদ পেতে বনমোরগ ধরি। প্রতিদিন একটা না হয় দুটো ধরা পড়ে।’বেশ কয়েকজন বনমোরগ বিক্রেতা জানান, লামা উপজেলার বাইরে থেকেও লোকজন বনমোরগ কিনতে আসে। চাহিদা থাকায় বনমোরগের দামও বাড়ছে। এক কেজি ওজনের একটি বনমোরগ বাজারে দুই হাজার টাকায়ও বিক্রি হয়। প্রতিদিন ৭০ থেকে ৮০ জন শিকারি বিভিন্ন ধরনের ফাঁদ পেতে বনমোরগ ধরছেন।এ ব্যাপারে লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা হারুনুর রশিদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শিকারিদের হাতে বনমোরগ ধরা পড়ার কথা স্বীকার করেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘এই এলাকার লোকজনের কাছে বনমোরগের মাংস খুব প্রিয়। তাই কিছু কিছু শিকারি বনমোরগ ধরছেন। আমরা তাঁদের ধরার জন্য বিভিন্ন সময় অভিযান চালাই।’