শিকারির নাম ভুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক যে ছিল শিকারি। নাম তার ভুলো। কারণ, সে প্রায়ই কাজে ভুল করে। একবার শিকারি ভুলোর ডাক পড়ল একটা মানুষখেকো বাঘ শিকার করার জন্য। বাঘটিকে মারতে পারলে ভুলোর অনেক সুনাম হবে। তাই সে বিনা বাক্যে বাঘ শিকার করতে চলল। লোকেরা তাকে বাহ্বা দিতে লাগল। জঙ্গলের কাছে যেতে যেতে অনেকে আঙুল দিয়ে দেখিয়ে বলল, ‘ওই জঙ্গলে বাঘ আছে! ওদিকে যেয়ো না!’ কেউ কেউ বলল, ‘কোন সাহসে ওদিকে যাচ্ছ?’

এসব শুনেও ভুলো বীরদর্পে এগিয়ে গেল। বাঘ বোধ হয় শিকারি ভুলোর জন্যই অপেক্ষা করছিল। ভুলোকে দেখেই বাঘটি লাফ দিয়ে সামনে এসে দাঁড়াল। হা–লু–ম বলে এমন ডাক দিল যে পুরো জঙ্গল থরথর করে কেঁপে উঠল। বাঘ বলল, ‘ভুলো, আজই তোর শেষ দিন।’

শুনে ভুলো শুধু একটু মুচকি হাসল। বুঝিয়ে দিল, ভয় পায়নি সে। কাঁধের বন্দুকটায় হাত বোলাল সে। তারপর ঝট করে সেটি বাঘের দিকে তাক করে টিপে দিল বন্দুকের ঘোড়া। বন্দুক গর্জে ওঠার বদলে শুধু পিচিক করে শব্দ হলো, একটুখানি পানি বের হলো। ভুলো তো ভয়েই বাঁচে না। সে ভুলে খেলনা বন্দুক নিয়ে এসেছে। তাই দেখে বাঘ এমন হো হো করে হাসি শুরু করল যে শেষ পর্যন্ত হাসতে হাসতেই মারা গেল! তখন লোকেরা ভুলোকে কাঁধে নিয়ে নাচতে নাচতে চলে গেল। শিকারি ভুলোর আর আনন্দ ধরে না!

 সপ্তম শ্রেণি, শুভেচ্ছা কেজি অ্যান্ড প্রি–হাই স্কুল, রাণীনগর, নওগাঁ