শিক্ষক আসেননি পরীক্ষাও হয়নি
কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে গত বৃহস্পতিবারের দ্বিতীয় সাময়িক পরীক্ষা হয়নি। বিদ্যালয়ে কোনো শিক্ষক না আসায় নির্ধারিত দিনে পরীক্ষা হয়নি। সময়সূচি অনুযায়ী ওই দিন নবম ও দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান পরীক্ষা ছিল। শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে বিষয়টি লিখিতভাবে জানিয়েছে।নবম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল নাঈম জানায়, বৃহস্পতিবার ছিল রসায়ন বিজ্ঞান পরীক্ষা। নবম শ্রেণীর ৬০ জন শিক্ষার্থী যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হয়। কিন্তু কোনো শিক্ষক না থাকায় পরীক্ষা হয়নি। শিক্ষার্থীরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিতভাবে জানিয়েছে। বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী শারমিন আখতার বলে, ‘পরীক্ষা দেওয়ার জন্য আমরা ঠিক সময়ে বিদ্যালয়ে উপস্থিত হয়ে দেখি কোনো শিক্ষক আসেননি। ফলে পরীক্ষা হয়নি।’ এক শিক্ষার্থীর অভিভাবক মোহাম্মদ আমীর জানান, দীর্ঘদিন ধরে কুতুবদিয়া সরকারি উচ্চবিদ্যালয়ে শিক্ষকস্বল্পতা রয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ চারজন শিক্ষক আছেন। তাঁরাও প্রায় সময়ে বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম কর্মস্থলে না থাকায় মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।এ প্রসঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল বশর চৌধুরী বলেন, ‘বিদ্যালয়টিতে চারজন শিক্ষক কর্মরত থাকলেও গত বৃহস্পতিবার কেউ কর্মস্থলে উপস্থিত না থাকায় শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেনি বলে জানিয়েছে। এ ব্যাপারে খবর নেওয়া হচ্ছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম মহিউদ্দিন মাহিন প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি শিক্ষার্থীরা লিখিতভাবে জানিয়েছে। আমি খবর নিয়ে জেনেছি, ওই দিন কোনো শিক্ষক বিদ্যালয়ে আসেননি। এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।’