শিক্ষক চিংসামং চৌধুরীর হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় মানিকছড়ি কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক চিংসামং চৌধুরীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সচেতন ছাত্রসমাজ।
সম্প্রতি চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। বোঅংসিং মারমার সভাপতিত্বে ও ভ্যালেন্টিনা ত্রিপুরার সঞ্চালনায় এতে বক্তব্য দেন বাবু মারমা, সমীরণ মারমা, দয়ানাথ রোয়াজা, সুইম্পটন চাকমা, দীপন চাকমা, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য উবাথোয়াই মারমা, ছাত্র ফেডারেশন চট্টগ্রাম নগর শাখার সভাপতি ফরহাদ জামান প্রমুখ।
সমাবেশ থেকে বক্তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সমাবেশে ৮ ডিসেম্বর রাঙামাটির কাউখালী উপজেলার ঘাঘড়া ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের চিকনবী চাকমা হত্যার তীব্র নিন্দা জানানো হয়। পরে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব হয়ে চেরাগীর মোড় ঘুরে পুনরায় প্রেসক্লাবে এসে শেষ হয়। বিজ্ঞপ্তি।