শিক্ষক জহিরুলকে অপসারণের দাবিতে অনড় ছাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক মো. জহিরুল ইসলামের অপসারণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যমান অনিয়ম দূর করার দাবিতে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রীদের আন্দোলন অব্যাহত রয়েছে। এ নিয়ে গতকাল দুপুরে ছাত্রীদের সঙ্গে বৈঠক করেছে ইনস্টিটিউট কর্তৃপক্ষ। বৈঠকে ছাত্রীদের দাবিদাওয়া মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলেও অভিযুক্ত শিক্ষককে বহিষ্কারের বিষয়ে সুস্পষ্ট কোনো অঙ্গীকার করেনি কর্তৃপক্ষ।এ বিষয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে ছাত্রীদের আশ্বাস দেওয়া হয়। তবে ছাত্রীরা জানান, অভিযুক্ত শিক্ষককে বহিষ্কার না করা পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। গত বৃহস্পতিবার দুপুরে ইনস্টিটিউটের তিন শতাধিক ছাত্রী চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন কর্মসূচি পালন করেন।১৩ জুলাই ইনস্টিটিউটের প্রধান প্রশিক্ষক (চিফ ইন্সট্রাক্টর) এবং সাবেক হোস্টেল সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম এবং ছাত্রীনিবাসের তত্ত্বাবধায়ক দেলোয়ার হোসেনকে অপসারণের দাবি জানিয়ে ছাত্রীরা অধ্যক্ষের কাছে স্মারকলিপি দেন।ছাত্রীদের স্মারকলিপিতে বলা হয়, জহিরুল ইসলাম প্রশাসনিক অনিয়ম ও আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত। তিনি ছাত্রীদের সঙ্গে বিভিন্ন সময়ে অসদাচরণও করেছেন। এ ছাড়া শিক্ষকসংকট, শিক্ষার উপকরণের অপর্যাপ্ততা দূর করার দাবি জানান শিক্ষার্থীরা। ইনস্টিটিউটের গার্মেন্টস অ্যান্ড প্যাটার্ন মেকিংয়ের চতুর্থ বর্ষের শেষ সেমিস্টারের ছাত্রী প্রিয়াংকা চৌধুরী বলেন, ‘মো. জহিরুল ইসলাম ছাত্রীদের সঙ্গে অশালীন ভাষায় কথা বলেন। কোনো সতর্কবাণী ছাড়াই যখন-তখন ছাত্রী হোস্টেলে প্রবেশ করেন। শারীরিক শিক্ষা ক্লাসে ছাত্রীরা ব্যায়াম করার সময় ব্যক্তিগত মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রাখেন। এর প্রতিবাদ করতে গেলে তিনি ওই সব ছাত্রীকে ফেল করিয়ে দেওয়ার হুমকি দেন।’অভিযোগ প্রসঙ্গে জহিরুল ইসলামের সঙ্গে কথা বললে তিনি বলেন, ‘এ অভিযোগগুলো সত্যি নয়। প্রতিষ্ঠালগ্ন থেকে আমি এই প্রতিষ্ঠানে আছি। ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছি। আমার সম্মানহানির জন্য কিছু লোক আমার বিরুদ্ধে ছাত্রীদের উস্কানি দিচ্ছে। আমি ২০ তারিখেই হোস্টেল সুপারের দায়িত্ব থেকে পদত্যাগ করেছি।’ ইনস্টিটিউটের শিক্ষকসংকট দূর করার দাবিও জানিয়ে আসছেন ছাত্রীরা। জানা গেছে, ইনস্টিটিউটে শিক্ষকের পদ আছে ৩৭টি। অথচ স্থায়ী ১৩ জন শিক্ষক এবং খণ্ডকালীন আটজন শিক্ষক নিয়ে জোড়াতালি দিয়ে চলছে দুই পালার পাঠদান। বিকেলের পালায় নিয়মিত ক্লাস হয় না বলে ছাত্রীদের অভিযোগ। দুইটা বাজতে না বাজতেই ইনস্টিটিউটের কার্যালয় বন্ধ হয়ে যায়। ফলে বিকেলের পালার শিক্ষার্থীদের সকালে এসে প্রয়োজনীয় কাজ সারতে হয়। এসব ব্যাপারে হালিশহর মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুল মালেক প্রথম আলোকে বলেন, ‘মো. জহিরুল ইসলাম ২০ তারিখ সকালেই পদত্যাগপত্র জমা দিয়েছে। প্রতিষ্ঠানটি নানা সমস্যায় জর্জরিত। ১৩ জন শিক্ষকের পক্ষে দুুটি পালার টানা ক্লাশ নেওয়া সম্ভব নয়। শিক্ষকসংকট মেটাতে আটজন খণ্ডকালীন শিক্ষক দিয়ে প্রতিষ্ঠান চালাচ্ছি। এ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও এর কোনো প্রতিকার পাইনি।’ উল্লেখ্য, ২০০৫ সালে চট্টগ্রামের উত্তর হালিশহর বড়পুল এলাকায় ইলেক্ট্রনিক্স, কম্পিউটার টেকনোলজি, আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন, গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং—এই চারটি বিষয় নিয়ে এক পালার চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট যাত্রা করে। ২০১০ সাল থেকে সকাল-বিকেল দুই পালার কোর্স চালু হয়।