শিক্ষক দুজন, শিক্ষার্থী সাড়ে তিন শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা ৩৫৮। আর প্রধান শিক্ষকের পদটি দীর্ঘ সাড়ে ছয় বছর ধরে শূন্য। দুজন সহকারী শিক্ষক দিয়েই চলছে পাঠদান। শিক্ষক–সংকটের কারণে মাঝেমধ্যে উঁচু শ্রেণির শিক্ষার্থীরা নিচের শ্রেণিতেও পাঠদান করছে।
বিদ্যালয়টির নাম জিনজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি কক্সবাজারের টেকনাফ উপজেলার প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়।
খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয় সরকারীকরণ করা হয় ১৯৭৩ সালে। বর্তমানে শিশু থেকে পঞ্চম শ্রেণি ছয়টি শ্রেণিতে মাত্র দুজন শিক্ষক পাঠদান করছেন। চলতি বছর এ বিদ্যালয় থেকে ৫৬ জন শিক্ষার্থী প্রাথমিক সমাপনী (পিএসসি) পরীক্ষা দেওয়ার কথা রয়েছে।
বিদ্যালয়ের সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের শিক্ষকের পদের সংখ্যা সাতটি। এর মধ্যে প্রধান শিক্ষক হারুন অর রশিদ ২০০৯ সালে সেপ্টেম্বর মাসে অবসরে যান। এরপর গত বছর সহকারী শিক্ষক এনাম উল্লাহ বদলি হয়ে অন্যত্র চলে গেলে আর কোনো শিক্ষক নতুন করে নিয়োগ দেওয়া হয়নি। তখন থেকে মোহাম্মদ রফিক ও নুরুল আলম নামের দুজন শিক্ষক রয়েছেন। এর মধ্যে মোহাম্মদ রফিক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে বাড়তি দায়িত্ব পালন করছেন।
সম্প্রতি ওই বিদ্যালয়ে গিয়ে কথা হয় শিক্ষক মোহাম্মদ রফিক ও নুরুল আলমের সঙ্গে। তাঁরা জানান, বিদ্যালয়ের পাঠদান করতে গিয়ে শিক্ষার্থীদের সহযোগিতা নিতে হচ্ছে। দুজন শিক্ষকের পক্ষে বিদ্যালয়ের সব কটি ক্লাস নেওয়া সম্ভব নয়। দুই শিক্ষকের তত্ত্বাবধানে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী হামিদ হোসেন তৃতীয় শ্রেণিতে ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী হাসিনা আক্তার দ্বিতীয় শ্রেণিতে পাঠদান করে।
শিক্ষকেরা জানান, শিক্ষক–সংকটের কারণে বিদ্যালয়ে ছাত্রছাত্রী কমে যাচ্ছে। গত বছর ছিল ৫৫৩ জন শিক্ষার্থী। এ বছর শিক্ষার্থীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৫৮–তে। অভিভাবকেরা এলাকায় বেসরকারি সংস্থা (এনজিও) পরিচালিত একটি বিদ্যালয়ে তাঁদের ছেলেমেয়েদের ভর্তি করাচ্ছেন বলে জানান শিক্ষকেরা।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ রফিক বলেন, ‘আমার বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য প্রায় সাড়ে ছয় বছর ধরে। নির্ধারিত ক্লাস নেওয়ার পাশাপাশি প্রধান শিক্ষকের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে আমাকে। প্রতি মাসেই চার-পাঁচ দিন দাপ্তরিক কাজে উপজেলা সদরে যেতে হয়। ওই সময়ে আমার রুটিনে থাকা ক্লাসগুলো হয় না।’
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুজিবুর রহমান বলেন, ‘আমি প্রায় সময় সরকারি বিধি মোতাবেক পর্যাপ্ত শিক্ষক দেওয়ার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বলছি। কিন্তু এতে কোনো কাজ হচ্ছে না।’
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন বলেন, দ্বীপে একটি মাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও শিক্ষক না থাকায় দ্বীপাঞ্চলের শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার ধর বলেন, শিক্ষক-শিক্ষিকা নিয়োগের প্রক্রিয়া চলছে। নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের দিয়ে শূন্য পদ পূরণ করা হবে।
জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ বি এম ছিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি প্রথম শুনলাম। এর আগে আমাকে কেউ বিষয়টি জানাননি। উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে দ্রুত শিক্ষক নিয়োগ দেওয়ার চেষ্টা করব।’