শিক্ষক না আসায় শ্রেণীকক্ষে তালা দিলেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজে ঠিক সময়ে উপস্থিত হয়েছেন শিক্ষার্থীরা। কিন্তু শিক্ষকদের দেখা নেই। এমনকি অধ্যক্ষও আসেননি। ফলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা তালা দিলেন শ্রেণীকক্ষে। খবর পেয়ে অধ্যক্ষ ছুটে আসেন কলেজে। তাঁকেও অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। ২২ সেপ্টেম্বর টেকনাফ ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সকাল ১০টায় শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে উপস্থিত হলেও বেলা ১১টা পর্যন্ত শিক্ষকদের উপস্থিতি না দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন শিক্ষার্থীরা। একপর্যায়ে শিক্ষার্থীরা অধ্যক্ষের কক্ষসহ বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে দুপুর ১২টায় অধ্যক্ষ বাবুল কান্তি ভৌমিক ক্যাম্পাসে ছুটে আসেন। তখনো কোনো শিক্ষক আসেননি। শিক্ষার্থীরা আরও ক্ষিপ্ত হয়ে অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখেন। এ বিষয়টি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি সাংসদ আবদুর রহমান বদিকে অবহিত করলে তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরুদ্ধ অধ্যক্ষকে মুক্ত করে দেন। শিক্ষার্থীরা জানান, রোজার দীর্ঘ ছুটির পর ১৭ সেপ্টেম্বর কলেজ খোলে। কয়েক দিন পাঠদান চলার পর এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে শিক্ষকদের অনুপস্থিতির কারণে পড়াশোনায় ব্যাঘাত ঘটায় কলেজের বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়। বিষয়টি কলেজ পরিচালনা পরিষদের সভাপতিকে জানানো হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘শিক্ষকেরা ঠিকমতো পাঠদান না করলেও তাঁদের বেতন-ভাতা সঠিক সময়ে পেয়ে যান, তাই তাঁদের মনোযোগ নেই। অথচ কিছুদিনের মধ্যে আমাদের ডিগ্রি পরীক্ষা। আসন্ন পরীক্ষায় শিক্ষার্থীদের ফলাফল ভালো না হলে এর দায়দায়িত্ব শিক্ষকদের নিতে হবে।’ এ প্রসঙ্গে জানতে চাইলে টেকনাফ ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল কান্তি ভৌমিক প্রথম আলোকে বলেন, ‘একাধিক শিক্ষক অধিকাংশ সময় কার্যদিবসে অনুপস্থিত থাকেন। কিন্তু হরতালের সুযোগে শিক্ষকেরা ওই দিন কলেজে আসেননি। তাই আমিও যাইনি। অবশ্য পরে প্রশাসনিক ভবনসহ বিভিন্ন কক্ষে তালা লাগানোর খবরে ক্যাম্পাসে উপস্থিত হলে শিক্ষার্থীরা প্রায় দুই ঘণ্টা আমাকে অবরুদ্ধ করে রাখে।’ তিনি জানান, এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য সভাপতির নির্দেশে দুই-এক দিনের মধ্যে পরিচালনা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে। এ প্রসঙ্গে সাংসদ ও কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আব্দুর রহমান বদি প্রথম আলোকে বলেন, ‘কলেজে শিক্ষকদের অনুপস্থিতির বিষয়ে জানার জন্য স্ব স্ব শিক্ষকদের পরিচালনা পরিষদের বৈঠকে উপস্থিতি নিশ্চিত করে দুই-এক দিনের মধ্যে সভা আয়োজনের জন্য অধ্যক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।’