শিক্ষক পদে আবেদনের যোগ্যতা শিথিল নিয়ে প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে আবেদনের জন্য নতুন জিপিএ নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। নতুন নিয়মে শিক্ষা জীবনের সব স্তরে জিপিএ-৩ পাওয়া শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে আবেদন করতে পারবেন।এই নিয়মের ফলে অপেক্ষাকৃত কম মেধাবীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার সুযোগ পাবেন বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিষয়টি ক্ষুব্ধ করেছে শিক্ষকদেরও। তাঁদের প্রশ্ন—যোগ্যতা শিথিল কার স্বার্থে? এ নিয়ম বাতিল করে নতুন জিপিএ পুনর্বিন্যাসের দাবি জানিয়েছেন তাঁরা। আগের নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক পদে আবেদন করতে হলে সংশ্লিষ্ট প্রার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীতে ন্যূনতম জিপিএ-৩ দশমিক ৫০ পেতে হতো। তবে অনুষদ ভেদে যোগ্যতার মাপকাঠি আরও বেশি।প্রশাসন সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৪৭৭তম সভার সিদ্ধান্তে শিক্ষক নিয়োগে নতুন যোগ্যতা নির্ধারণ করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের দুটি প্রজ্ঞাপন এবং বিশ্ববিদ্যালয় ডিনস কমিটির সুপারিশ অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য অধ্যাপক মো. আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘সরকার নির্ধারিত প্রজ্ঞাপন অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে শিক্ষক নিয়োগে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন না মানায় বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে মামলা হয়েছে।’বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ দেশের বাইরে থাকায় এ বিষয়ে তাঁর মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। প্রশাসন সূত্রে জানা গেছে, কর্তৃপক্ষ গত ২২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ৫৫টি পদে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয়। সমাজবিজ্ঞান অনুষদে—১২, কলা অনুষদে—১২ এবং বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদে মোট ৩১টি পদে এ নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। প্রথমে এ নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয় আগের নিয়মে। পরে নতুন নিয়মে এ বিজ্ঞপ্তির সংশোধনী দেয় কর্তৃপক্ষ। নতুন নিয়ম প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক ও অর্থনীতি বিভাগের অধ্যাপক মইনুল ইসলাম বলেন, ‘এটা একটা মস্ত বড় ভুল। এ নিয়ম বিলোপের ব্যাপারে আমরা সবাই একমত। উপাচার্য দেশে এলে এ নিয়ম বাতিলের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে।’এদিকে, নতুন প্রবর্তিত এ নিয়ম বাতিলের দাবি উঠেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলে। গত ১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের সংগঠন ‘হলুদ প্যানেল’-এর স্টিয়ারিং বৈঠকে শিক্ষকেরা এ নিয়ম বাতিলের দাবি জানান। এ ছাড়া বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন ‘সাদা প্যানেল’ এ নিয়ম বাতিলের দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে। আর সিন্ডিকেটের এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য উপাচার্যকে চিঠি দিয়েছেন খোদ দুই সিন্ডিকেট সদস্য।প্রশাসন সূত্রে জানা যায়, আগের নিয়ম অনুযায়ী বিজ্ঞান অনুষদে প্রভাষক পদে আবেদন করতে হলে প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের উভয়টিতে ন্যূনতম জিপিএ-৪ দশমিক ৫০ এবং স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীর যেকোনো একটিতে জিপিএ-৩ দশমিক ৬০ ও জিপিএ-৩ দশমিক ৭০ পেতে হতো।কলা অনুষদের ক্ষেত্রে প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪ এবং স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীর যেকোনো একটিতে জিপিএ-৩ দশমিক ৫০ ও জিপিএ-৩ দশমিক ৬৫ পেতে হতো। তবে ইংরেজি ও নাট্যকলা বিভাগের ক্ষেত্রে এ যোগ্যতা শিথিল করা হয়েছিল।সমাজবিজ্ঞান অনুষদে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪ এবং স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীর যেকোনো একটিতে জিপিএ-৩ দশমিক ৬৫ এবং আরেকটিতে জিপিএ-৩ দশমিক ৫৫ পাওয়া শিক্ষার্থীরা আবেদন করতে পারতেন।