শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ

সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজ, হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ ও মৌলভীবাজার সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক শিক্ষক ননীগোপাল রায়ের ওপর হামলার প্রতিবাদে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে বিক্ষোভ সমাবেশ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী সাবেক ছাত্রছাত্রীরা। বিক্ষোভের মাধ্যমে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তাঁরা। সমাবেশে তাঁর প্রাক্তন ছাত্রছাত্রীরা ছাড়াও বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পেশাজীবীও অংশ নেন।
উল্লেখ্য, অধ্যক্ষ হিসেবে কর্মজীবন শেষ করার পর ননীগোপাল রায় যুক্তরাজ্যপ্রবাসী ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি এম এ রহিমের প্রতিষ্ঠিত আলহাজ মোখলিছুর রহমান কলেজে অধ্যক্ষ হিসেবে যোগ দেন। বেসরকারি এই কলেজের অবস্থান মৌলভীবাজার জেলার সদর উপজেলায়। ননীগোপাল গত চার বছর অধ্যক্ষ হিসেবে কোনো বেতন নেননি। গত ২৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠাতা এম এ রহিমের কাছে প্রথমবারের মতো বেতন চান। এতে এম এ রহিম ও তাঁর ভাই মুজিব উত্তেজিত হয়ে কলেজের মধ্যেই তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। তাঁদের মারধরে তিনি রক্তাক্ত হন। এরপর জোর করে তাঁর কাছ থেকে পদত্যাগপত্র ও সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়। এম এ রহিম ও তাঁর সহযোগীরা তাঁকে এখনো ভয়ভীতি দেখাচ্ছেন। এতে তিনি ও তাঁর পরিবার ভীতসন্ত্রস্ত অবস্থায় দিন যাপন করছেন।
সমাবেশে যুক্তরাজ্যপ্রবাসী এমসি কলেজের সাবেক শিক্ষার্থী জামাল আহমেদ তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘প্রকৃত একজন শিক্ষক অনেকটা শিল্পীর মতো । শিল্পের নেশায় বুঁদ হয়ে একটা সময় সেটাকে আর চাকরি মনে করেন না। তেমনি একজন শিক্ষক আমাদের ননী গোপাল স্যার। তাঁকে লাঞ্ছনা করার ঘটনাটি আমাদের হতবাক করে দিয়েছে। নিরেট শান্তিপ্রিয় আমাদের স্যারের ওপর হামলার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’
এমসি কলেজের অপর সাবেক শিক্ষার্থী অসীম চক্রবর্তী বলেন, ‘একজন শিক্ষক তাঁর পারিশ্রমিক চাইতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন শিক্ষানুরাগী নামধারী এক নরাধমের হাতে। এ ঘটনার দায়ভার দেশের শিক্ষিত মানুষেরা এড়াতে পারেন না। আমাদের প্রিয় স্যার বিগত চার বছর বিনা বেতনে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর তাঁকেই কি না লাঞ্ছিত করল ওই কলেজের প্রতিষ্ঠাতা।’
সমাবেশে আরও বক্তব্য দেন রবীন রায়, সাংবাদিক রহমত আলী, সুশান্ত দাশগুপ্ত, সাংবাদিক উজ্জ্বল দাশ, রুবেল আহমেদ, আরাফাত, সঞ্জয় দাস ও এনামুল হক প্রমুখ।
উজ্জ্বল দাশ
লন্ডন, যুক্তরাজ্য