দুই মাসের ব্যবধানে খুন হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন মেধাবী ছাত্র। বর্তমান পরিস্থিতি নিয়ে শিক্ষার্থীরা আতঙ্কিত, উদ্বিগ্ন শিক্ষক-অভিভাবক সবাই। ছাত্ররাজনীতি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়েও উঠেছে নানা প্রশ্ন। এসব নিয়ে অনুসন্ধানী কিছু প্রতিবেদন ছাপা হলোমাত্র দুই মাসের ব্যবধানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র খুন হয়েছেন। প্রথম দুটি খুনের সঙ্গে জড়িত সম্ভাব্য খুনিদের পুলিশ শনাক্ত করতে পেরেছে বলে জানা গেছে। তবে তৃতীয় খুন কারা করেছে তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। পর পর তিন খুনের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ১৯ হাজার শিক্ষার্থীসহ শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গত ১১ ফেব্রুয়ারি রাতে নগরের ষোলশহর রেলস্টেশনে রাজনীতিবিজ্ঞান বিভাগের ছাত্র এ এ এম মহিউদ্দিন দুর্বৃত্তদের হাতে খুন হন। দেড় মাস বিরতি দিয়ে গত ২৯ মার্চ রাতে দুর্বৃত্তরা খুন করে বিবিএ মার্কেটিং বিভাগের ছাত্র হারুন-অর-রশিদ ওরফে কায়সারকে। চৌধুরীহাট ও সেনানিবাসের মাঝামাঝি বড়দীঘিরপাড় এলাকায় রেললাইনের কাছে কায়সারের ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। এই দুই ছাত্রকে একই সন্ত্রাসীরা খুন করেছে বলে তদন্তে মোটামুটি নিশ্চিত হয়েছে পুলিশ। তবে হত্যাকাণ্ডের কারণ ও কার নির্দেশে হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো বের করা যায়নি। হত্যাকারীরা গ্রেপ্তার হলেই এই দুই খুনের রহস্য উদ্ঘাটন সম্ভব হবে বলে তদন্তকারী পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। সর্বশেষ ১৫ এপ্রিল রাতে বিশ্ববিদ্যালয় রেলস্টেশনের অদূরে রেললাইনের ওপর খুন হন বিবিএ হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র মো. আসাদুজ্জামান। তাঁকে লুঙ্গি পরা তিন যুবক খুন করে। পুলিশ আসাদুজ্জামানের খুনিদের শনাক্ত করতে পারেনি। তবে হত্যাকাণ্ডের পরিকল্পনায় স্থানীয় গ্রামের এক যুবক থাকতে পারেন বলে পুলিশের সন্দেহ। ওই যুবক গ্রেপ্তার হলেই খুনিদের নামধাম পাওয়া যাবে বলে পুলিশ কর্মকর্তারা মনে করছেন। খালেদা জিয়া হলের ছাত্রী তানিয়া সুলতানা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে এ ধরনের শ্বাসরুদ্ধকর অবস্থা আগে কখনো দেখিনি। আমরা হলের বাইরেও যেতে পারছি না। আবার না খেয়ে হলে থাকতে পারছিনা।’জানা গেছে, তিনটি হত্যাকাণ্ড ঘটেছে রেলওয়ের সীমানার মধ্যে। ফলে মামলাগুলো হয়েছে চট্টগ্রাম জিআরপি থানায়। মহিউদ্দিন খুনের মামলাটি তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর পরের দুটি খুনের মামলার তদন্ত করছে রেলওয়ে পুলিশ। রাজনীতিবিজ্ঞানের ছাত্র মহিউদ্দিন খুনের মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার নাজির হোসেন দেওয়ান প্রথম আলোকে বলেন, ‘আমরা সম্ভাব্য হত্যাকারীর পরিচয় পেয়েছি। কিন্তু মহিউদ্দিন হত্যাকাণ্ডের কারণ বের করা যায়নি। হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য আমাদের চেষ্টা চলছে।’ পুলিশসহ বিভিন্ন সূত্র জানায়, একই সন্ত্রাসীরা মহিউদ্দিন ও কায়সারকে হত্যা করেছে। রেলওয়ে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মুখ্য বিচারিক হাকিম ইতিমধ্যে পাঁচ ছাত্রকে কায়সার হত্যা মামলায় গ্রেপ্তারের নির্দেশ দেন। তাঁরা হলেন জাহিদুল ইসলাম ওরফে ব্ল্যাক জুয়েল, রাসেল বড়ুয়া, শান্তনু মহাজন, রায়হানউদ্দিন ও আসতারুল হক ওরফে আকতার। গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষের সময় গত বৃহস্পতিবার রাতে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। ওই ঘটনায় তাঁদের বিরুদ্ধে পৃথক পাঁচটি মামলা হয়েছে। জাহিদুল ইসলাম ওরফে ব্ল্যাক জুয়েল বড়দীঘিরপাড়ে কায়সার হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোয় বিস্ময় প্রকাশ করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি তো ২৯ মার্চ ক্যাম্পাসে হামলার শিকার হয়ে চিকিৎসাধীন ছিলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে হত্যা মামলায় জড়াতে পুলিশকে প্ররোচিত করেছে। তবে মহিউদ্দিন ও কায়সারের সম্ভাব্য হত্যাকারীদের নামধাম আমি পুলিশকে বলেছি।’ হাটহাজারী থানার একজন উপপুলিশ পরিদর্শক (এসআই) নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, ‘মহিউদ্দিন ও কায়সার একই সন্ত্রাসীদের হাতে খুন হন বলে ব্ল্যাক জুয়েল আমাদের তথ্য দিয়েছে। তদন্তকারী সংস্থাগুলোর উচিত ব্ল্যাক জুয়েলের বক্তব্য খতিয়ে দেখা।’ চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ব্ল্যাক জুয়েলসহ পাঁচ ছাত্রকে কায়সার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এই হত্যা মামলার রহস্য বের করতে আমরা তাঁদের রিমান্ডে আনার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি হত্যাকারীদের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত পাওয়া যাবে।’