শিক্ষক-শিক্ষার্থীদের ক্রিকেট লড়াই
শিক্ষক আর শিক্ষার্থীদের মধ্যে ক্রিকেটের লড়াই। ২২ গজের এক প্রান্তে ব্যাট করছেন প্রকৌশল অনুষদের জ্যেষ্ঠ প্রভাষক রিকু চৌধুরী আর অপর প্রান্ত থেকে বল করছেন তড়িৎকৌশল বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী রাসেল আহমেদ।
সেই বলে দারুণ এক পুল শট খেললেন রিকু চৌধুরী। ম্যাচ জেতার জন্য শিক্ষক দলের তখন দরকার ২৪ বলে ২২ রান। মাঠের চারপাশে থাকা শত শত শিক্ষার্থীর কান ফাটানো চিৎকারে পাহাড়তলী ডিগ্রি কলেজের মাঠ যেন পরিণত হলো কোনো স্টেডিয়ামের গ্যালারিতে।
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (ইউএসটিসি) প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শেষ বর্ষের ষষ্ঠ ও সপ্তম ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে একই অনুষদের শিক্ষকদের প্রীতিম্যাচ ছিল এটি। ২ জানুয়ারি পাহাড়তলী ডিগ্রি কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই ম্যাচে শেষ পর্যন্ত অবশ্য জেতে শিক্ষার্থীরাই।
হারলেও লড়াই করেছেন শিক্ষকদের দল। তা ছাড়া নিজেদের প্রিয় শিক্ষার্থীদের কাছে হেরেছেন বলে উল্টো খুশি হয়েছেন বলে তাঁরা জানান।
বেলা ১১টায় শুরু হওয়া এ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করে স্টুডেন্টস টিম। ১৬ ওভারের নির্ধারিত এ খেলায় ১১১ রান তাড়া করতে নেমে ১০৫ রানেই সব উইকেট হারায় টিচার্স টিম। ক্রিকেটের এ আনন্দযজ্ঞে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন টিচার্স টিমের দলনেতা তড়িৎকৌশল অনুষদের শিক্ষক সরোয়ার চৌধুরী।
স্টুডেন্টস টিমের দলনেতা তড়িৎকৌশল অনুষদের শিক্ষার্থী আল আমিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বিদায়বেলায় শিক্ষকদের সঙ্গে এমন একটি খেলা বহুদিন মনে থাকবে।’ খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সহযোগী অধ্যাপক রেজাউল করিম বলেন, ক্লাসের বাইরে এমন আয়োজন শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের পারস্পরিক বোঝাপড়া বাড়াতে অনেক সহায়তা করবে।