শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার একমাত্র সরকারি উচ্চবিদ্যালয়ে শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান। এক বছর ধরে নেই ইংরেজির শিক্ষক। প্রধান শিক্ষকসহ আরও আট শিক্ষকের পদও শূন্য।বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ে অনুমোদিত বিষয়ভিত্তিক শিক্ষকের পদ ২২টি। কিন্তু বর্তমানে আছেন মাত্র ১৩ জন। এর মধ্যে প্রতিষ্ঠালগ্ন থেকে কৃষিশিক্ষা, গার্হস্থ্য ও অর্থনীতি, ধর্মীয় শিক্ষা (হিন্দু ও বৌদ্ধ), কম্পিউটার ও শরীরচর্চা এবং ভৌতবিজ্ঞানের শিক্ষক নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইংরেজি শিক্ষকের দুটি পদ এক বছর ধরে শূন্য। এ ছাড়াও ২০০৬ সাল থেকে শূন্য রয়েছে প্রধান শিক্ষককের পদটিও। নৈশপ্রহরী ও এমএলএসও নেই। ইংরেজির শিক্ষক না থাকায় দুশ্চিন্তায় আছে এসএসসি পরীক্ষার্থীরা। শিক্ষার্থী বৃষ্টি ত্রিপুরা, পাশ্চুর্য চাকমা, অপু চৌধুরী, সুমন দাশ ও ডালিয়া চাকমা বলে, ‘শিক্ষক না থাকায় ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্রের বিষয়গুলো সম্পর্কে ভালো ধারণা পাচ্ছি না। ভালো পাঠদান না পেলে পরীক্ষায় কী লিখব তা নিয়ে আতঙ্কে আছি।’ এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজীব ত্রিপুরা বলেন, ইংরেজি শিক্ষক না থাকায় অন্য বিষয়ের শিক্ষক দিয়ে পাঠদান করানো হচ্ছে। জরুরিভিত্তিতে ইংরেজি শিক্ষকসহ অন্য শূন্যপদ পূরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জানা যায়, ১৯৬৫ সালে স্থাপিত বিদ্যালয়টি ১৯৮৪ সালে সরকারিকরণ করা হয়। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৮০০। বিদ্যালয়ে শুরু থেকেই আসবাবপত্র সংকটও লেগে আছে। তা এখন আরও বেড়েছে। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের গাদাগাদি করে বসতে হয়। দীর্ঘদিন সংস্কার না করায় ভবনও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কিছু কক্ষে ফাটল দেখা দিয়েছে।