খাগড়াছড়ির রামগড় সরকারি কলেজে শিক্ষকের অভাবে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। গত বছরের ২২ মার্চ থেকে বাণিজ্য বিভাগে কোনো শিক্ষক নেই। শিক্ষার্থী ও অভিভাবকেরা ভুগছেন হতাশায়। তাঁরা নতুন শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন। খাগড়াছড়ির জেলা প্রশাসক মাসুদ করিম কলেজ কর্তৃপক্ষের লিখিত পত্র পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।জানা যায়, কলেজে মোট শিক্ষার্থীর ৭০ ভাগই বাণিজ্য বিভাগের। উচ্চমাধ্যমিক ও স্নাতক মিলিয়ে পাঁচটি শিক্ষাবর্ষে তাঁদের সংখ্যা প্রায় সাড়ে চার শ। অভিভাবক শুভাশীষ দাস ও দুদুল বড়ুয়া বলেন, শিক্ষক স্বল্পতার কারণে কলেজের শিক্ষার্থীরা দরকারি ক্লাস করতে পারছে না। তাই চূড়ান্ত পরীক্ষায় তাদের ফলাফল খারাপ হচ্ছে। পাসের হার থাকছে জেলার মধ্যে সর্বনিম্ন। এর নেতিবাচক প্রভাব পড়ছে এলাকার সার্বিক শিক্ষাব্যবস্থায়। এই অবস্থায় শিক্ষার গুণগত মান নিশ্চিত করা যাচ্ছে না।এদিকে গত বছরের ২৯ নভেম্বর রামগড়ে এক সুধী সমাবেশে খাগড়াছড়ির জেলা প্রশাসক (ডিসি) মাসুদ করিম বলেছেন, প্রয়োজন অনুযায়ী শিক্ষক পেতে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ করে ব্যবস্থা নেবেন। এ বিষয়ে গত ২৩ জানুয়ারি তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে বলেন, ‘ওই সময় বলেছিলাম কলেজের সমস্যাগুলো লিখিতভাবে জানাতে কিন্তু কলেজ কর্তৃপক্ষ কিংবা সুধী সমাজের পক্ষ থেকে আজ পর্যন্ত কোনো লিখিত পত্র দেওয়া হয়নি। তাই নতুন শিক্ষক নিয়োগের ব্যাপারে কোনো কাজ করতে পারছি না।’ কলেজ অধ্যক্ষ নূর নবী বলেন, উপাধ্যক্ষ ও তাঁর কাজ হচ্ছে প্রশাসনিক কিন্তু নিয়মিত ক্লাস নিতে হয় তাঁদের। ফলে প্রশাসনিক কাজে সমস্যা হয়। প্রাণিবিদ্যার শিক্ষক মংসাজাই মারমা বলেন, স্নাতক ও উচ্চমাধ্যমিকের পাঁচটি শিক্ষাবর্ষে প্রতিদিনের ক্লাস সীমিত সংখ্যক শিক্ষকের পক্ষে নেওয়া সম্ভব নয়। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের কষ্ট দেখে আমাদের খারাপ লাগে সবচেয়ে বেশি। তিনি বলেন, গত বছরের ২২ মার্চ থেকে বাণিজ্য বিভাগ পুরোপুরি শিক্ষকশূন্য। অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মহোদয় বাণিজ্য বিভাগের ক্লাস নেন। বিষয়ভিত্তিক শ্রেণী কার্যক্রমে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক প্রয়োজন। এক বিষয়ের ক্লাস নেবেন অন্য বিষয়ের শিক্ষক, এটা হয় না। আবার পাঁচজনের কাজ একজন দিয়ে করানোও সম্ভব নয়। কলেজ অধ্যক্ষ অধ্যাপক নূর নবী জানান, এখানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে ছয় শ। শূন্য পদে জরুরি ভিত্তিতে শিক্ষক নিয়োগের জন্য প্রতিমাসেই সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠাচ্ছেন।