শিক্ষক হতে আগে চাই নিবন্ধন সনদ
শিক্ষকেরাই পারেন গুণগত শিক্ষা নিশ্চিত করতে।আর এই গুণগত শিক্ষা নিশ্চিত করতে হলে দরকার তাঁদের বিষয়ভিত্তিক স্পষ্ট জ্ঞান, অনুশীলন, বিষয়ের খুঁটিনাটি বিশ্লেষণ করার দক্ষতা এবং জাতির প্রতি তাঁদের দায়বদ্ধতা। দক্ষতা বাড়াতে তাঁদের নিয়মিত প্রস্তুতি এবং ধারাবাহিক পেশাগত উন্নয়ন দরকার। শিক্ষকদের এসব গুণ গুণ নিশ্চিত করতে তারও আগে দরকার যোগ্য শিক্ষক নিয়োগ। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্য শিক্ষক নির্বাচনের জন্য ২০০৫ সালে বেসরকারি শিক্ষক নিবন্ধন এবং প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন পাস হয়। একই বছর শুরু হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা। সম্প্রতি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বিভিন্ন পত্রপত্রিকায় ষষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শিক্ষাপ্রতিষ্ঠানের ধরন: নিবন্ধন পরীক্ষায় যাঁরা ন্যূনতম পাস নম্বর পেয়ে উত্তীর্ণ হবেন, তাঁরা বেসরকারি বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করার যোগ্যতা অর্জন করবেন। তাঁরা নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে আবেদন করতে পারবেন। এর বাইরে রয়েছে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। নিয়োগ পেলে এসব প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক হিসেবে কাজ করতে হবে। আর যাঁরা কলেজ পর্যায়ের জন্য নিবন্ধন পাবেন, তাঁরা উচ্চমাধ্যমিক, ডিগ্রি কলেজসহ বেসরকারি সব কলেজে প্রভাষক পদের জন্য আবেদন করতে পারবেন ও নিয়োগ পেতে পারেন।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, সারা দেশে বিভিন্ন শ্রেণীর বিদ্যালয় এবং কলেজ মিলিয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ৩০ হাজার। স্কুল ও কলেজ পর্যায়ের জন্য আলাদা আবেদন করতে হবে। বিষয় যতগুলো: স্কুল, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য আলাদাভাবে বিষয় নির্ধারিত আছে। সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক হতে বিষয়সংশ্লিষ্ট ডিগ্রি থাকতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি শিক্ষক নিবন্ধন এবং প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মমতাজ আহমেদ বলেন, কলেজ পর্যায়ে প্রভাষক পদের জন্য আবেদন করার বিষয় আছে ৩১টি, স্কুল পর্যায়ে ২৬টি এবং কারিগরি প্রতিষ্ঠানের জন্য রয়েছে ১৮টি বিষয়। সব মিলিয়ে এবার মোট বিষয় আছে ৭৫টি।আবেদনের যোগ্যতা: স্কুল, মাদ্রাসা, কলেজ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানভেদে আবেদনে যোগ্যতায় বেশ তারতম্য রয়েছে। তবে প্রার্থী যে পদের শিক্ষক হতে চান, অবশ্যই ওই পদের বিষয়সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এক বিষয়ে পরে অন্য বিষয়ের জন্য আবেদন করা যাবে না। স্কুল পর্যায়ের জন্য থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অথবা স্নাতকসহ বিএড। আর কলেজের জন্য স্নাতক (সম্মান)-সহ স্নাতকোত্তর ডিগ্রি। তবে কারোর ক্ষেত্রেই শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় শ্রেণী গ্রহণ করা হবে না। আবেদন প্রক্রিয়া: ২৬ সেপ্টেম্বর থেকে ২০ অক্টোবর পর্যন্ত ইন্টারনেটে নির্দিষ্ট ওয়েবসাইটে (www.ntrca.gov.bd ও http://ntrca.teletalk.com.bd) এই পরীক্ষার আাাবেদন করা যাবে। অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। পূরণ করা আবেদনের একটি কপি প্রিন্ট করে তার সঙ্গে দরকারি সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত অনুলিপি সংযুক্ত করে ডাকযোগে পাঠাতে হবে। আর পাঠাতে হবে সদস্য, পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন, এনটিআরসিএ, নায়েম একাডেমিক ভবন (ষষ্ঠ তলা), ধানমন্ডি, ঢাকা-১২০৫ এই ঠিকানায়। ওয়েবসাইটেও আবেদন করা যাবে। ওয়েবে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে একটি নম্বর দেওয়া হবে। পরে ওই নম্বর ব্যবহার করে টেলিটক মোবাইল ফোনের খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। আবেদনের বিস্তারিত যোগ্যতা, আবেদনের প্রক্রিয়া ইত্যাদি প্রয়োজনীয় তথ্য পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে। ওয়েবসাইটেও সব তথ্য পাওয়া যাবে।পরীক্ষার পদ্ধতি: মমতাজ আহমেদ জানান, ১০০ নম্বরের আবশ্যিক এবং ১০০ নম্বরের ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা দিতে হবে। প্রতি বিষয়ের পাস নম্বর ৪০। একই দিনে আবশ্যিক এবং ঐচ্ছিক দুটিরই পরীক্ষা হবে। আগে হবে আবশ্যিক বিষয়ের পরীক্ষা, তারপর ঐচ্ছিক। আবশ্যিক পরীক্ষা: আবশ্যিক বিষয়ের পরীক্ষা হবে বহুমুখী নির্বাচন প্রশ্ন (এমসিকিউ) ধরনের। ১০০ নম্বরের জন্য প্রশ্ন থাকবে ১০০টি। সময় এক ঘণ্টা। মনে রাখতে হবে, প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ৫০ (আধা) নম্বর কাটা হবে। এ পরীক্ষার বিষয়গুলো হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। প্রতিটি বিষয় থেকে ২৫ নম্বরের জন্য ২৫টি প্রশ্ন থাকবে। বাংলা: বাংলার পাঠ্যক্রম বেশ ছোটই বলা যায়। বাংলায় ভাষারীতি ও বিরাম চিহ্ন, সারসংক্ষেপ, ভাবসম্প্রসারণ, বাগধারা ও বাগবিধি, পত্র লিখন, ভুল সংশোধন এবং সমাস থেকে স্কুল ও কলেজ উভয় পর্যায়ে প্রশ্ন থাকে। কলেজের জন্য সমার্থক শব্দ থেকেও প্রশ্ন থাকে। তাই ওই বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করতে পারলে এ অংশে ভালো করা যাবে। এসব মিলিয়ে থাকবে ২৫টি এমসিকিউ। ইংরেজি: ইংরেজিতেও ২৫ নম্বর। কলেজের জন্য কম্প্রিহেনসিভ অংশ থেকে, বাক্য পূর্ণ করা, পদ পরিবর্তন করা এবং সেগুলো দিয়ে বাক্য তৈরি করা, বাচ্য পরিবর্তন, ক্রিয়ার পদের সঠিক ব্যবহার এবং উক্তি। এসব বিষয় থেকে প্রশ্ন হবে। আর স্কুলের জন্য পদের ব্যবহার, বাক্য পরিবর্তন থাকে। উভয় প্রার্থীদের বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা এবং অনুচ্ছেদ লিখন থেকে প্রশ্ন হবে। ২০০৯ সালের পঞ্চম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ টাঙ্গাইলের একটি কলেজের ইংরেজির প্রভাষক শাহনাজ খানম বলেন, ইংরেজিতে সাহিত্য থেকে কোনো প্রশ্ন থাকে না গণিত: ২৫ নম্বর। ২৫টি প্রশ্ন থাকবে।স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সবার ক্ষেত্রে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি এবং পরিমিতি থেকে প্রশ্ন হয়। পঞ্চম বেসরকারি নিবন্ধন পরীক্ষায় গণিত বিষয়ে উত্তীর্ণ আবু রায়হান মিয়া বলেন, গণিতের প্রশ্নগুলো সাধারণ মানের হলেও যাঁরা অন্য বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, তাঁরা সময় কম থাকায় ভালো করতে পারেন না। গণিতে ভালো করতে হলে আগে থেকে প্রস্তুতিতে বেশি জোর দিতে হবে। বাসায় নিয়মিত অনুশীলন করতে হবে। সাধারণ জ্ঞান: বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি এবং সাম্প্রতিক প্রসঙ্গ থেকে প্রশ্ন থাকবে এ পরীক্ষায়। বাদ যাবে না দৈনন্দিন বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ এবং চিকিৎসা-সম্পর্কিত বিষয়ের সাধারণ বিষয়ও। মোট ২৫ নম্বর এবং ২৫টি প্রশ্ন।ঐচ্ছিক পরীক্ষা: ঐচ্ছিক পরীক্ষায় যিনি যে পদের জন্য আবেদন করবেন, তাঁকে সংশ্লিষ্ট বিষয়ে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে। সময় তিন ঘণ্টা। সম্পূর্ণ বর্ণনামূলক এ পরীক্ষা। সিলেবাসটাও বিষয় বিস্তারিত। লিখিত পরীক্ষায় ভালো করতে চাইলে আপনাকে আপনার বিষয়ে স্পষ্ট জ্ঞান রাখতে হবে। প্রতিযোগিতা ব্যাপক: শিক্ষকতার মহান পেশায় আসতে হলে নিতে হবে ব্যাপক প্রস্তুতি। বিগত বছরের পরিসংখ্যান থেকে দেখা যায়, স্কুল পর্যায়ে ৬৩ হাজারের ওপরে অংশ নিয়ে পাস করে ২৩ হাজার ৪৪৪ জন আর কলেজ পর্যায়ে প্রায় ৪০ হাজারের বিপরীতে ১৫ হাজার ৭৮১ জন। উভয় মিলে ৪০ নম্বর পেয়ে গড় পাসের হার ৩৮ শতাংশ। সুতরাং এখন থেকে প্রস্তুতি শুরু করতে হবে। যাঁরা আবেদন করেছেন বা করবেন বলে ভাবছেন, আর বসে না থেকে পড়াশোনাও শুরু করে দিন।