
বইয়ের পোকা শারমিন আফরোজ। সারা দিন বইয়ের মধ্যে ডুবে থাকাতেই যেন তাঁর সুখ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৭তম ব্যাচের এই শিক্ষার্থী কলা অনুষদের ইংরেজি বিভাগ থেকে ২০০৭-০৮ শিক্ষাবর্ষে অনার্স এবং ২০১০-১১ শিক্ষাবর্ষে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। অনার্সে তাঁর সিজিপিএ ছিল ৩.৮২, আর মাস্টার্সে তাঁর অর্জন জিপিএ ৩.৯৭। ২০০৫ সালে ম্যাপললিফ ইন্টারন্যাশনাল স্কুল থেকে ও-লেভেল এবং ২০০৭ সালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে ইংরেজি ভার্সন থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। ফলাফল যথারীতি জিপিএ-৫।
সবে পড়ালেখার পাট চুকানো শারমিন আফরোজ চেষ্টা করছেন সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক হতে। আত্মবিশ্বাসী শারমিন জানান, ‘মা আমার বড় অনুপ্রেরণা। তিনি কলেজ শিক্ষক। তাঁর মতো শিক্ষক হওয়ার জন্য আমি লড়ে যাব। তবে আমার লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া।’ ফুলটাইম শিক্ষক হিসেবেই নিজের স্কুল ম্যাপললিফে ইতিমধ্যে শিক্ষকতা শুরু করেছেন শারমিন। শুধুই কি পড়াশোনায় ভালো নাকি সে; বইয়ের বাইরে শারমিনের জগতের বাকিটা সময় কাটে অবন্তি, আরাফাত, রেহনুমা, মিথি, মুক্তা, উপল, রক্তিমের মতো প্রিয় বন্ধুদের সঙ্গে। তাঁর বন্ধুরা জানান, শুধু পড়াশোনায় ঝলক দেখায় না শারমিন, বেশ ভালো ছবিও আঁকে সে।’ আর সুযোগ পেলেই শারমিন বন্ধুদের নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে আড্ডায় মেতে ওঠেন। আর বিরক্ত বা একঘেয়েমি মনে হলেই বন্ধুদের নিয়েই চলে যান দূরে কোথাও ঘুরতে। নিজের সম্পর্কে শারমিন জানান, ‘বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরও দূরে যেতে চাই। বাংলাদেশের জন্য নিজের জায়গা থেকে কিছু করতে চাই।’
শুধু বইয়ের মধ্যে পড়ে থাকেননি শারমিন, পড়ার পাশাপাশি শিক্ষাজীবনে অংশ নিয়েছেন বেশ কিছু আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে। আন্তরাষ্ট্রীয় সাংস্কৃতিক বিনিময়ের বিভিন্ন অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন শারমিন। ইতিমধ্যে ভারতের সেন্ট্রাল ইউনিভার্সিটি অব রাজস্থান, যুক্তরাষ্ট্রের সিয়াটলের গ্রিন রিভার বিশ্ববিদ্যালয়ে বেশ কটি গুরুত্বপূর্ণ লিডারশিপ প্রোগ্রামে অংশ নিয়েছেন শারমিন।