শিক্ষকই হয়েছেন তিনি

দরিদ্র শিক্ষার্থীদের সহায়তায় কেউ প্রতিষ্ঠা করেছেন দাতব্য সংগঠন, কেউ আবার দুর্গম চরে স্থাপন করেছেন স্কুল। আপন আলোর দীপ্তিতে তাঁরা হয়ে উঠেছেন শিক্ষার্থীদের প্রেরণা, এলাকার সর্বজন শ্রদ্ধেয়। দেশজুড়ে ছড়িয়ে থাকা এমন ১১ জন শিক্ষককে সম্মানিত করেছে আইপিডিসি ও প্রথম আলো। এখানে পড়ুন মহেশখালীর গোরকঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিতালী প্রভা দের কথা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিতালী প্রভা দে
ছবি: সংগৃহীত

একদিন কলেজের শিক্ষক হবেন, ছোটবেলায় এটাই ছিল মিতালী প্রভা দের স্বপ্ন। ১৯৮৬ সালে কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর হোয়ানক বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে মানবিক বিভাগে এসএসসি ও মহেশখালী কলেজ থেকে এইচএসসি পাস করেন তিনি। পরে চট্টগ্রামের রাউজান কলেজে স্নাতকে ভর্তি হয়েও অর্থাভাবে বন্ধ হয়ে যায় তাঁর পড়াশোনা। ছোট থেকে শিক্ষক হওয়ার যে স্বপ্ন মনে লালন করতেন, তার কী হবে তাহলে? কলেজশিক্ষক না হতে পারেন, প্রাথমিক শিক্ষক হওয়ার সুযোগ তো এখনো আছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিলেন মিতালী। প্রথমবারেই সহকারী শিক্ষক হিসেবে উত্তীর্ণও হলেন মিতালী। যোগ দিলেন কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর হোয়ানক বানিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই উপজেলার কেরুনতলী হিন্দুপাড়া গ্রামে তাঁর বাড়ি।

ছাত্রজীবনে যেমন ভালো করার তাগিদ ছিল, শিক্ষকজীবনেও সেটা ধরে রাখলেন। বিকেল চারটায় স্কুল ছুটির পর অনেক সহকর্মী যখন বাড়ি ফিরে যেতেন, তিনি তখন ছাত্রদের পড়াতেন। দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বাড়তি সময় দিতেন। একটাই উদ্দেশ্য—শিক্ষার্থীদের ভালো করে গড়ে তোলা। ছুটির দিনেও বিশেষ পাঠদান দিয়ে শিক্ষার্থীদের মেধাবী করার চেষ্টা করে সময় কাটান মিতালী প্রভা দে।

মিতালী প্রভা দে এখন মহেশখালীর গোরকঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তাঁর স্বামী মাখনলাল দে বিদ্যালয়টির প্রধান শিক্ষক। টানা ২৮ বছর ধরে এ বিদ্যালয়েই শিক্ষকতা করছেন মিতালী।

ছোটবেলায় শিক্ষক হওয়ার যে স্বপ্ন দেখতেন মিতালী, সে স্বপ্নের পেছনে ছিল মানুষের ভালোবাসা, শ্রদ্ধা আর সম্মান পাওয়ার প্রচ্ছন্ন আকাঙ্ক্ষা। শিক্ষার্থী–অন্তঃপ্রাণ এই শিক্ষক যে তা অর্জন করছেন, সে তাঁর শিক্ষার্থী আর এলাকার মানুষের সঙ্গে কথা বললেই বোঝা যায়।