চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ
শিক্ষকদের অন্তঃকোন্দলে প্রকাশ হচ্ছে না স্নাতকের পরীক্ষার ফল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের স্নাতক শ্রেণীর চারটি শিক্ষাবর্ষের ফলাফল নির্ধারিত সময়ের মধ্যে প্রকাশিত হয়নি। শিক্ষার্থীদের অভিযোগ, বিভাগের শিক্ষকদের অন্তঃকোন্দল ও অবহেলার কারণে এ অবস্থা সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সফিউল আলম বলেন, ‘আইন বিভাগের শিক্ষকদের অন্তঃকোন্দল খতিয়ে দেখা ও বিভাগের বিদ্যমান অবস্থা নিরসনের জন্য ইতিহাস বিভাগের অধ্যাপক ইমরান হোসেনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’নাম প্রকাশ না করার শর্তে বিভাগের একাধিক শিক্ষার্থী অভিযোগ করেন, ‘বিভাগের কিছু শিক্ষকের অন্তঃকোন্দল ও অবহেলার কারণে আমাদের পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে না। নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ না হওয়ায় আমরা বিভিন্ন একাডেমিক সমস্যায় ভুগছি। এ ছাড়া সরকারি-বেসরকারি কোনো চাকরিতে আবেদন করতে পারছি না। আর সময়ক্ষেপণ না করে অতি দ্রুত আমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হোক।’ বিভাগ সূত্রে জানা যায়, বিভাগের ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের সর্বশেষ পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ১৬ জানুয়ারি। ইতিমধ্যে পার হয়েছে আট মাস। দ্বিতীয় বর্ষের (২০০৮-২০০৯ শিক্ষাবর্ষ) সর্বশেষ পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ২৮ ফেব্রুয়ারি। পার হয়েছে সাত মাস। এ ছাড়া তৃতীয় বর্ষের (২০০৭-২০০৮ শিক্ষাবর্ষ) পরীক্ষা এপ্রিলের প্রথম সপ্তাহে এবং চতুর্থ বর্ষের পরীক্ষা শেষ হয় মে মাসে। কিন্তু এখনো পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়নি। দ্বিতীয় বর্ষের পরীক্ষা কমিটির সভাপতি মুহাম্মদ শাহীন চৌধুরী বলেন, ‘আশা করি, অতি দ্রুত ফলাফল প্রকাশ করা হবে।’ তৃতীয় বর্ষের পরীক্ষা কমিটির সভাপতি নির্মল কুমার সাহার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি সরাসরি যোগাযোগ করতে বলেন।প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে ফলাফল প্রকাশ করতে হয়।এদিকে স্নাতকোত্তর (এলএলএম) শ্রেণীর তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় আগস্ট মাসের প্রথম সপ্তাহে। আর মৌখিক পরীক্ষার নির্ধারিত সময় ছিল গত ১৭, ১৮ ও ১৯ আগস্ট। কিন্তু পরীক্ষা কমিটির সভাপতি জাকির হোসেন এ দায়িত্ব থেকে অব্যাহতি নেন। ফলে আটকে আছে এ শ্রেণীর মৌখিক পরীক্ষা। অবশ্য পরে উপাচার্যের অনুরোধে পুনরায় স্নাতকোত্তর শ্রেণীর পরীক্ষা কমিটির সভাপতির দায়িত্ব নিয়েছেন তিনি। ১৭ অক্টোবর থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে বলে বিভাগ সূত্রে জানা গেছে। আইন বিভাগের সভাপতি মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার প্রথম আলোকে বলেন, ‘পরীক্ষার ফলাফল প্রকাশে বিলম্ব হচ্ছে আর কি!’ তিনি আরও বলেন, ‘কোনো পরীক্ষা কমিটিতে আমি নেই। ফলে পরীক্ষার ফলাফল প্রকাশে আমার করণীয় খুব একটা নেই। তবে দ্রুত ফলাফল প্রকাশ করার জন্য কমিটির সদস্যদের আমি অনুরোধ করেছি।’ তিনি তদন্ত কমিটি গঠনের বিষয়টি স্বীকার করেছেন। সার্বিক বিষয়ে আইন অনুষদের ডিন জাকির হোসেন কোনো মন্তব্য করতে অপারগতা জানান।