শিক্ষকদের খণ্ডকালীন কাজে নতুন নীতিমালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাইরের কোনো প্রতিষ্ঠানে খণ্ডকালীন কাজের নতুন নীতিমালা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কর্মকর্তাদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে। নীতিমালা অনুযায়ী, একজন শিক্ষক-কর্মকর্তাকে খণ্ডকালীন চাকরি করতে হলে পাঁচটি ধারা মেনে চলতে হবে। এ নীতিমালার যেকোনো একটি ধারা ভঙ্গ করলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে শাস্তির বিধান রাখা হয়েছে। আগের নীতিমালায় এ ধরনের কোনো বিধান ছিল না বলে জানা গেছে। প্রশাসন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৪৮৪তম সভায় নতুন নীতিমালার অনুমোদন দেওয়া হয়। কর্তৃপক্ষ গত বছরের ৩ নভেম্বর নতুন নীতিমালা প্রণয়নের জন্য বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. আলাউদ্দিনকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করে । কমিটি গত ২৮ ফেব্রুয়ারি এ প্রতিবেদন জমা দেয়।এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও নীতিমালা প্রণয়ন কমিটির সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ সফিউল আলম প্রথম আলোকে বলেন, ‘আগের নীতিমালায় ধারা ভঙ্গকারীদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, এ বিষয়টি স্পষ্ট ছিল না। বর্তমান নীতিমালায় তা স্পষ্ট করা হয়েছে।’ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে এটি প্রণয়ন করা হয়েছে। আগের নীতিমালায়অনেক বিষয় স্পষ্ট ছিল না।এই নীতিমালায় সবকিছু স্পষ্ট করা হয়েছে।’ নীতিমালার পাঁচ ধারা: ১. একজন শিক্ষক ও কর্মকর্তা চট্টগ্রামের অভ্যন্তরে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা ও চাকরি করতে পারবেন। ২. একজন শিক্ষক-কর্মকর্তা সপ্তাহে সর্বোচ্চ আট ঘণ্টা কাজ করতে পারবেন। মূল কর্মস্থলের নির্ধারিত কর্তব্য পালনে যাতে ব্যাঘাত সৃষ্টি না হয়, এ শর্তে খণ্ডকালীন চাকরির অনুমতি দেওয়া হবে। তবে একজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে একটি কোর্সে খণ্ডকালীন শিক্ষকতায় নিয়োজিত থাকলে বাইরের প্রতিষ্ঠানে সর্বোচ্চ চার ঘণ্টা কাজের অনুমতি পাবেন। দুই নম্বর ধারা (ঘ) উপধারা মতে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা চট্টগ্রামের কোনো প্রতিষ্ঠানে খণ্ডকালীন সময়ে কর্মরত থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান উক্ত শিক্ষক-কর্মকর্তাদের নিজস্ব শিক্ষক-কর্মকর্তা হিসেবে প্রচার করতে পারবেন না। ৩. বিভাগীয় প্রধানের সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেট প্রতিবেদন সাপেক্ষে উপাচার্য শিক্ষক-কর্মকর্তাদের খণ্ডকালীন চাকরির অনুমতি দিতে পারবেন। তবে এ জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আমন্ত্রণপত্র বিভাগীয় প্রধানকে জমা দিতে হবে। ৪. তিন নম্বর ধারার অনুমতি এক বছর পর্যন্ত বলবৎ থাকবে। এর অধিক সময় কাজ করতে চাইলে পুনরায় কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। ৫. ওপরের উল্লিখিত নীতিমালার কোনো ধারা ভঙ্গ করার অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।