আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক, জেদ্দার কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাহলিল আজিম বলেছেন, শিক্ষার মান বাড়াতে হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শ্রেণিকক্ষের পাশাপাশি গবেষণা ও প্রকাশনার ওপর জোর দিতে হবে।
তিনি ৮ আগস্ট দুপুরে নগরের জামালখানে অবস্থিত চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের (সিআইইউ) সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাহফুজুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক নুরুল আবসার নাহিদ। আরও বক্তব্য দেন ব্যবসায় অনুষদের উপদেষ্টা এম আইয়ূব ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান সৈয়দ মনজুর কাদের, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান মাহমুদ হাসান, ব্যবস্থাপনা ও এমআইএস বিভাগের চেয়ারম্যান রশিদ এ চৌধুরী এবং ব্যবসায় অনুষদের ব্যবস্থাপক মো. রাসেল ইউসুফী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানবসম্পদ বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোসলেহউদ্দিন চৌধুরী।
প্রধান অতিথি তাহলিল আজিম বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য প্রকাশনা খুবই গুরুত্বপূর্ণ। গোটা বিশ্বে শিক্ষকদের মূল্যায়ন নির্ভর করে তাঁদের গবেষণা ও প্রকাশনার ওপর। তিনি আরও বলেন, শিক্ষকদের ওপরই নির্ভর করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভাবমূর্তি। বিজ্ঞপ্তি।