‘সমাজে যাঁরা মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করেন, তাঁদের মাসিক বাসস্থান ভাতা মাত্র ১০০ টাকা! এটা উপহাসের বিষয়। এভাবে আর কত দিন চলবে? কোনো সরকার কি শিক্ষকদের ভাগ্যের পরিবর্তন ঘটাবে না ?’বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (বাকবিশিস) মিরসরাই উপজেলা শাখার সম্মেলনে শিক্ষকেরা নিজেদের ক্ষোভের কথা এভাবেই তুলে ধরেন। গত বৃহস্পতিবার মিরসরাই কলেজে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত শিক্ষকেরা নতুন বেতন-স্কেল বাতিলেরও প্রতিবাদ জানান। শিক্ষকদের জীবনমান উন্নয়নে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তাঁরা।শিক্ষক নেতারা বলেন, প্রত্যেক সরকারই ক্ষমতায় আসার আগে শিক্ষকদের জন্য নানা প্রতিশ্রুতি দেন। মহাজোট সরকারের ক্ষমতার তিন বছর পূর্ণ হতে চললেও শিক্ষকদের দাবি পূরণ হয়নি। ওই দিন দুপুরে মিরসরাই কলেজ প্রাঙ্গণে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন মিরসরাই কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শরীফ। কামালউদ্দীন চৌধুরী কলেজের অধ্যক্ষ মো. নুরুল আফছারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরসরাই উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন। বক্তব্য দেন গণেশ রায়, অশোক সাহা, আশীষ কুমার দেব বর্মণ, রফিক উদ্দিন, আতিকুল ইসলাম ও শিমুল বড়ুয়াসহ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।অনুষ্ঠানে মিরসরাইয়ের বিভিন্ন কলেজের ছয়জন প্রাক্তন অধ্যাপককে সংবর্ধনা দেওয়া হয়। তাঁরা হলেন, আবু তোরাব কলেজের সাবেক অধ্যক্ষ কবির হোসেন চৌধুরী, বারইয়াহাট কলেজের সাবেক উপাধ্যক্ষ জহির উদ্দিন আহমদ, অধ্যাপক অরুণ বরণ ভৌমিক, নিজামপুর কলেজের সাবেক অধ্যাপক অমৃত সাধন দে, বাদল কান্তি দাস ও কৃতি ভূষণ ভৌমিক। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সবাই মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।নতুন কমিটি ঘোষণা সম্মেলনে নুরুল আফছারকে সভাপতি এবং এ জেড এম বোরহান উদ্দিনকে সাধারণ সম্পাদক করে বাকবিশিসের ৩১ সদস্যবিশিষ্ট মিরসরাই উপজেলা কমিটি ঘোষণা করা হয়।