শিক্ষকদের জীবনমান ও ক্লাসে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইখতিয়ার আলম (ছদ্মনাম)। তাঁর শিক্ষকতার বয়স ২৮ বছর। স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও বৃদ্ধ বাবাকে নিয়ে তাঁর সংসার। মূল বেতন ও অন্যান্য সুবিধাসহ মাস শেষে আয় ১৮ হাজার টাকা। এই মাসে ছোট ছেলের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়পড়ুয়া বড় ছেলের মাসিক বেতনেই ইখতিয়ার আলমের বেতনের একটি বড় অংশ খরচ হয়ে যায়। আর বাসাভাড়ার ১২ হাজার টাকা তো প্রতি মাসেই গুনতে হয়। ফলাফল, প্রতি মাসের মতো এ মাসেও তাঁকে ঋণ করে চলতে হচ্ছে।ইখতিয়ার আলম প্রথম আলোকে বলেন, ‘আমাদের যে ক্যাটাগরিতে বেতন দেওয়া হয়, তাতে বাড়িভাড়া ও ছেলেমেয়ের পড়াশোনার খরচ মিটিয়ে সংসার চালানো খুব কষ্টকর। আর কোনো কারণে যদি মাসিক খরচ বেড়ে যায় বা কেউ অসুস্থ হয়ে পড়ে, তখন ধার না করে উপায় থাকে না।’ তিনি আরও বলেন, ‘প্রধান শিক্ষকের জীবনমান এমন হলে সহকারী শিক্ষকদের অবস্থা সহজেই অনুমেয়। এর প্রভাব পড়ে শ্রেণীকক্ষে। ঠিকমতো তাঁরা পাঠদান করতে পারেন না। ফলে মানসম্মত শিক্ষা পাচ্ছে না ছাত্রছাত্রীরা।’সরকারি গেজেট অনুসারে, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের চাকরির শুরুতে মূল বেতন চার হাজার ৭০০ (প্রশিক্ষণবিহীন), চার হাজার ৯০০ (প্রশিক্ষণপ্রাপ্ত) ও প্রধান শিক্ষকের পাঁচ হাজার ২০০ টাকা। এ ছাড়া আবাসন ভাতা মূল বেতনের ৬০ শতাংশ, চিকিৎসা ভাতা ৭০০ টাকা, পরিবহন ১৫০ ও টিফিন ১৫০ টাকা। বার্ষিক ইনক্রিমেন্ট বাদে শুধু চাকরির ৮, ১২ ও ১৫ বছরে টাইম স্কেল আছে। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের পদ ছাড়া অন্য কোনো পদ না থাকায় পদোন্নতির তেমন সুযোগ নেই।রাজধানীর অন্য একটি বিদ্যালয়ের সহকারী শিক্ষক রহিম খান (ছদ্মনাম)। দুই বছর ধরে তিনি শিক্ষকতা করছেন। সব মিলিয়ে বেতন পান আট হাজার টাকার মতো। অথচ তাঁকে বাড়িভাড়াই দিতে হয় ১০ হাজার ৫০০ টাকা। মাস ছয়েক আগে তিনি বিয়ে করেছেন। বেতনের টাকায় সংসার চালাতে না পেরে তিনি এখন বাসায় কোচিং করান। কোচিং প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার কোচিং বন্ধে সোচ্চার, অথচ শিক্ষকদের বেতন বৃদ্ধিসহ অন্যান্য সুবিধা বাড়াচ্ছে না। শিক্ষকেরা নীতিগতভাবে কোচিংকে সমর্থন না করলেও বাড়তি আয় ছাড়া সংসার চালানো সম্ভব নয়।’প্রথম আলোর নিজস্ব অনুসন্ধানে দেখা গেছে, শুধু ইখতিয়ার আলম বা রহিম খানই এভাবে কষ্ট করে সংসার চালান না। তাঁরা পুরো দেশের প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সব শিক্ষকেরই প্রতিচ্ছবি। আধা সরকারি বা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অবস্থা আরও করুণ। ব্যয়বহুল রাজধানীতে সবকিছুর দাম লাফিয়ে লাফিয়ে বাড়লেও সে অনুপাতে শিক্ষকদের বেতন বাড়ে না। ফলে সংসার চালাতে শিক্ষকতার পাশাপাশি তাঁদের অন্য কাজ করতে হয়। এ জন্য তাঁরা আশ্রয় নেন কোচিং কিংবা টিউশনির। অনেকে আবার খণ্ডকালীন কাজও করেন।গ্রামে শিক্ষকদের নিজেদের আবাসস্থল থাকায় শহরে কর্মরত শিক্ষকদের তুলনায় তাঁদের কষ্ট কিছুটা কম। কম বেতন ও চাকরিতে পদোন্নতির সুযোগ না থাকায় শিক্ষাদানেও তাঁদের উৎসাহের ঘাটতি দেখা যায়। আর শিক্ষকদের এই সংগ্রামের প্রভাব পড়ে কোমলমতি শিশুদের ওপর। অতিরিক্ত পরিশ্রমের ফলে শ্রেণীকক্ষে তাঁরা ঠিকমতো পড়াতে পারেন না।বরিশালের গৌরনদী উপজেলার একটি বিদ্যালয়ের শিক্ষক রমেশ রায় (ছদ্মনাম)। তিনি ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের কিছু একটা লিখতে দিয়ে আধা ঘণ্টার ক্লাসে ২০ মিনিট ঘুমান। বাকি ১০ মিনিটে কয়েকজন শিক্ষার্থীর খাতা দেখেন এবং আগামী দিনের বাড়ির কাজ দেন। এভাবেই তাঁর শিক্ষাদান চলে। কোনো শিক্ষার্থী প্রশ্ন করলে তিনি খুবই বিরক্ত হন এবং তাদের সঙ্গে খারাপ আচরণ করেন। এসব অভিযোগের ব্যাপারে রমেশ রায়ের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘বয়স হয়েছে, এখন আর পড়ানোর শক্তি বা ধৈর্য কোনোটাই নেই। কিন্তু চাকরি না করলে খাব কী!’খোঁজ নিয়ে দেখা গেছে, শহর ও গ্রাম—উভয় জায়গাতেই শিক্ষকদের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। তাঁরা সময়মতো স্কুলে আসেন না, নিয়মিত ক্লাস নেন না এবং বিনা প্রস্তুতিতে ক্লাস নেন। এ ছাড়া তাঁদের কাছে যারা কোচিং করে, তাদের পরীক্ষায় বেশি নম্বর দেন, কোচিংয়ে না পড়লে তাদের সঙ্গে খারাপ আচরণসহ শ্রেণীকক্ষে বকাঝকা করেন।শিক্ষিকাদের বিরুদ্ধে তাড়াতাড়ি বাড়ি ফেরার অভিযোগ বেশি। তাঁরা রান্নাবান্না, সন্তান প্রতিপালনসহ নানা ছুতোয় বিদ্যালয় ছুটির আগেই বাড়িতে ফিরতে চান। এ অভিযোগের সত্যতা স্বীকার করে বাংলাবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজাহার উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আপাদের বাচ্চা-সংসার সামলাতে হয়, সে জন্য বাড়িতে যাওয়ার তাড়া বেশি। এ নিয়ে আমরা খুব বেশি আপত্তি করি না।’