সবাই পাস করবে তো? কেউ অকৃতকার্য হবে না তো? পাসের হার শতভাগ থাকবে তো? এ রকম নানা প্রশ্ন উঁকি দিচ্ছিল সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে অপেক্ষমাণ অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে। এক ধরনের অনিশ্চয়তা ছিল মোহাম্মদ ইসমতকে নিয়ে। পরীক্ষার সময় সে ছিল অসুস্থ। ফলাফল পাওয়ার পর স্বস্তি। দ্বিতীয় বিভাগে পাস করেছে। ১৪০ জন পরীক্ষার্থীর বাকিরা সবাই পাস করেছে প্রথম বিভাগে। সাজিদুল কবির বলল, ‘আমিও পরীক্ষার সময় পাঁচ দিন অসুস্থ ছিলাম। পেয়েছি ৫১৮ নম্বর। এ ফলাফলে আমি খুশি হতে পারিনি। তবে আমার স্বপ্ন প্রকৌশলী হওয়া। আমি ভবিষ্যতে ভালো করব।’তার মা শাহিনা কবির বললেন, ‘ছেলের যত্নের জন্য চাকরিও করা হচ্ছে না। তার স্বপ্নপূরণই আমার সংগ্রাম।’ বিদ্যালয়ের ভালো ফলাফল সম্পর্কে প্রধান শিক্ষক এস এম জিয়াউল হায়দার হেনরী বলেন, ‘শিক্ষকেরা শিক্ষার্থীদের ডায়েরিতে পাঠসংক্রান্ত বিভিন্ন নির্দেশনা দিয়ে থাকেন।’