শিক্ষকদের বেতনবৈষম্যের প্রতিবাদে স্মারকলিপি
জনপ্রশাসনে ঘোষিত বেতন স্কেলে বৈষম্যের প্রতিবাদে সহকারী শিক্ষকেরা ১২ ডিসেম্বর কক্সবাজারের মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছেন। এতে শিক্ষকেরা চারটি দাবি উত্থাপন করেন।
স্মারকলিপিতে বলা হয়, সম্প্রতি শিক্ষকদের দাবি পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন বিভাগ প্রধান ও সহকারী শিক্ষকদের নতুন বেতন স্কেল ঘোষণা করে। এতে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের বেতনেবৈষম্য সৃষ্টি করা হয়েছে। বেতন স্কেলটি সংশোধন করার পাশাপাশি উপকূলীয় শিক্ষকদের ঝুঁকি ভাতা দেওয়ার দাবিও জানানো হয়। অন্যথায় ক্লাস বর্জনসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান শিক্ষকেরা।
স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন জুবল বড়ুয়া, মনজু রানী দাশ, উম্মে রোমানা, সাজেদা বেগমসহ শতাধিক শিক্ষক। ইউএনও মোহাম্মদ আনোয়ারুল নাসের বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সহকারী শিক্ষকদের দেওয়া স্মারকলিপিটি পাঠিয়ে দেওয়া হয়েছে।