কক্সবাজারের রামু উপজেলায় সদ্য সমাপ্ত প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় হল সুপার ও সহকারী হল সুপারের দায়িত্ব পালনকারী শিক্ষকেরা তাঁদের সম্মানী ভাতা বর্জন করেছেন। গত ৩০ নভেম্বর উপজেলা শিক্ষা কার্যালয়ে ভাতা নিতে এসে অধস্তনদের চেয়ে সম্মানী কম দেওয়ায় তাঁরা এ সিদ্ধান্ত নেন। শিক্ষকেরা এ সম্মানী ভাতা অসম্মানজনক দাবি করে এ বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করা না হলে এ ভাতা নেবেন না বলে জানিয়ে দিয়েছেন। সংশ্লিষ্ট একাধিক প্রধান শিক্ষক জানান, গত ২৩ থেকে ৩০ নভেম্বর রামুর ১১টি কেন্দ্রে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব কেন্দ্রে প্রাথমিক বিদ্যালয়ের ২২ জন প্রধান শিক্ষক হল সুপার ও সহকারী হল সুপারের দায়িত্ব পালন করেন। কক্ষ পরিদর্শক ছিলেন সহকারী শিক্ষকেরা ।জানা যায়, কক্ষ পরিদর্শকদের দিনে ১৫০ টাকা সম্মানি দেওয়া হলেও হল সুপার ও সহকারী সুপারদের দেওয়া হয় যথাক্রমে ৯৯ ও ৮৫ টাকা। এ ছাড়া এ পরীক্ষায় দায়িত্ব পালনকারী এলএমএসএস ও গ্রাম পুলিশদের ৮৫ টাকা ভাতা দেওয়া হয়েছে। রামু উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী ও লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান দাবি করেন, অধস্তনদের তুলনায় তাঁদের ভাতা কম ও অসম্মানজনক হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাকের উল্লাহ জানান, সরকারি নীতিমালার আলোকে এ ভাতা দেওয়া হচ্ছে। এখানে তাঁর কোনো হাত নেই।