শিক্ষকসংকট, পর্যাপ্ত শ্রেণীকক্ষের অভাব আর নানা সমস্যার কারণে কক্সবাজার জেলার আটটি উপজেলার ৫৯৪টি সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া তিন লাখের বেশি শিশু শিক্ষার্থীর লেখাপড়া মারাত্মক ব্যাহত হচ্ছে। বঞ্চিত হচ্ছে খেলাধুলা, বিনোদনসহ নানা সুবিধা থেকে। এ কারণে অনেকে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। অনেকে পরিবারের সহায়ক কাজে জড়িয়ে পড়ছে। চলতি সালে ৫০ হাজারের বেশি ছেলেমেয়ে বিদ্যালয়ে ভর্তি হয়ে ঝরে পড়েছে বলে জানা গেছে। সরকারি হিসাবে জেলায় ঝরে পড়া শিক্ষার্থীর হার ১৫ দশমিক ৩৯ শতাংশ। এতে সরকারের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার সফল বাস্তবায়ন হচ্ছে না। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, জেলার সরকারি-বেসরকারি ৫৯৪টি প্রাথমিক বিদ্যালয়ে মোট দুই হাজার ৩৩৮ জন শিক্ষক (সরকারি এক হাজার ৫৫১ ও বেসরকারি ৭৮৭ জন) শিক্ষা দিচ্ছেন তিন লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে। এ হিসাবে একজন শিক্ষকের বিপরীতে ১৩৬ জন শিক্ষার্থী। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুজ্জামান বলেন, দীর্ঘ সময় ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নতুনভাবে শিক্ষকের পদ সৃষ্টি হচ্ছে না। একদিকে শিক্ষার্থীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে শিক্ষকসংকটের ফলে সুষ্ঠু পাঠদান ব্যাহত হচ্ছে। শ্রেণীকক্ষ নেই, মেঝেতে বসে পাঠদান: বাঁকখালী নদীর তীরবর্তী বড়বাজারের পাশে পেশকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। গত ২৯ সেপ্টেম্বর এই বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, প্রধান শিক্ষিকা হোসনে আরা ৩০ জনের বেশি শিশুকে হাঁটাচলার রাস্তায় মেঝেতে বসিয়ে পাঠ দিচ্ছেন। অন্য শ্রেণীকক্ষগুলোতেও শিক্ষার্থীরা যেন কোনো রকমে ঠাঁই নিয়েছে। প্রধান শিক্ষিকা বলেন, এই বিদ্যালয়ে ৫০৩ জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক মাত্র চারজন। শিক্ষক ও শ্রেণীকক্ষ-সংকটের কারণে এই বিদ্যালয়ে পাসের হার কমছে। বিদ্যালয়ে কোনো নলকূপ নেই। নেই সীমানাপ্রাচীর। উখিয়া উপজেলার কোটবাজার স্টেশন থেকে দেড় কিলোমিটার দূরে দক্ষিণ রত্না মোজাহেরঘোনা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে ২৮০ জন শিক্ষার্থীকে পাঠ দিচ্ছেন চারজন শিক্ষক। সহকারী শিক্ষিকা রোকসানা বেগম জানান, দুর্গম পাহাড়ি এলাকার ছেলে-মেয়েরা এই বিদ্যালয়ে আসছে পড়ালেখার জন্য। শিক্ষকসংকটের অবসান হলে এই বিদ্যালয়ে আরও বিপুল সংখ্যক শিক্ষার্থী লেখাপড়ার সুযোগ পেত।কক্সবাজার শহরের প্রধান সড়কের পাশে সাহিত্যিকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ব্যস্ততম সড়কে অগণিত যানবাহনের চলাচল, শ্রেণীকক্ষে ধুলাবালু, গাড়ির হর্নের বিকট আওয়াজ, রাস্তা পারাপারে শিশু শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আর সামান্য বৃষ্টি হলে শ্রেণীকক্ষগুলো ডুবে যায় কাদাপানিতে। তখন লেখাপড়া বন্ধ রাখতে হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল হক বলেন, ৫৭২ জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক রয়েছেন নয়জন।তা ছাড়া মাত্র চারটি ক্লাসরুম এতই ছোট যে, ২০ থেকে ২৫ জনের জায়গায় ৫০ থেকে ৬০ জনকে গাদাগাদি করে বসাতে হচ্ছে। টেকনাফ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী আকলিমা আকতার জানায়, ‘একটি ছোট শ্রেণীকক্ষে ৬০ জনের বেশি ছাত্রছাত্রীকে পাঠদান করা একজন শিক্ষকের পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছে না। গাদাগাদি করে বসা আর হইচইয়ের কারণে স্যারের কথাও (পাঠ) বোঝা যায় না।’অনুসন্ধানে জানা গেছে, টেকনাফ বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহপরীর দ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কক্সবাজার সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কস্তুরিঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই সংকট লেগে আছে।এসবের সত্যতা নিশ্চিত করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুজ্জামান বলেন, শ্রেণীকক্ষের অভাবে শত শত শিশুকে মেঝেতে বসে লেখাপড়া করাতে হচ্ছে। এতে সুষ্ঠু পাঠদান ব্যাহত হচ্ছে।সংশ্লিষ্ট সূত্রমতে, সরকারি হিসাবে জেলায় ঝরে পড়া শিক্ষার্থীর হার ১৫ দশমিক ৩৯ শতাংশ। এ হিসাবে তিন লাখ ১৬ হাজারে ঝরে পড়ার সংখ্যা দাঁড়ায় প্রায় ৪৭ হাজার। এতে সরকারের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার সফল বাস্তবায়ন হচ্ছে না।কয়েকজন অভিভাবক জানান, বিদ্যালয়ে দুপুরের নাশতা হিসেবে এখন শিক্ষার্থীদের বিস্কুট দেওয়া হলেও অনেকে শিক্ষক ও শ্রেণীকক্ষের সংকট এবং অসচেতনতার কারণে ছেলেমেয়েদের সহায়ক কাজে ব্যবহার করছেন। তা ছাড়া ৮০ শতাংশ বিদ্যালয়ে খাওয়ার পানির জন্য নলকূপ নেই। নেই খেলাধুলার মাঠ। শহীদ মিনারও নেই ৯৫ শতাংশ বিদ্যালয়ে। ফলে শিক্ষার্থীরা খেলাধুলাসহ নানা বিনোদন থেকেও বঞ্চিত হচ্ছে।