শিক্ষকসংকটে চালু করা যাচ্ছে না সাঙ্গু কলেজ
শিক্ষকসংকটে চালু করা যাচ্ছে না বান্দরবানের রুমার সাঙ্গু কলেজ। কলেজ কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি দিলেও কোনো সাড়া নেই। এ কারণে কলেজটি আদৌ চালু করা যাবে কি না, এ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আর্থিকসংকটে কলেজটি বন্ধ হয়ে যায় ২০০৫ সালে। এখন আবার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
রুমা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পরিচালনা কমিটির সভাপতি অংথোয়াইচিং মারমা জানান, আগামী শিক্ষাবর্ষ থেকে চালু করার জন্য সাঙ্গু কলেজ ভবন সংস্কারসহ সব অবকাঠামো প্রস্তুত করা হয়েছে। ২০১৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পর ছাত্রছাত্রী ভর্তি কার্যক্রম শুরুর আগে প্রশাসনিক কাজ চালিয়ে যাওয়ার জন্য নিয়োগে বিজ্ঞপ্তি দিলেও শিক্ষক পাওয়া যাচ্ছে না। আগামী কয়েক দিনের মধ্যে অধ্যক্ষসহ শিক্ষক পদের জন্য আবার নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে। তবে এবারও শিক্ষক পাওয়া না গেলে আগামী শিক্ষাবর্ষেও কলেজটি চালু করা সম্ভব
হবে না।
অবশ্য অংথোয়াইচিং বলেন, ‘অধ্যক্ষ পাওয়া না গেলে প্রভাষক দিয়ে হলেও কলেজ চালু করার চেষ্টা করব। আপাতত পাঁচ-ছয়জন শিক্ষক পাওয়া গেলে কলেজ চালু করা সম্ভব হবে।’ কলেজ পরিচালনা কমিটি সূত্র জানায়, রুমা সেনানিবাসের ১ নম্বর ঘাটের সেপ্রুপাড়া এলাকায় ২০০০ সালে কলেজটি প্রতিষ্ঠা করা হয়। এরপর ২০০৩ সালে ২৬ ও ২০০৪ সালে ৩৪ জন ছাত্রছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। কিন্তু পরিচালনা কমিটির দক্ষতার অভাবে তখন কলেজটি আর্থিকসংকটে পড়ে। শিক্ষকদের বেতন-ভাতা দিতে না পারায় ২০০৫ সালে কলেজটি বন্ধ হয়ে যায়। বর্তমানে কলেজ পরিচালনার জন্য পর্যাপ্ত তহবিল সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।
রুমা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শৈমং মারমা বলেন, কলেজটি পুনরায় চালু করার জন্য আট বছর ধরে রুমা উপজেলাবাসী দাবি জানিয়ে আসছে। কারণ, অনগ্রসর রুমা, রোয়াংছড়ি ও থানচি—এই তিনটি উপজেলায় আর কোনো উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় সেখানকার শত শত দরিদ্র শিক্ষার্থী লেখপড়া থেকে বঞ্চিত হচ্ছে।
জনসংহতি সমিতির রুমা শাখার সাধারণ সম্পাদক লুপ্রু মারমা বলেন, এনজিও সংস্থাগুলোয় ভালো বেতনে কর্মসংস্থান থাকায় শিক্ষিত ব্যক্তিরা এখন শিক্ষকতার মতো মহান পেশায়ও আগ্রহী হচ্ছেন না। এ জন্য বারবার নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েও শিক্ষক পাওয়া যাচ্ছে না।