শিক্ষকসংকটে দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয়
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার একমাত্র সরকারি উচ্চবিদ্যালয়টি ১৯৮৪ সালে সরকারিকরণের পর থেকে জরাজীর্ণ শ্রেণীকক্ষে চলছে পাঠদান। রয়েছে আসবাবপত্রের সংকট। তার ওপর বর্তমানে শিক্ষকসংকটের কারণে পড়ালেখা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। বিদ্যালয়ের সূত্র মতে ও ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিদ্যালয়ে অনুমোদিত বিষয়ভিত্তিক ২২ জন শিক্ষক থাকার নিয়ম থাকলেও বর্তমানে রয়েছেন মাত্র ১৩ জন। দীর্ঘদিন ইংরেজি শিক্ষকের দুইটি পদ শূন্য। বিদ্যালয়ে প্রতিষ্ঠালগ্ন থেকে কৃষি শিক্ষক, গার্হস্থ্য ও অর্থনীতি শিক্ষক, ধর্মীয় শিক্ষা (হিন্দু ও বৌদ্ধ), কম্পিউটার ও শরীরচর্চায় দুইটি করে পদ শূন্য রয়েছে। এ ছাড়াও ২০০৬ সাল থেকে শূন্য রয়েছে প্রধান শিক্ষককের পদটিও। নৈশ্য প্রহরী ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নেই। আসবাবপত্রের সংকটের কারণে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে গাদাগাদি করে বসতে হয়। এসএসসি পরীক্ষার্থী বৈশাখী ত্রিপুরা, রাজন চাকমা, সাবিনা নাসরিন, পঙ্কজ চাকমা ও আব্দুর রহিম জানায়, ‘আমাদের এখন বড় সমস্যা ইংরেজি শিক্ষক না থাকা। ইংরেজি প্রথম পত্র অন্য একজন শিক্ষক অনিয়মিতভাবে পড়ালেও দীর্ঘদিন ইংরেজি দ্বিতীয় পত্রের পাঠদান হচ্ছে না। ইংরেজি শিক্ষক না পেলে আমরা এসএসসি পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হব বেশি।’ বিদ্যালয়ের সূত্রমতে, সরকারি উচ্চবিদ্যালয়ে বর্তমানে ৭৬০ জন ছাত্রছাত্রী রয়েছে। প্রতিটি শ্রেণীতে দুইটি শাখা করে পাঠদান করতে হচ্ছে। এসএসসি পরীক্ষার্থী রয়েছে ২১৩ জন। তার মধ্যে নিয়মিত ১১৩ ও অনিয়িমিত ১১০ জন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজীব ত্রিপুরা শিক্ষার্থীদের সমস্যার কথা স্বীকার করে বলেন, ইংরেজি বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ইংরেজি শিক্ষকের পদ দুইটি শূন্য থাকায় অন্য শিক্ষক দিয়ে পাঠদান করানো হচ্ছে। এ ছাড়া বিদ্যালয়ে আসবাবপত্রের সংকটের কারণে এসএসসি পরীক্ষার সময় অন্য বিদ্যালয় থেকে আসবাবপত্র ধার করে এনে পরীক্ষা নিতে হয়। তা ছাড়া শ্রেণীকক্ষগুলো জরাজীর্ণ, প্রধান শিক্ষকের কক্ষ নেই। সহকারী শিক্ষকদের কক্ষটিও ঝুঁকিপূর্ণ, ভবনে ফাটল দেখা দিয়েছে। তিনি জানান, জরুরি ভিত্তিতে শিক্ষকের শূন্যপদে পদায়ন করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।