শিক্ষকসংকটে রামগড় সরকারি উচ্চবিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইংরেজি, সামাজিক বিজ্ঞান, জীববিজ্ঞান, কৃষিবিজ্ঞান, হিন্দু ও বৌদ্ধধর্ম এবং চারুকলা ও কম্পিউটার বিষয়ের একজন শিক্ষকও নেই। বাংলা বিভাগের চারটি পদের মধ্যে একজন, গণিতে চারজনের মধ্যে দুজনের পদ শূন্য। ভেবে দেখুন, বিদ্যালয়ের প্রায় সাড়ে ছয় শ শিক্ষার্থীর লেখাপড়া চলে কীভাবে!’
ক্ষোভের সঙ্গেই বলছিলেন খাগড়াছড়ি জেলার রামগড় সরকারি উচ্চবিদ্যালয়ের বাণিজ্য বিভাগের শিক্ষক আবদুল কাদের। তাঁর সঙ্গে কণ্ঠ মেলালেন ভূগোল বিভাগের শিক্ষক মনজুলা ত্রিপুরা।
বিদ্যালয়সূত্রে জানা গেছে, মাধ্যমিক বিদ্যালয়ের জনবল কাঠামো অনুযায়ী রামগড় সরকারি উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ বিভিন্ন বিভাগের শিক্ষকের ২৭টি পদ রয়েছে। কিন্তু প্রধান শিক্ষকসহ ১৩টি পদই শূন্য। বিশেষ করে ইংরেজি বিভাগের চারজনের মধ্যে একজন শিক্ষকও নেই। প্রধান শিক্ষকের পদ শূন্য দুই বছরের বেশি সময় ধরে। শিক্ষক আবদুল কাদের ও মনজুলা ত্রিপুরা বলেন, বিষয়ভিত্তিক শিক্ষক ছাড়া সীমিত সংখ্যক শিক্ষক দিয়ে প্রতিদিনের শ্রেণীর কাজ চালানো সম্ভব নয়। বিদ্যালয়ে কম্পিউটার বিষয়ের কোনো পদই সৃষ্টি করা হয়নি। ফলে শ্রেণী কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। পড়ালেখায় পিছিয়ে পড়ছে শিক্ষার্থীরা। এতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা হতাশায় ভুগছেন। যত দ্রুত সম্ভব নতুন শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন তাঁরা।
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আবদুর রহমান ও মোহাম্মদ আবদুল্লাহ জানায়, দীর্ঘদিন ধরে শিক্ষক না থাকায় তাঁদের প্রয়োজনীয় শ্রেণীর কাজ এবং পাঠক্রম শেষ করা সম্ভব হয় না। ফলে প্রতিবছর চূড়ান্ত পরীক্ষায় ফলাফল খারাপ হয়। এ অবস্থায় পাঠক্রম শেষ করার জন্য বাইরের শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে হয়।
একজন শিক্ষার্থীর অভিভাবক শুভাশীষ দাশ বলেন, ‘ইংরেজির শিক্ষক না থাকায় আমার ছেলেকে প্রাইভেট শিক্ষক দিয়ে পড়াতে হচ্ছে। কিন্তু আমাদের মতো সাধারণ আয়ের পরিবারের লোকজনের পক্ষে প্রাইভেট শিক্ষকের বেতন জোগাতে গিয়ে হিমশিম খেতে হয়।’
জানা গেছে, বিদ্যালয়ে শিক্ষক-সংকটের পাশাপাশি বিজ্ঞানাগার ও মিলনায়তনের সংকট রয়েছে। ক্যাম্পাস এলাকায় বিদ্যুৎ না থাকায় রাতের বেলা বিদ্যালয় প্রাঙ্গণে মাদকাসক্ত লোকজনের বিচরণ দেখা যায়।
জানতে চাইলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চন্দ্র শেখর মজুমদার বলেন, শূন্য পদে জরুরি ভিত্তিতে শিক্ষক নিয়োগের জন্য চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার আবেদন পাঠানো হয়েছে। কিন্তু কোনো সাড়া মিলছে না। তিনি অভিযোগ করেন, বছরে ৭৩ হাজার টাকা পৌরকর দেওয়ার পরও পৌর কর্তৃপক্ষ বিদ্যালয় ক্যাম্পাসে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করেনি।
এ বিষয়ে জানতে চাইলে পৌরসভার প্যানেল মেয়র মো. শাহাবুদ্দিন বলেন, শিগগিরই বিদ্যালয় এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।