চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মঈনুল ইসলামের নেতৃত্বে ছাত্রলীগ শিবিরকর্মীদের ওপর গত ৮ ফেব্রুয়ারি হামলা করেছে বলে প্রচার করছে শিবির। ‘সচেতন ছাত্রসমাজ’-এর ব্যানারে বিভিন্ন পোস্টার ও প্রচারপত্রে এই বিষোদ্গার করছে ছাত্রশিবির। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের বিরুদ্ধে এমন অপপ্রচার ক্ষোভের সৃষ্টি করেছে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে।ক্যাম্পাস সূত্র জানায়, গত ৮ ফেব্রুয়ারির সংঘর্ষের সঙ্গে এই শিক্ষককে জড়িয়ে কয়েক দিন ধরে প্রচারপত্র বিলি করছে সংগঠনটি। ক্যাম্পাসসংলগ্ন এলাকা ও নগরের বিভিন্ন স্থানের দেয়ালে সাঁটানো পোস্টারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মঈনুল ইসলামের ছবি ব্যবহার করেছে শিবির।গত ২৮ ফেব্রুয়ারি ছাত্রশিবিরের ই-মেইল ঠিকানা থেকে এ পোস্টার ও প্রচারপত্র বিভিন্ন সংবাদমাধ্যমে পাঠানো হয়।গত ৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের তুচ্ছ ঘটনার জের ধরে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শিবিরের দুই নেতা নিহত হন। ‘সচেতন ছাত্রসমাজ’ এই দুই খুনের ঘটনার জন্য ছাত্রলীগকে দায়ী করে প্রচারপ্রত্র বিলি করছে।এ ছাড়া পোস্টার ও প্রচারপত্রে উল্লেখ করা হয়, সহকারী প্রক্টর মঈনুল ইসলামের নেতৃত্বে ওই দিন ছাত্রলীগ হামলা করে।যোগাযোগ করা হলে সহকারী প্রক্টর মঈনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ওই দিন সংঘর্ষ থামাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। দুই পক্ষের কাছ থেকে লাঠিসোঁটা উদ্ধার করারও চেষ্টা করি। প্রথম আলোতে এর পরের দিন প্রকাশিত আলোকচিত্রই তার প্রমাণ। আমরা যে ছাত্রদের কাছ থেকে লাঠি কেড়ে নিচ্ছি প্রকাশিত ছবিতে সেটা স্পষ্ট দেখা গেছে। কিন্তু সচেতন ছাত্রসমাজ নামের একটি সংগঠন উল্টো আমাকে দায়ী করে পোস্টার ও প্রচারপত্র বিলি করছে, যা খুবই বেদনাদায়ক।’বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আজগর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘একজন শিক্ষক যদি সংঘর্ষ থামাতে গিয়ে এ রকম অপপ্রচারের শিকার হন, তাহলে ভবিষ্যতে শিক্ষকেরা দায়িত্ব পালনে আগ্রহ হারিয়ে ফেলবেন।’তিনি অভিযোগ করেন, ‘দলীয় দৃষ্টিভঙ্গির কিছু শিক্ষকের মদদে একটি ছাত্রসংগঠন এ ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছে।’ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বদিউল আলম বলেন, ‘সচেতন ছাত্রসমাজ আমাদের সহযোগিতা করছে।’ প্রচারপত্র ও পোস্টারে শিক্ষককে দায়ী করার প্রসঙ্গে তিনি বলেন, ‘ওই দিনের সংঘর্ষের ঘটনায় কয়েকজন সহকারী প্রক্টর বিতর্কিত ভূমিকা রেখেছেন। এসব তথ্য আমাদের কাছে রয়েছে।’সচেতন ছাত্রসমাজের নামে বিলি করা পোস্টার ও প্রচারপত্রে ছাত্রলীগের ২০ জন নেতা-কর্মীকে খুনি বলে আখ্যায়িত করে ধরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়। পোস্টারে তাঁদের নাম ও ছবি ছাপানো হয়েছে।এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত লিয়াজোঁ কমিটি ক্যাম্পসে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ১৩ দফা সুপারিশ করেছে। এর একটিতে উসকানিমূলক পোস্টার ও প্রচারপত্র বিতরণকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।