শিক্ষকের মার খেয়ে ছাত্র হাসপাতালে
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার উল্টাছড়ি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে মধ্যযুগীয় কায়দায় এক ছাত্রকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। জখম মারাত্মক হওয়ায় মো. আরেফুল ইসলাম নামের ছাত্রটিকে পানছড়ি উপজেলা হাসপাতালে ভর্তি করতে হয়। ১০ জুন এ ঘটনা ঘটে।সপ্তম শ্রেণীর ছাত্র মো. আরেফুল ইসলাম ১১ জুন হাসপাতালের শয্যায় শুয়ে বলে, ‘ওই দিন (১০ জুন) ষষ্ঠ ঘণ্টার সময় শ্রেণীকক্ষে পাঠদান করতে আসেন প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। পড়া পারিনি বলে আমাকে চড়-থাপড়, কিল-ঘুষি ছাড়াও বেত দিয়ে বেদম প্রহার করেন তিনি। স্যারকে বলেছি, গত সপ্তাহে জলবসন্ত ওঠায় আমি পড়া শিখতে পারিনি। কিন্তু কোনো কথা না শুনে তিনি এলোপাতাড়ি আমাকে মারতে থাকেন। ছুটির পর বাড়ি গেলে শারীরিক অবস্থা খারাপ দেখে মা আমাকে হাসপাতালে ভর্তি করেন।’হাসপাতালের চিকিৎসক রাজর্ষী চাকমা জানান, ছেলেটির পুরো শরীরে বেতের আঘাতের চিহ্ন। রাতে স্যালাইন দেওয়া হয়েছে। তবে সুস্থ হয়ে উঠবে। মুঠোফোনে জানতে চাইলে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ‘পড়া পারে না। সে জন্য তাকে পিটিয়েছি।’ পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল কাদের সেখ বলেন, ‘খবর পেয়ে ঘটনার সত্যতা যাচাই করার জন্য হাসপাতালে লোক পাঠাই। তাঁরা সত্যতা নিশ্চিত করার পর শিক্ষক-অভিভাবক উভয় পক্ষকে ডেকে মীমাংসা করে দিয়েছি। প্রধান শিক্ষক তাঁর অন্যায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন এবং ভবিষ্যতে এ রকম কাণ্ড করবেন না বলে কথা দিয়েছেন।’ প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ‘ইউএনও সাহেব ডেকেছিলেন। তিনি মীমাংসা করে দিয়েছেন, আমি ছেলের বাবার কাছে ক্ষমা চেয়েছি।’আরেফুলের বাবা মনু ইসলাম বলেন, ‘ছেলের অবস্থা দেখে খুবই কষ্ট পেয়েছিলাম। তবে ইউএনও সাহেব বলার পর প্রধান শিক্ষক ক্ষমা চাওয়ায় আমিও ক্ষমা করে দিয়েছি।’