শিক্ষক-সংকট, গণিতেই ঠেকে যাচ্ছে শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট ও মাধ্যমিক পরীক্ষায় মহেশখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় শতভাগ শিক্ষার্থী পাস করতে পারেনি। দুটি পরীক্ষাতেই গণিত বিষয়ে দুজন করে শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় শতভাগ পাসের রেকর্ড গড়তে পারেনি বিদ্যালয়টি। গণিতসহ নানা বিষয়ের পাঁচ শিক্ষকের পদ খালি থাকায় উপজেলার একমাত্র সরকারি বালিকা বিদ্যালয়টির শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে।
মহেশখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষকেরা জানান, বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পঁাচটি শ্রেণিতে ৪৮২ জন শিক্ষার্থী আছে। বিদ্যালয়ে ১১ জন শিক্ষকের পদ থাকলেও বর্তমানে পঁাচজন শিক্ষক পাঠদান করছেন। এক বছর ধরেই বিদ্যালয়টির প্রধান শিক্ষকের পদ শূন্য। প্রধান শিক্ষক ছাড়াও পঁাচটি বিষয়ের শিক্ষক–সংকট রয়েছে। ২০১১ সাল থেকেই বিদ্যালয়ে কোনো গণিত শিক্ষক নেই। বিজ্ঞান ও ইংরেজি বিষয়ে দুজন করে শিক্ষকের পদ থাকলেও ওই দুটি বিষয়ে শিক্ষক আছেন একজন করে। এর মধ্যে ইংরেজি বিষয়ের একজন শিক্ষক নেই ১০ বছর ধরে। আর পঁাচ বছর ধরে শূন্য একজন বিজ্ঞানশিক্ষকের পদ। কৃষি ও সামাজিক বিজ্ঞান বিষয়েও কোনো শিক্ষক নেই বিদ্যালয়টিতে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজেম উদ্দিন বলেন, জেডিসি ও এসএসসি পরীক্ষায় গণিতের কারণেই শতভাগ পাসের হার অর্জিত হচ্ছে না। শিক্ষক–সংকটই এর মূল কারণ। গণিত বিষয়ে শিক্ষক না থাকায় ওই বিষয়ে পিছিয়ে পড়ছে শিক্ষার্থীরা। ২০১৫ সালের জেডিসি পরীক্ষায় ৭৮ জনের মধ্যে ৭৬ জন শিক্ষার্থী পাস করেছে। আর এসএসসি পরীক্ষায় ৭১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬৯ জন। দুটি পরীক্ষায় দুজন করে মোট চারজন শিক্ষার্থী গণিতে অকৃতকার্য হয়েছে।
নাজেম উদ্দিন আরও জানান, ২০১০ সালের শেষের দিকে গণিত শিক্ষক রাম মোহন সেন পদোন্নতি পেয়ে বদলি হয়ে যাওয়ার পর পঁাচ বছর ধরে ওই পদটি শূন্য রয়েছে। ১০ বছর ধরে ইংরেজি শিক্ষকের একটি পদ শূন্য। এক বছর ধরে নেই প্রধান শিক্ষক। শিক্ষক–সংকটের কারণে জোড়াতালি দিয়ে চলছে বিদ্যালয়ের পাঠদান।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮৩ সালে বিদ্যালয়টি স্থাপিত হওয়ার পর ১৯৮৫ সালে এটি সরকারি ব্যবস্থাপনায় আসে। একসময় বিদ্যালয়টির শিক্ষার্থীদের ফলাফল বেশ ভালো ছিল। তবে ২০০৩ সালের পর থেকে শিক্ষক সংকটের কারণে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি ও জেডিসিতে ভালো ফলাফল করতে পারছে না। শিক্ষক–সংকট থাকায় একজন শিক্ষক তাঁর নির্ধারিত বিষয়ের বাইরেও একাধিক বিষয়ে পাঠদান করতে বাধ্য হচ্ছেন।
গুরুত্বপূর্ণ বিষয় গণিত, বিজ্ঞান ও ইংরেজি বিষয়ে শিক্ষক–সংকট থাকায় ক্ষুব্ধ অভিভাবকেরাও। বিদ্যালয়ের অভিভাবক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, এই বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষক–সংকট লেগেই আছে। কিন্তু শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যাপারে কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই। ফলে শিক্ষার্থীরা প্রতিবছর এসএসসি ও জেডিসি পরীক্ষায় খারাপ ফলাফল করছে।
ভৌতবিজ্ঞানের শিক্ষক সন্তোষ দত্ত বলেন, পদার্থ ও রসায়নের পাশাপাশি অতিরিক্ত বিষয় হিসেবে গণিত ও সাধারণ বিজ্ঞান পড়ান তিনি। অতিরিক্ত ক্লাস নিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাঁকে। বিদ্যালয়ে কর্মরত অন্য শিক্ষকেরাও একাধিক বিষয়ে পাঠদান করছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুল করিম বলেন, শিক্ষক–সংকটের কারণে ওই বিদ্যালয়ের লেখাপড়া চরমভাবে ব্যাহত হচ্ছে। কিন্তু শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যাপারে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে অনেকবার লেখালেখি করেও কোনো কাজ হয়নি।
জানতে চাইলে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কালাম বলেন, মাত্র পঁাচজন শিক্ষক দিয়ে বিদ্যালয় চালাতে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রীতিমতো হিমশিম খাচ্ছে। তাই বিদ্যালেয় শিক্ষক নিয়োগ দেওয়া জরুরি হয়ে পড়েছে।