উচ্চ শিক্ষিতা শারমিন নাহার (ছদ্মনাম) বছর সাতেক আগে বিয়ে করেন জাহিদুর রহমানকে (ছদ্মনাম)। জাহিদুর পেশায় ব্যবসায়ী। বিয়ের সময় শারমিন ছাত্রী ছিলেন। বছর চারেক আগে ডিভি লটারির মাধ্যমে আমেরিকায় পাড়ি জমান শারমিন। সেখানে গিয়ে আবারও পড়াশোনা, কম্পিউটার সায়েন্স থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন তিনি। স্বামী জাহিদুর তাঁর ব্যবসার উন্নতির জন্য প্রাণান্ত চেষ্টা করছিলেন দেশে। একদিকে শিক্ষা ও অন্যদিকে আভিজাত্য—শারমিনের সঙ্গে জাহিদুরের ব্যবধান বাড়তে থাকে। দুজন যেন পরস্পরের কাছ থেকে চলে যান যোজন যোজন দূরে। একপর্যায়ে যোগাযোগ বন্ধ হয়ে যায়। জাহিদুর আবার বিয়ে করেন। তবে দ্বিতীয় বিয়ের আগে শারমিনকে বন্ধন থেকে মুক্তি দেননি। বন্ধন বা শৃঙ্খলের জাল খুলতে তালাকের চিঠি দেন শারমিন। এ ব্যাপারে সালিসি পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান বিচ্ছেদের আদেশ দেন। আদেশের চুম্বক অংশ তুলে ধরা হলো। জাহিদুর রহমানকে (ছদ্মনাম) ডাকযোগে রেজিস্ট্রি করা চিঠি পাঠানো হয়েছে। তিনি হাজির হননি। শারমিন নাহার (ছদ্মনাম) তাঁর মা ও বাবাকে নিয়ে হাজির হয়েছেন। তালাকের চিঠি দেখলাম। শারমিন বলেন, ‘স্যার, আমি অনেক অত্যাচার সহ্য করেছি। আমি যখন দেশে এসেছিলাম, তখনো আমার ওপর অনেক নির্যাতন চালিয়েছে জাহিদুর। আমি ডিভি লটারির মাধ্যমে আমেরিকা গিয়েছি। ওই দেশে গিয়ে আমি তাঁর নির্যাতন থেকে রেহাই পেয়েছি।’অনেকক্ষণ কথা বলার পর শারমিন থামেন। দীর্ঘনিঃশ্বাস ফেলেন। শারমিনের বাবা সহজ-সরল ভঙ্গিমায় সালিসি পরিষদের দিকে তাকিয়ে থাকেন। তাঁদের সম্পর্কে শারমিনের বাবাকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, ‘প্রথম দিকে আমার মেয়ে মোটামুটি ভালো ছিল। আমার শিক্ষিত মেয়েকে জাহিদুর মূল্যায়ন করেনি।’সালিসি পরিষদ এ পর্যায়ে বলে, ‘কোনোভাবেই এই সংসার টিকিয়ে রাখা যায় না?’ জবাবে শরমিন বলেন, ‘না-না-না স্যার, কোনোভাবেই সম্ভব নয়। আমি অনেক সহ্য করেছি। ও আরেকটা বিয়ে করেছে। আমি নিজের মতো করে জীবন শুরু করতে চাই। ওর সঙ্গে সংসার করতে হলে আমি আর বাঁচব না। আমি আমেরিকাতে কম্পিউটার বিষয়ে পড়াশোনা করেছি। আমি পিছনের সব কিছু মুছে ফেলতে চাই। নতুন করে শুরু হলে ভালোই করতে পারব।’ বেশ আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলছিলেন শারমিন। নিজের পায়ে দাঁড়ানোর আত্মবিশ্বাস আছে তাঁর। তবুও এ যেন সেই প্রবাদের বিপরীত চিত্র। ‘দস্তার চেয়েও সস্তা সে যে,/ বস্তার চেয়েও ভারী/মানুষ হয়েও সঙ্গের পুতুল,/ বঙ্গদেশের নারী।’ আসলে এক কথায় বলা যায় সমাজ পাল্টে যাচ্ছে। কিংবা এও বলা যায় যুগ বদলে গেছে। যা হোক নথি পর্যালোচনায় মনে হয়েছে বিধিবদ্ধ ৯০ দিন পার হয়েছে। এই সময়ের মধ্যে আপস না হলে তালাক কার্যকর হয়ে পড়ে। সালিসি পরিষদের রীতি অনুসারে তালাক কার্যকর করা হলো।