শিক্ষা আর জ্ঞানের রাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক আড্ডায় সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির কজন শিক্ষার্থী। ছবি: সুমন ইউসুফ
এক আড্ডায় সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির কজন শিক্ষার্থী। ছবি: সুমন ইউসুফ

আমরা এক সকালে হাজির হয়েছিলাম ঢাকার সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ক্যাম্পাস ঘুরতে। গ্রন্থাগারে ঢুকতেই চোখে পড়ল বইয়ে বুঁদ হয়ে আছেন কয়েকজন শিক্ষার্থী। কেউ আবার প্রয়োজনীয় বইটির খোঁজ জেনে নিচ্ছেন দায়িত্বপ্রাপ্ত কর্মীর কাছ থেকে। তাঁদের একজনকে গ্রন্থাগারে পড়ার বিষয়ে জিজ্ঞাসা করতেই একপশলা হেসে উত্তর দিলেন, ‘আমি তামান্না আনোয়ার, বিবিএ পড়ছি। পড়াশোনার কাজটুকু ক্যাম্পাসেই শেষ করে যেতে চাই। তাই ক্লাস শেষে সরাসরি লাইব্রেরিতে চলে আসি।’ তামান্নার কথা শুনতে শুনতে আমরা বেরিয়ে পড়ি গ্রন্থাগার থেকে। হাঁটতে হাঁটতে চোখে পড়ে শিক্ষার্থীদের সম্পাদনায় দেয়াল পত্রিকা ব্রেইনস্ট্রমিং। কয়েকজন আবার মনোযোগ দিয়ে পড়ছেন পত্রিকার লেখাগুলো। এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কার্যক্রম এমনই। প্রতিটি কাজেই যেন একটি পারিবারিক আবহের ছোঁয়া।
রাজধানীর রামকৃষ্ণ মিশন রোডে (সাবেক ইত্তেফাক ভবন) পরিচালিত হচ্ছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম। পেছনে ফিরে তাকালে আমরা জানতে পারি, ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয় সেন্ট্রাল উইমেন্স কলেজ। তাই এই কলেজকে ঘিরেই ‘শিক্ষিত নারী ক্ষমতার উৎস’ স্লোগান নিয়ে ১৯৯৩ সালে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির যাত্রা শুরু। তারপর নানা চড়াই-উতরাই পেরিয়ে বর্তমানে সদর্পে এগিয়ে চলছে শুধুই নারীদের এই বিশ্ববিদ্যালয়। শেষ পর্যায়ে রয়েছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস নির্মাণের কাজও। বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস জানাচ্ছিলেন উপাচার্য পারভীন হাসান।
ক্যানটিন ঘুরে অন্য পাশটায় যেতে চোখে পড়ল কম্পিউটার প্রশিক্ষণকক্ষ। তখনো রুমে চলছিল প্রশিক্ষণ। সেখানে গিয়ে জানা গেল, ‘কম্পিউটার স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ নামে এই প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকেই নিতে হয়। শুধু কম্পিউটার প্রশিক্ষণই নয়, আছে ইংরেজিতে দক্ষতা বাড়াতে ‘ইংলিশ প্রফিসিয়েন্সি ডেভেলপমেন্ট সাপোর্ট’ নামের একটি কার্যক্রম। সেখানে কথা হয় ব্যবসায় প্রশাসন বিভাগের জান্নাতুল নাঈমার সঙ্গে। তিনি বলেন, ‘বিবিএর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টি খুবই ভালো। আবার অপেক্ষাকৃত শিক্ষার্থী কম হওয়ায় আমরা পড়াশোনার ভালো সুযোগ পাই।’
শুধু পড়াশোনার ভালো পরিবেশই নয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পিছিয়ে নেই পাঠ্যবইবহির্ভূত কার্যক্রমেও। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বিজয় দিবস, স্বাধীনতা দিবসসহ জাতীয় ও আন্তর্জাতিক বিশেষ দিবসগুলো আয়োজনের পাশাপাশি গুরুত্ব দিয়ে পালন করা হয় রোকেয়া দিবস। এ ছাড়া মাসিক সাংস্কৃতিক আয়োজন তো আছেই। বিশ্ববিদ্যালয়ের নানা কার্যক্রমের কথা শুনতে শুনতে আমরা এগিয়ে যাই কমনরুমের দিকে। কমনরুমে গিয়ে দেখা গেল, কেউ করছেন গ্রুপ স্টাডি আবার কেউ বা মেতে আছেন আড্ডায়। এই বিশ্ববিদ্যালয়ে কেন ভর্তি হয়েছেন, ঝর্ণা আহমেদ বলছিলেন, ‘আমার বাসা কাছাকাছি হওয়ায় মূলত ভর্তি হয়েছি। এ ছাড়া বেসরকারি অন্য বিশ্ববিদ্যালয়গুলো থেকে ফি ও অন্যান্য চার্জ তুলনামূলক কম।’
এই বিশ্ববিদ্যালয়ে স্প্রিং, সামার ও ফল—তিনটি সেশনে শিক্ষার্থী ভর্তি করানো হয়। সোশিওলোজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ, ইংলিশ, বিবিএ ও কম্পিউটার সায়েন্স বিভােগর নতুন সেশনে ভর্তি কার্যক্রম চলছে। আবেদনের শেষ তারিখ ১৮ সেপ্টেম্বর।
যোগাযোগ: ১ আরকে মিশন রোড (সাবেক ইত্তেফাক ভবন), ঢাকা। ফোন: ৯৫৯১৫৫১, ৯৫৬৭৪৯৯, ০১৯১৫৭২১৫৬০, ওয়েবসাইট: cwu.edu.bd