নগরের পাঁচলাইশের কে বি ফজলুল কাদের সড়কে অবস্থিত চট্টগ্রামের আলিয়ঁস ফ্রঁসেজ। এখানে ফরাসি সাহিত্য, শিল্প-সংস্কৃতিকে জানা এবং উচ্চশিক্ষার লক্ষ্য নিয়ে আসেন অনেকেই। ফরাসি ভাষা শিখতে এখানে আসেন মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে পেশাজীবী, গৃহিণী পর্যন্ত।ভাষা শিক্ষা কোর্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নুরুদ্দিন স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন ইংরেজি সাহিত্য নিয়ে। তাঁর মতে, ‘ফরাসি সাহিত্যিকদের রচনায় যে রোমান্টিসিজম রয়েছে, তা আমাকে আকৃষ্ট করে। এ বিষয়ে আরও ভালোভাবে জানার জন্য আমি ভাষা শিখছি।’ অপর শিক্ষার্থী ব্যাংকার সালমা নুসরাত বলেন, ‘প্রথমত ফরাসি সাহিত্যকে জানার আগ্রহই আমাকে ভাষা শেখার ব্যাপারে বেশি উৎসাহিত করেছে। তা ছাড়া কখনো যদি দেশের বাইরে উচ্চশিক্ষার সুযোগ ঘটে, তখন একে বাড়তি পাওয়া হিসেবে কাজে লাগাতে পারব।’ নুসরাত এখানকার পড়াশোনার মান নিয়ে সন্তুষ্ট। তবে এখানে বিভিন্ন সাংস্কৃতিক প্রশিক্ষণের সুযোগ রাখা হলে আরও ভালো হতো বলে মন্তব্য করেন। এনায়েত বাজার মহিলা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থী প্রমি আচার্য জানালেন, উচ্চশিক্ষার লক্ষ্য নিয়েই ফরাসি ভাষা শিখছেন।তৃতীয় বর্ষের শিক্ষার্থী রুমানা ইউসুফ বললেন, ‘হাতে সময় আছে। এ সময়টা নতুন কিছু জানার কাজে লাগাতে চাই। পরিবেশটাও চমৎকার। আর মাঝেমধ্যে আমরা বিশ্বখ্যাত বিভিন্ন শিল্পীর অনুষ্ঠান উপভোগের যে সুযোগ পাচ্ছি, তাও কম কী!’ কথা হলো ফরাসি তরুণী মেলানির সঙ্গে। শিক্ষকতা করছেন এখানে। স্নাতকোত্তর করেছেন ফরাসি ভাষা ও সাহিত্য নিয়ে। বললেন, ‘ভালোই লাগছে। আমার সব থেকে বেশি আনন্দ হয় যখন আমি কাউকে কিছু জানাতে বা শেখাকে পারি তখন। এটা আমার কাছে বড় পাওয়া মনে করি।’চট্টগ্রামে আলিয়ঁস ফ্রঁসেজ প্রতিষ্ঠিত হয় ১৯৬৫ সালে। বেশ শান্ত, স্নিগ্ধ, নিরিবিলি পরিবেশ। বাইরের কোলাহল স্পর্শ করে না তেমন। এখানে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষ, ক্যাফে, রিসোর্স সেন্টার। মূল ভবনের পাশেই আছে নিজস্ব মিলনায়তন। এখানে প্রতি সপ্তাহে দেখানো হয় ইংরেজি সাবটাইটেলসহ ফরাসি ছবি। এ ছাড়া নিয়মিত আয়োজন করা হয় চিত্র প্রদর্শনী, আলোকচিত্র ও ভাস্কর্য প্রদর্শনীর।বর্তমানে ফরাসি ভাষা শেখার চারটি স্তরে (সেশন) দেড় শ শিক্ষার্থী রয়েছে এখানে, জানালেন (এডুকেশনাল ম্যানেজার) শিক্ষাবিষয়ক ব্যবস্থাপক আশীষ কুমার সেন। এর বাইরে সহযোগী প্রতিষ্ঠানগুলোতে রয়েছে এক হাজারের মতো শিক্ষার্থী। এগুলো হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়, উইলিয়াম কেরি, লিটল জুয়েল স্কুল, চিটাগাং গ্রামার স্কুল প্রভৃতি। আশীষ সেন আরও জানান, চলতি বছর থেকে টেফ (TEF) নামে আর একটি ভাষা কার্যক্রম চালু হচ্ছে। এটি কানাডায় অভিবাসীদের কাজে দেবে। এ ছাড়া দেলফ (DELF) ও দালফ (DALF) নামে রিসোর্সের দুটি কর্মসূচি শুরু করা হবে। এতে উত্তীর্ণ শিক্ষার্থীরা সরাসরি ফরাসি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন। তা ছাড়া এখানে ফ্রান্সে উচ্চশিক্ষাবিষয়ক পরামর্শ দেওয়া হয় বিনা মূল্যে।রিসোর্স সেন্টারে নিয়মিতভাবে সাপ্তাহিক-মাসিক মিলিয়ে ১৫টি সংবাদপত্র রাখা হয়। এখানে ছয় শতাধিক মাল্টিমিডিয়া সিডি এবং তিন শতাধিক দরকারি মিউজিক সিডি রয়েছে। ফরাসি, ইংরেজি ও বাংলা অনুবাদ মিলিয়ে সাহিত্য, শিল্পকলা, আলোকচিত্রের বইয়ের সংখ্যা প্রায় চার হাজার। রিসোর্স সেন্টারের ব্যবস্থাপক কুমার দোয়েল দে জানান, এখানে সার্বক্ষণিকভাবে ডেস্কটপ কম্পিউটারে ইন্টারনেটে ব্যবহারের সুবিধা রয়েছে এবং শিক্ষার্থীরা বিনা মূল্যে তা ব্যবহারের সুযোগ পান। আলিয়ঁস ফ্রঁসেজের সদস্যরাও এই সুবিধা ভোগ করতে পারবেন। এ ক্ষেত্রে ছাত্রদের জন্য এক বছরের ফি এক হাজার, সিঙ্গেল মেম্বারশিপ দুই হাজার, কাপল মেম্বারশিপ সাড়ে তিন হাজার, বেনিফেক্টর মেম্বারশিপ পাঁচ হাজার ৫০০, ইনস্টিটিউশন মেম্বারশিপ ১০ হাজার এবং টিচিং পার্টনার মেম্বারশিপ সাত হাজার টাকা।আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের সংস্কৃতি ও গণসংযোগ ব্যবস্থাপক (কালচারাল অ্যাফেয়ার্স অ্যান্ড পাবলিক রিলেশনস ম্যানেজার) গুরুপদ চক্রবর্তী বললেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে নিয়ে পড়াশোনার সময় থেকে আমি ফরাসি সাহিত্য ও সাহিত্যিকদের ব্যাপারে আগ্রহী হয়ে উঠি। আর তখন ফরাসি ভাষা শেখার জন্য আলিয়ঁস ফ্রঁসেজে ভর্তি হলাম। তারপর একসময় শিক্ষার্থী হিসেবে ছুটে গেলাম ফ্রান্সে। এমএস করলাম। পিএইচডি করলাম। তারপর পুরোপুরি জড়িয়ে গেলাম আলিয়ঁস ফ্রঁসেজের সঙ্গে।’ তিনি ফরাসি-বাংলা অভিধানসহ বেশ কয়েকজন বিখ্যাত ফরাসি লেখক ও কবির লেখা অনুবাদ করেছেন বাংলায়।আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের পরিচালক স্যামুয়েল বেরথে ‘কেমন আছেন’ বলে স্বাগত জানালেন। বাংলা বোঝেন এবং বলতেও পারেন। বললেন ‘আলিয়ঁস ফ্রঁসেজ হচ্ছে একটি অরাজনৈতিক, অলাভজনক, ধর্মীয় প্রভাবমুক্ত প্রতিষ্ঠান। ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক সেতুবন্ধ রচনা করাই আমাদের লক্ষ্য। আমরা এখানে ভাষা শেখানোর কোর্স পরিচালনার পাশাপাশি ফরাসি সংস্কৃতি, দর্শন, সাহিত্য, প্রযুক্তির সঙ্গে পরিচয় ঘটানোর জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকি। একই সঙ্গে এ দেশের খ্যাতিমান শিল্পী-সাহিত্যিক ও প্রতিশ্রুতিশীল তরুণ প্রতিভাকেও সবার সামনে তুলে ধরার চেষ্টা করি।’