মিরসরাইয়ে শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ হিন্দুকল্যাণ ট্রাস্টের অধীনে উপজেলার ২৬টি মন্দিরভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়। এ উপলক্ষে ১২ জানুয়ারি উপজেলা সদরে জগদ্বীশ্বরী কালীবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিন্দুকল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক রিংকু কুমার শর্মা। উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি উত্তম কুমার শর্মা, চিকিৎসক দীলিপ রায়, রণজিত নাথ, অর্জুন দাশ, অনির্বাণ চৌধুরী, শিক্ষক সুদর্শন রায়, ডলি চৌধুরী, অনিতা দেবী প্রমুখ। রিংকু কুমার শর্মা বলেন, শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাধ্যমে সরকার শিশুদের বিদ্যালয়মুখী করার উদ্যোগ নিয়েছে। মিরসরাই উপজেলায় প্রথমবারের মতো এ কার্যক্রমটি চালু করা হয়েছে। তিনি বলেন, ২০০৫ সালে চট্টগ্রাম জেলায় এ কার্যক্রম শুরু হয়েছিল। বর্তমানে জেলার ৩৫৫টি শিশু ও গণশিক্ষাকেন্দ্র চালু রয়েছে।