শিক্ষা ও সমাজসেবায় মিরসরাই উদয়ন ক্লাবের অনুকরণীয় দৃষ্টান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠার পর থেকেই মিরসরাই উদয়ন ক্লাব শিক্ষা ও সমাজসেবায় নিরবচ্ছিন্ন অবদান রেখে চলেছে। প্রাথমিক বৃত্তি, বয়স্কশিক্ষা কার্যক্রম, মাদকবিরোধী অভিযান, বৃক্ষরোপণ, বেওয়ারিশ লাশ দাফন, গরিব মেয়েদের বিয়েতে সহযোগিতাসহ নানা জনকল্যাণমূলক কাজের সঙ্গে জড়িত সংগঠনটি। বিশেষ করে তাদের প্রচলিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা এলাকায় সাড়া ফেলেছে। ১ নম্বর করেরহাট ইউনিয়নে ১৯৮১ সালে উদয়ন ক্লাবের যাত্রা শুরু হয়। সেই সময়ে করেরহাটের যুবসমাজকে সুপথে ফিরিয়ে আনতে এলাকার কলেজ পড়ুয়া যুবক শওকত আলী, এমদাদুল হক, ফয়েজ আহাম্মদ, শওকত হোসেন, আবুল খায়ের, মো. শাহজাহানসহ ৩০-৩৫ জন মিলে গড়ে তোলেন উদয়ন ক্লাব। ক্লাবটি সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নিবন্ধিত। উদয়নের বর্তমান সাধারণ সম্পাদক মো. আমিনুল হক প্রথম আলোকে জানান, প্রতিষ্ঠার পর ১৯৮১ সালেই গোপন ব্যালটের মাধ্যমে মো. জানে আলম সভাপতি ও মো. শওকত আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সেই থেকে প্রতি বছর নির্বাচন পদ্ধতি চালু রয়েছে। ১৯৮৮ সাল থেকে উদয়ন মিরসরাই অঞ্চলের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে দ্বিতীয়-পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। বৃত্তিপ্রাপ্তদের সনদ, এককালীন অর্থ এবং পুরস্কার দেওয়া হয়। উদয়নের বৃত্তি পরীক্ষার অনুসরণে বর্তমানে মিরসরাইয়ের বিভিন্ন এলাকা মেধা যাচাইমূলক পরীক্ষা চালু হয়েছে। এই পর্যন্ত ক্লাবটি এক হাজার ৩০০ শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে।ক্লাবের সভাপতি মো. জানে আলম প্রথম আলোকে জানান, প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর উদয়নের পক্ষ থেকে করেরহাটের দুই শহীদ মুক্তিযোদ্ধা জাগীর হোসেন ও রফিক উদ্দিনের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এ ছাড়া উদয়ন বয়স্কশিক্ষা কার্যক্রম, মাদকবিরোধী অভিযান, বৃক্ষরোপণ, বেওয়ারিশ লাশ দাফন, গরিব মেয়েদের বিয়েতে সহযোগিতা, দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ, চক্ষুশিবির, নাট্যানুষ্ঠান, উপজেলার উচ্চবিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে আসছে। ১৯৯৩ সালে ক্লাবের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের (পুরোনো) দুপাশে ইউক্যালিপটাস, মেহগনি, রেনট্রি প্রভৃতি গাছ লাগানো হয়। মিরসরাইয়ের বিভিন্ন স্থানে সড়কের পাশের গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেলেও এসব গাছ এখনো অক্ষত রয়েছে। ক্লাব সদস্যদের সার্বক্ষণিক নজরদারির কারণে এটা সম্ভব হয়েছে বলে জানা যায়। বর্তমানে সংগঠনটির নিয়মিত সদস্য ১৭৩ জন। কেউ এর সদস্য হতে হলে তাকে কমপক্ষে এসএসসি পাস করতে হয়। ক্লাব সূত্র জানায়, জাতীয় পর্যায়ের বহু শিল্পী ক্লাবের বিভিন্ন অনুষ্ঠানে এসেছেন বিভিন্ন সময়। এঁদের মধ্যে আপেল মাহমুদ, শেফালী ঘোষ, শ্যামসুন্দর বৈষ্ণব, রথীন্দ্রনাথ রায়, বারী সিদ্দিকী উল্লেখযোগ্য। ২০০১ সালে করেরহাটে আগুন লাগলে বাজারের অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে ক্লাবঘরটিও সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রয়োজনীয় কিছু দলিলসহ বিভিন্ন সময় পাওয়া সনদ, পরিদর্শন খাতা, আসবাবপত্র, খেলাধুলার সামগ্রী, নিজস্ব পাঠাগার পুড়ে যায়। সেই ক্ষতি এখনো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। উদয়নের কার্যক্রম সম্পর্কে করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন ও সাবেক চেয়ারম্যান মো. আবু সালেক বলেন, ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে উদয়নের অবদান এ অঞ্চলের মানুষ চিরদিন মনে রাখবে।’ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জসিম উদ্দীন বলেন, ‘মিরসরাইয়ের ক্লাবগুলোর মধ্যে ভালো কর্মকাণ্ডের দিক থেকে উদয়ন এক নম্বরে। সরকারি তদন্তে কখনো উদয়নের কর্মকাণ্ডে ত্রুটি ধরা পড়েনি।’ উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দীন বলেন, ‘এটি মিরসরাইয়ের সেরা ক্লাব।’