বাইরে ঝুম বৃষ্টি, এর মধ্যেও মুখ বাঁকিয়ে হাসছে সূর্যটা। বৃষ্টিভেজা সড়ক পেরিয়ে ভেতরে ঢুকে অবাক হওয়ার পালা—মসজিদ থেকে ভেসে আসছে মুয়াজ্জিনের সুমধুর আজানের ধ্বনি। চারদিকে পাখির কলরব। সূর্য ওঠার আগে জেগে উঠেছেন কাজপাগল মানুষ। কাঁধে কোদাল-লাঙল নিয়ে দলবেঁধে ছুটছেন মাঠে। ঘরের বধূরা কলসি কাঁখে হেলেদুলে যাচ্ছেন দূরের পুকুরে, কিষানকন্যা খোঁয়াড় থেকে খুলে দিয়েছে হাঁস-মুরগি। গ্রামের চিরাচরিত এ দৃশ্য দেখা গেল কাকতাড়ুয়া নাটকে। নগরের মেহেদিবাগের কিড্স কালচারাল ইনস্টিটিউটে নাটকের মহড়া হচ্ছে। নাটকের মূলকথা ‘অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির লড়াই এবং শেষ পর্যন্ত শুভ শক্তিরই জয় হয়।’ কাক কীভাবে তাড়াবে? জিজ্ঞেস করলাম নাটকের খুদে অভিনেত্রী শতাব্দীকে। ঝটপট উত্তর ‘হাত দুটো ছড়িয়ে দিলে কাক চলে যাবে।’ বাঘ এলে কী করবে? ‘লঠি দিয়ে মার দিব।’আর হাতি এলে?‘গুলি করে তাড়াব।’ শতাব্দীর উত্তর।শতাব্দীর মতো অনেকে কিড্স কালচারাল ইনস্টিটিউটের শিক্ষার্থী। এখানে তারা অঙ্কন, গান, নাচ ও অভিনয় শেখে। এটি মেধাবিকাশকেন্দ্র যেমন তেমনি হয়ে উঠেছে শিশুদের আনন্দভুবন। এ প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী সংস্কৃতির বিভিন্ন শাখায় দারুণ কৃতিত্ব অর্জন করেছে। অনেকে জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে।প্রতিনিয়ত দক্ষ প্রশিক্ষণ, অভিনব প্রচেষ্টা, আবিষ্কার আর উদ্ভাবনী শক্তির যোগসূত্র সৃষ্টির লক্ষ্যে ১৯৯৫ সালে কিডস কালচারাল ইনস্টিটিউটের কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয় সৌরভ শাখাওয়াতের মাধ্যমে। প্রথমে এটি চিলড্রেনস থিয়েটার স্কুল নামে পরীক্ষামূলকভাবে শুরু হলেও পরবর্তীকালে গ্রহণযোগ্যতা বেড়ে যাওয়ায় কিডস কালচারাল ইনস্টিটিউট হিসেবে নতুন যাত্রা শুরু করে। এর পেছনে অনুপ্রেরণা ছিল শিল্পী মুস্তফা মনোয়ার, হাশেম খান, নাট্যজন মমতাজ উদ্দীন আহমদ, লিয়াকত আলী লাকি ও প্রদীপ দেওয়ানজীর। ইনস্টিটিউটের ক্রিয়েটিভ ডিরেক্টর সৌরভ শাখাওয়াত বলেন, ‘এ প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য হচ্ছে শিশুদের সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করা। যেমন: নাচ, গান, অঙ্কন, অভিনয়, নাটক, মূকাভিনয় ইত্যাদি। শিশুরা যেন সৃজনশীল চিন্তা-ভাবনার মাধ্যমে তাদের আমিত্বকে জয় করতে পারে।’এখানে আছে স্কুল অব পারফরমিং আর্টস। এর মধ্যে অন্তর্ভুক্ত নাটক, সংগীত, নৃত্যকলা, গল্পবলা, কোরিওগ্রাফি, মডেলিং ও মডার্ন ডান্স বিভাগ। কিডস থিয়েটার স্কুলে শেখানো হয় মূকাভিনয়, একক অভিনয় ও দলীয় অভিনয়। আছে শিশুনাট্যম পত্রিকা প্রকাশনা বিভাগ। স্কুল অব আর্ট অ্যান্ড ক্রাফটে আছে চারু ও কারুকলা বিভাগ। এ ছাড়াও আছে ইন্টারঅ্যাকটিভ ও কমিউনিটি থিয়েটার স্কুল, স্কুল অব ফিল্ম অ্যান্ড মিডিয়া। ইনস্টিটিউটের ক্রিয়েটিভ কো-অডিনেটর জোবেদা রত্না জানান, কিডস কালচারাল ইনস্টিটিউটের শিল্পীরা ভারতের মুম্বাই, দিল্লি, উড়িষ্যা, জাপানের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং বিজয়ী হয়েছেন। মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতায় যে দুজন চট্টগ্রামের প্রতিনিধিত্ব করছে তারা কিডস্ কালচারাল ইনস্টিটিউটের সদস্য। কথা হলো খুদে অভিনয় শিল্পী শতাব্দী, রবিন, অমৃক, শাকিল, সহস্রাব্দী, মৃত্তিকা, প্রমার সঙ্গে। কয়টি নাটকে অভিনয় করেছ ছোট্ট জীবনে? উত্তরটা রবিনই দেয়—‘অসংখ্য। যেমন, অদ্ভুত ভূত, অবাক জলপান, কাকতাড়ুয়া, মামা-ভাগ্নে, কালো-ধোলা ইত্যাদি। নাটকের মহড়া দিচ্ছিল সানসাইন স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী মৃত্তিকা দাশ। নাটক নিয়ে দিল্লি গেছ, তোমার অনুভূতি কী? ও চিন্তা করে উত্তর দিল—‘আমার মনে হয় সবকিছুর মধ্যে ভালো হচ্ছে নাটক। আমিও সাফল্য পেয়েছি। আর এখানের শিক্ষকেরা আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ ব্যবহার করেন।’ মহড়ার সময় এল মো. জাহিদুল ইসলাম। সে জানাল—নাচে সে পদ্মকুঁড়ি পুরস্কার পেয়েছে। ‘স্কুল অব আর্টস অ্যান্ড ক্রাফটে ফুটফুটে শিশুরা মনোযোগ দিয়ে ছবি আঁকায় ব্যস্ত। বাংলাদেশ এলিমেন্টারি স্কুলের ক্লাস ওয়ানের ছাত্রী আফরা নুদা আঁকছিল সার্কাসের ছবি, শাহান আশরাফ আঁকল ছাতা। আর মেহেরিন আঁকছিল একমনে, কোনো দিকে খেয়াল নেই তার।আফরা, কখনো সার্কাস দেখেছ?উত্তর—‘না।’আঁকলে কীভাবে?‘স্যার যেভাবে বলেছেন সেভাবে।’কী থাকে সার্কাসে? ‘হাতির খেলা, যাত্রাপালা কত কী?’ বলে সে।জুলফার নাইম মোহাম্মদ জুনায়েদের ইচ্ছা জয়নুল আবেদিনের মতো শিল্পী হবে। বাওয়া স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী ইলমা কামরুল বলেন, ‘এখানে ছবি আঁকা শিখতে ভালো লাগে।’শিশুদের অঙ্কন শেখান আর্ট কলেজের সম্মান শেষ বর্ষের ছাত্রী পূজা ভট্টাচার্য ও দিদারুল আলম। পাশের ঘর থেকে ভেসে আসছে গানের সুর। এখানে গান শেখাচ্ছেন জাহাঙ্গীর আজিজ। তিনি বেতার ও টেলিভিশনের সংগীত পরিচালক। ১৫ বছর ধরে শিশুদের গান শেখাচ্ছেন তিনি। অভিভাবক শ্যামলী বড়ুয়া বলেন, ‘আমার বাচ্চা এখানে অঙ্কন শেখে ও খুব মজা পায় এতে। শিক্ষকেরা আন্তরিকতার সঙ্গে শেখান।’ রেবেকা সুলতানার মতে, ‘এখানকার পরিবেশ ভালো, আমার বাচ্চাও এখানে আনন্দের সঙ্গে শেখে, সৃজনশীলতার পাঠ নেয়।’