মাত্র পাঁচজন শিক্ষার্থী আর তিনটি বিভাগ নিয়ে ২০০৩ সালে হালিশহরে যাত্রা শুরু হয়েছিল চট্টগ্রাম আন্তর্জাতিক ডেন্টাল কলেজ ও হাসপাতালের। পরে এটি স্থানান্তরিত হয় বহদ্দারহাটের চান্দগাঁও এলাকার শমশেরপাড়ায়। প্রায় ১ দশমিক ৫ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত এই কলেজে এখন ছাত্রসংখ্যা ১৫১, বিভাগ হয়েছে ১৫টি। অতিথি শিক্ষকসহ রয়েছেন ৪৫ শিক্ষক। গত বছর চালু হয়েছে ৫০ আসনের ছাত্রীনিবাস।সীমিত সুযোগ নিয়ে এগিয়ে যাচ্ছে চট্টগ্রাম আন্তর্জাতিক ডেন্টাল কলেজ ও হাসপাতাল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে এ কলেজে প্রতিবছর বাড়ছে শিক্ষার্থীর সংখ্যা। হাসপাতালে কম খরচে ভালো চিকিৎসা পাওয়া যায় বলে জানান অনেক রোগী। সাধারণ ওয়ার্ডে ৩০ টাকা ফি দিয়ে চিকিৎসা নিতে পারে যে কেউ। বর্তমানে প্রতিদিন গড়ে ১০০ জন রোগী চিকিৎসা নিয়ে থাকেন বলে জানান দায়িত্বরত চিকিৎসকেরা। কলেজ সূত্রে জানা যায়, বর্তমানে দুটি শিক্ষা ভবনে চলছে পাঠদান, একটি ১০ তলা ভবন নির্মীয়মাণ রয়েছে। রয়েছে পরীক্ষাগার, লেকচার হল ও সেমিনার কক্ষ। এখানে এক হাজার ২০০ চিকিৎসাসহায়ক বই ও ২৫০টি জার্নাল রয়েছে। সুপরিসর গ্রন্থাগারে রয়েছে ইন্টারনেট সংযোগসহ ৫০ জন শিক্ষার্থীর একসঙ্গে বসার সুযোগ। গত বছর নেপালের একজন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। বিদেশি আরও কিছু শিক্ষার্থী ভর্তির অপেক্ষায় রয়েছেন বলে জানা যায়।অধ্যক্ষ মুসলিম উদ্দীন বলেন, ‘প্রতিবছর পেশাগত পরীক্ষায় আমাদের শিক্ষার্থীরা কৃতিত্বপূর্ণ ফলাফল করে যাচ্ছে। এর পেছনে রয়েছে শিক্ষকদের অক্লান্ত শ্রম ও শিক্ষার্থীদের অধ্যবসায়।’ তিনি জানান, কলেজটি প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের পরীক্ষাকেন্দ্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। জানা যায়, কলেজ পরিচালনায় ইসলামিক ইউনিভার্সিটি অব চিটাগাং (আইইউসি) ট্রাস্ট সহায়তা করে। কয়েকজন শিক্ষার্থী জানান, সেমিস্টার হিসেবে নয়, বছর হিসাবে চলে কলেজের শিক্ষা কার্যক্রম। চার বছর মেয়াদি ব্যাচেলর অব ডেন্টাল সার্জারিতে ভর্তির জন্য নেওয়া হয় সাড়ে চার লাখ টাকা। এ ছাড়া সেশন ফি ১০ হাজার টাকা, টিউশন ফি পাঁচ হাজার টাকা। কলেজের উপ-তত্ত্বাবধায়ক (ডেপুটি ইনচার্জ) সরওয়ার কামাল বলেন, ‘চট্টগ্রামে একমাত্র আমাদের হাসপাতালে তুলনামূলক কম খরচে উন্নত চিকিৎসাসেবা পায় রোগীরা। সাধারণ ওয়ার্ডে প্রতিদিন ৮০-১০০ রোগী চিকিৎসা নিয়ে থাকে, ফি মাত্র ৩০ টাকা।’ তিনি আরও বলেন, এখানে গরিব রোগীদের বিনা মূল্যে ওষুধ দেওয়া হয়। ছাত্রীরা কম খরচে থাকা-খাওয়ার সুযোগ পাচ্ছে।’নেপাল থেকে পড়তে আসা শিক্ষার্থী রোকসার বলেন, ‘কলেজের পরিবেশ খুব সুন্দর। প্রথম প্রথম বাংলা বুঝতে অসুবিধা হলেও এখন আর হয় না। শিক্ষক ও সহপাঠীরা আমাকে বেশ সাহায্য করেন। পাঠদান পদ্ধতিও বেশ ভালো।’ শিক্ষার্থী রাগীবুল ইসলাম বলেন, ‘চট্টগ্রামে ডেন্টাল বিষয়ে পড়ার সুযোগ কম। মেধাবী হলেও সবাই মেডিকেলে ভর্তির সুযোগ পান না। আমাদের কলেজটি এ ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখছে।’