শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি সাজেকবাসীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা শুধু শিক্ষা ও স্বাস্থ্যসেবা চাই। যুগ যুগ ধরে শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে আমাদের শিশুরা। এখানে আটটি বিদ্যালয় আছে, কিন্তু শিক্ষক নেই। অভিভাবকেরা তাই সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে চান না, তাঁরা সন্তানদের কর্মক্ষেত্রে দেখতে চান। এখানে মান্ধাতার আমলের ওঝা-বৈদ্য দিয়ে চিকিৎসা চলে।’ পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারকে এভাবে সাজেকবাসী তাঁদের দুর্দশার কথা জানান। প্রতিমন্ত্রী গত ২৭ ডিসেম্বর দুর্গম সাজেক ইউনিয়নের রুইলুইপাড়ায় প্রতিমন্ত্রী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করছিলেন। স্থানীয় অধিবাসীরা জানান, সাজেকের অনেক সমস্যা কিন্তু সব কিছুর আগে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা দরকার। প্রতিমন্ত্রী মতবিনিময় সভায় বলেন, ‘শিক্ষকেরা প্রতি মাসে বেতন নিচ্ছেন, কিন্তু বিদ্যালয়ে আসেন না। তাঁরা বর্গাশিক্ষক দিয়ে কাজ চালাতে চান। বর্গার টাকাগুলো এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তি ভাগ করেন। এতে ক্ষতি হচ্ছে এলাকার ছাত্রছাত্রীদের। সাজেকে বর্গা প্রথা বন্ধ করা না হলে এলাকার উন্নতি হবে না। সাজেকে শিক্ষার ব্যাপারে আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি। কিছুদিন পর এখানকার হেডম্যান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে বসব।’ সাজেক ইউনিয়ন পরিষদের সদস্য নয়ন কান্তি চাকমা বলেন, সাজেকের শিক্ষার অবস্থা বড় করুণ। শিয়ালদাইলুই মৌজার হেডম্যান জৌপুই থাং ত্রিপুরা জানান, ‘এখানকার ৫০ হাজারেরও বেশি মানুষের জন্য স্বাস্থ্যকেন্দ্র কিংবা কোনো চিকিৎসক নেই। দুর্গম এলাকা হওয়ায় এখানে বিদ্যালয় থাকলেও শিক্ষকেরা থাকতে চান না। আমরা মন্ত্রীর কাছ থেকে শিক্ষা ও স্বাস্থ্যসেবার জন্য সহযোগিতা চেয়েছি।’ রুইলুই মৌজার হেডম্যান লাল থাংয়া লুসাই বলেন, ‘আপাতত আমাদের শিক্ষা ও স্বাস্থ্যসেবার জন্য কিছু একটা করা হোক।’