ফেনীর সোনাগাজী সরকারি ডিগ্রি কলেজে শিক্ষকসংকট প্রকট হয়ে উঠেছে। বিভিন্ন বিভাগে দীর্ঘদিন ধরে শিক্ষক না থাকায় শিক্ষা-কার্যক্রম গুরুতরভাবে ব্যাহত হচ্ছে। কোনো কোনো বিষয়ে শ্রেণীর কাজ চলে এক সপ্তাহ পর একবার। এ অবস্থায় অভিভাবকেরা তাঁদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন । কলেজ সূত্র ও শিক্ষার্থীরা জানান, সোনাগাজী সরকারি কলেজের বিভিন্ন বিভাগে মোট ৪১টি শিক্ষক পদের মধ্যে বর্তমানে ২১টি পদ শূন্য। দীর্ঘদিন ধরে সমাজকল্যাণ, সাধারণ ইতিহাস ও কম্পিউটার বিভাগে কোনো শিক্ষক নেই। ফলে এ তিনটি বিভাগে শিক্ষা কার্যক্রম অচল হয়ে পড়েছে। ইংরেজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়নবিজ্ঞান বিভাগে তিনজন করে শিক্ষক থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন করে। বাংলা বিভাগে তিনজনে দুজন, ইসলামের ইতিহাস বিভাগে তিনজনে দুজন, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা ও প্রাণিবিদ্যা বিভাগে দুজনে একজন করে শিক্ষক কর্মরত আছেন। এ ছাড়া, সহায়ক প্রদর্শক পদে তিনজনের মধ্যে একজন, কার্যালয় সহকারী পদে তিনজনের মধ্যে একজন ও এমএলএসএস (চতুর্থ শ্রেণীর কর্মচারী) পদে আটজনের মধ্যে ছয়জন কর্মরত রয়েছে। গ্রন্থাগারিক ও প্রধান সহকারী পদটি শূন্য কলেজ প্রতিষ্ঠার পর থেকে। এসব পদ দীর্ঘদিন শূন্য থাকায় একদিকে শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে, অন্যদিকে প্রশাসনিক কাজ চালাতে হিমশিম খাচ্ছেন কলেজ কর্তৃপক্ষ। কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রহিম উল্লাহ ও প্রথম বর্ষের শিক্ষার্থী কামরুন নাহার জানায়, কয়েকটি বিষয়ে শিক্ষক না থাকায় তাদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। প্রায় সময় শ্রেণীর কাজ না করেই বাড়ি ফিরতে হয় তাদের। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানান, শিক্ষক না থাকায় ইংরেজি বিষয়ে শ্রেণীর কাজ প্রায় সময় বন্ধ থাকে। ফলে সময়মতো পাঠ্যসূচি শেষ করা যাচ্ছে না। এতে পরীক্ষার ফলাফলও খারাপ হচ্ছে।আবুল হোসেন ও মহিউদ্দিন নামে দুজন অভিভাবক আক্ষেপ করে জানান, উপজেলার একমাত্র সরকারি কলেজ হওয়ার কারণে তাঁরা অনেক আগ্রহ নিয়ে সন্তানদের এ কলেজে ভর্তি করেন। কিন্তু গুরুত্বপূর্ণ বিভাগে পর্যাপ্ত শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চরম উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁরা। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মো. ইসমাইল হোসেন সরকার জানান, শিক্ষকদের শূন্য পদগুলো পূরণের জন্য অনুরোধ জানিয়ে তিনি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) কাছে একাধিকবার চিঠি দিয়েছেন। কিন্তু এখনো কোনো উত্তর আসেনি। তাঁর দাবি, ‘কয়েকটি বিষয়ে শিক্ষক না থাকলেও শ্রেণীর কার্যক্রমের তেমন কোনো অসুবিধা হচ্ছে না। কারণ ওইসব বিষয়ে খণ্ডকালীন শিক্ষক দিয়ে শ্রেণীর কাজ চালানো হচ্ছে।’