শিক্ষা নিয়েই শিক্ষা
‘বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পর ভূগোল, নৃ-বিজ্ঞান ও আইইআরে চান্স পেলাম। ভর্তি হব কোথায়? এ নিয়ে মহা চিন্তায় পড়লাম। আর তখনই এক বন্ধুর মামা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের পরামর্শে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে (আইইআরে) ভর্তি হলাম। বিষয়টি নতুন বলেই এখানে ভর্তি হওয়া।’ কথা হচ্ছিল প্রথম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী শহীদুল ইসলামের সঙ্গে, যিনি বর্তমানে ইউএসএইডের এডুকেশন টিম লিডার হিসেবে কাজ করছেন। সেভ দ্য চিলড্রেন ইউএসের সিনিয়র প্রোগ্রাম কর্মকর্তা তারেক রহমান একইভাবে বললেন, ‘খুব ছোট থেকেই শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেওয়ার ইচ্ছা ছিল। এ বিষয় থেকে পাস করে সেভ দ্য চিলড্রেনে শিখন প্রোগ্রামের প্রশিক্ষক হিসেবে কাজ করছি। ফলে মাঠপর্যায়ে গিয়ে নানা অঞ্চলে শিক্ষকদের প্রশিক্ষণ দিচ্ছি। এটা অনেকটা শিক্ষকতার মতোই। এ বিষয়ের ওপর ভবিষ্যতে পিএইচডি করার ইচ্ছা রয়েছে।’ আইইআরের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ওয়াসিমা নাহরিন এডুকেশন সাইকোলজি কোর্সটি পড়ার অভিজ্ঞতা জানান, শিশুদের ক্লাসরুমে বিভিন্ন জিনিস নিয়ে গিয়ে তা ব্যবহার করে পড়ার বিষয়টিকে আরও সহজভাবে বোঝানো যায়। এতে শিশুদের মনে বিষয়টি খুব ভালোভাবে ছাপ ফেলতে পারে। তাই নাহরিন ভবিষ্যতে শিক্ষক হতে পারলে শিশুদের ক্লাসরুমে পড়ানোর আরও নতুন কোনো কৌশল বের করতে চান। একই বর্ষের আরেক শিক্ষার্থী তৌহিদা তালেব জানান, এ বিষয়ে পড়ে এনজিওতে কাজ করার পাশাপাশি সরকারি চাকরিতেও শিক্ষার্থীরা ভালো করছেন। মাস্টার্স সম্পন্নকারী শিক্ষার্থী তাসনুভা জানালেন, ‘বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষা। বাংলাদেশকে উন্নত করতে হলে কাগজ-কলমে শিক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে মানসম্পন্ন শিক্ষা অর্জন করতে হবে। এ লক্ষ্যেই এ বিষয়ে ভর্তি হয়েছি।’ আইইআরের সহকারী অধ্যাপক আবদুস সালাম জানান, এখানে শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের সঙ্গে যুগোপযোগী বাস্তব জ্ঞানের পরিচয় তাঁরা ঘটানোর চেষ্টা করে যাচ্ছেন।বিষয় বৈচিত্র্যএখানে রয়েছে বিষয়ের নানা বৈচিত্র্য। প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষা বিভাগ, ভাষাশিক্ষা বিভাগ, সামাজিকবিজ্ঞান শিক্ষা বিভাগ, বিজ্ঞান, গণিত ও প্রযুক্তি শিক্ষা বিভাগ, শিক্ষা প্রশাসন বিভাগ, শিক্ষাক্রম ও শিক্ষণ প্রযুক্তি বিভাগ, উপানুষ্ঠানিক ও অব্যাহত শিক্ষা বিভাগ, শিক্ষা মনোবিজ্ঞান ও নির্দেশনা বিভাগ, শিক্ষা মূল্যায়ন ও গবেষণা বিভাগ এবং বিশেষ শিক্ষা বিভাগ।শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে চার বছর মেয়াদি ব্যাচেলর অব এডুকেশন (সম্মান), এক বছর মেয়াদি মাস্টার অব এডুকেশন, এক ও দুই বছর মেয়াদি সান্ধ্যকালীন মাস্টার অব এডুকেশন, এমফিল ও পিএইচডি শিক্ষা কার্যক্রম রয়েছে।সম্মান কার্যক্রম১৯৯৪-৯৫ শিক্ষাবর্ষ থেকে তিন বছর মেয়াদি সমন্বিত ব্যাচেলর অব এডুকেশন (সম্মান) কার্যক্রম চালু করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অনুষদ ও ইনস্টিটিউটের সঙ্গে সংগতি রেখে ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষ থেকে এই কার্যক্রমের মেয়াদ চার বছরে উন্নীত করা হয়। সম্মান কার্যক্রম মূলত চারটি একাডেমিক বিষয়ভিত্তিক ধারায় বিভক্ত—১. বিজ্ঞান (ভৌত বিজ্ঞান+জীববিজ্ঞান), ২. সামাজিক বিজ্ঞান, ৩. ভাষাশিক্ষা ৪. বিশেষ শিক্ষা। তবে এর বৈশিষ্ট্য হলো, শিক্ষাবিষয়ক পেশাগত বিষয়ের সঙ্গে বাংলা, ইংরেজি ও কম্পিউটার বিজ্ঞান এই কার্যক্রমের আবশ্যিক বিষয়, যা শিক্ষার্থীর ভাষা ও সমকালীন চাহিদা উপযোগী এবং সংগতিপূর্ণ। প্রতি শিক্ষাবর্ষ দুটি সেমিস্টারে (গ্রীষ্মকালীন ও শীতকালীন) বিভক্ত। এভাবে চার শিক্ষাবর্ষ মোট আটটি সেমিস্টারে বিভক্ত। প্রতি সেমিস্টারে প্রতি কোর্সের জন্য ৬০ মিনিটের ৪০টি ক্লাস অনুষ্ঠিত হয়। সেমিস্টারভিত্তিক কোর্সের সংখ্যা প্রত্যেক শিক্ষার্থীকে প্রতি সেমিস্টারে চার ক্রেডিট ঘণ্টার পাঁচটি কোর্স অর্থাত্ ২০ ক্রেডিট ঘণ্টার সমুতল্য কোর্স নিতে হয়। ষষ্ঠ সেমিস্টারে চার ক্রেডিটে ঘণ্টার প্র্যাকটিকাম (সিমুলেশন ও মাইক্রোটিচিং) ও চার ক্রেডিট ঘণ্টার চারটি কোর্স থাকে। সপ্তম সেমিস্টারে শুধু প্র্যাকটিকাম (২০ ক্রেডিট ঘণ্টা) নিতে হয়।কোথায় পড়বেনঢাকা বিশ্ববিদ্যালয়েই একমাত্র ইনস্টিটিউট হিসেবে আইইআর রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ‘ঢাকা টিচারস ট্রেনিং কলেজ’ এবং বেসরকারি উত্তরা ও দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ে আইইআর রয়েছে। কর্মক্ষেত্রে সুযোগঅন্যান্য বিভাগের মতো এই ইনস্টিটিউট থেকে পাস করার পর সব জায়গায় কাজের সুযোগ রয়েছে। বিসিএস পরীক্ষায় টিচারস ট্রেনিং ক্যাডেটের মাধ্যমে বিষয়ভিত্তিক প্রভাষক হিসেবে কাজ করতে পারেন। বাংলাদেশের প্রায় এক হাজার এনজিওর মধ্যে ৭০০ এনজিওই শিক্ষা বিষয়ে কাজ করছে। মাস্টার্সে ভালো ফল করলে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বৃত্তির সুযোগ রয়েছে। বর্তমানে ইআইএ (ইংলিশ ইন অ্যাকশন) নামে একটি আন্তর্জাতিক মানের ডিগ্রি চালু হচ্ছে। ওপেন ভার্সিটি অব ইংল্যান্ড ও বাংলাদেশের ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় প্রকল্পটি শুরু হচ্ছে। এতে শিক্ষার্থীরা এমফিল ও পিএইচডি মানের ডিগ্রি লাভ করতে পারবেন এবং বেতনভুক্ত পূর্ণকালীন গবেষক হিসেবে কাজ করার সুযোগ পাবেন।