শিক্ষাকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে

প্রাচীনকালের ইতিহাসে পৃথিবীর বেশ কয়েকটি স্থানে উন্নত সংস্কৃতি বিকাশের কথা আমরা জানি, যখন ধর্মভিত্তিক ও ধর্মনিরপেক্ষ উভয় ক্ষেত্রেই জ্ঞান সাধনা হয়েছে। পেরিক্লিসের যুগের গ্রিস (খ্রিষ্টপূর্ব পঞ্চম শতক), গুপ্তযুগের ভারত (৩২০-৫৫০ খ্রিষ্টাব্দ) কিংবা হান শাসন আমলের (খ্রিষ্টপূর্ব ২০২-২২০ খ্রিষ্টাব্দ) চীন এ রকম কয়েকটি উল্লেখযোগ্য স্থান। মধ্যযুগে ইসলামের আবির্ভাবের পরে বাগদাদ, কর্ডোভা, মধ্য এশিয়া ও উত্তর আফ্রিকায় (অষ্টম-চতুর্দশ শতাব্দী) জ্ঞান-বিজ্ঞানচর্চার উন্নতি হয়েছিল। তবে মধ্যযুগের তমসা কাটিয়ে ইউরোপ যখন রেনেসাঁসের পথ ধরে জাগতে শুরু করে, তখন সর্বপ্রথম মানুষের সামনে এই মহাজগৎ ও জীবনচক্রকে ধর্মীয় বিবেচনার বাইরে এসে মুক্ত দৃষ্টিতে বিশ্লেষণের পথ খুলে গেল। এই পথ ধরেই বিজ্ঞানের জয়যাত্রা শুরু এবং সমাজ ও শাসনব্যবস্থাকেও ধর্মনিরপেক্ষ বিবেচনায় বিশ্লেষণের ক্ষমতা অর্জিত হয়।
তবে এযাবৎ সারা বিশ্বেই বিদ্যাচর্চার সুযোগ মুষ্টিমেয় মানুষের মধ্যেই সীমাবদ্ধ।
যুগান্তকারী সব বৈজ্ঞানিক আবিষ্কার আর শিল্পবিপ্লবের মাধ্যমে নতুনকালে উৎপাদনব্যবস্থার রূপান্তর ইউরোপে নতুন সমাজকাঠামো নির্মাণের বাস্তবতা তৈরি করে দেয়। এই পথ ধরেই রাষ্ট্র ও সমাজদর্শনের অভিঘাত এসেছে সমাজের সনাতন অচলায়তনের ওপর। এবারে জনসাধারণের ক্ষমতায়ন আর অধিকারের পথ প্রশস্ত হয়েছে। ব্রিটিশ দার্শনিক জন লক বলেছেন, ‘দ্য ন্যাচারাল লিবার্টি অব ম্যান ইজ টু বি ফ্রি ফ্রম এনি সুপিরিয়র পাওয়ার অন দি আর্থ।’ এর পরে শিক্ষার প্রাতিষ্ঠানিকীকরণ পূর্ণতা পেয়েছে এবং শিক্ষা সর্বজনীন অধিকারের বিষয়ও হয়ে উঠেছে।
আমরা প্রবেশ করলাম সর্বসাধারণকে অন্তর্ভুক্ত করে শিক্ষিত সমাজ গড়ার পর্বে। ফলে, সবার জন্য এ সুযোগ অবারিত করে দেওয়ার লক্ষ্য নির্ধারিত হয়েছে, অর্থ বরাদ্দ বাড়ছে, নানান প্রয়াস অব্যাহত রয়েছে।
২.
এ পর্যায়ে প্রশ্ন তোলা যায়, একটি যথার্থ শিক্ষিত সমাজের বৈশিষ্ট্য কী? এ প্রশ্ন প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ এ কারণে যে, অনেকগুলো স্তর পেরিয়ে, বিশেষত নিজেদের ব্যক্তিক ও সামষ্টিক, আত্মিক ও বৈষয়িক উত্তরণ ঘটিয়ে মানুষ এ গন্তব্যে পৌঁছানোর আকাঙ্ক্ষাই প্রকাশ করেছে।
মানবসমাজের অগ্রগতির পেছনে মানুষের তিনটি অন্তর্নিহিত ক্ষমতার ভূমিকাই মুখ্য—কল্পনাশক্তি, চিন্তাশক্তি ও সৃজনশীলতা। অতীতের মানুষের এসব ক্ষমতার নিদর্শন কালের উজান পেরিয়ে আমাদের কাছেও পৌঁছেছে। গুহাচিত্র, আদিম হাতিয়ার ও তৈজসপত্র কিংবা মহাকাব্য নিরক্ষর পূর্বপুরুষদের কল্পনা, চিন্তাশক্তি ও সৃজনশীলতার দক্ষতা আমাদের অভিভূত করে দেয়। এসব দক্ষতার উত্তরণ ও উন্নয়ন ঘটেছে অনুশীলনের মাধ্যমে। আর এই প্রক্রিয়ায় মানুষের আয়ত্ত হয়েছে চতুর্থ ক্ষমতা, যা সহজাত নয়, অর্জিত। একে বলব মননশীলতা। শিক্ষা জ্ঞানকে বিশ্লেষণ ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে পরীক্ষিত দৃঢ় ভিত্তি দিয়েছে, মানুষের স্মৃতিকে মজবুত করেছে, ধারাবাহিকতা তৈরি করেছে এবং মানুষের চলমান জগৎকে বর্তমানের গণ্ডি ছাপিয়ে অতীত ও ভবিষ্যৎ অবধি ব্যাপ্ত করেছে।
তার পরও মানবসভ্যতার ইতিহাসে উত্থান-পতন ঘটে। আবার তা সত্ত্বেও মানুষের বিকাশের যাত্রা অব্যাহত রাখে জিজ্ঞাসু মন, যার গোড়ায় আছে সংশয়। জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট তাঁর আলোকায়ন গ্রন্থে লিখেছেন, একটি পরিণত সমাজের অন্যতম লক্ষণ হলো সুস্থ সংশয় প্রকাশের অবারিত সুযোগ। কান্টের মতে, অপরিণত সমাজ অন্যের বুদ্ধিতে চলে। কারণ, নিজের বুদ্ধিতে চলার মতো সাহস ও সংকল্প তার থাকে না। আর একালের নন্দিত পদার্থবিদ রিচার্ড ফাইনম্যান শিক্ষকদের উদ্দেশে এক ভাষণে জ্ঞানসাধনার উপায় হিসেবে শিক্ষার্থী শেখাতে বলেছেন: ‘হাউ টু ভিউ দ্য ওয়ার্ল্ড উইথ কিউরিয়োসিটি, ওপেন-মাইন্ডেডনেস, অ্যান্ড, অ্যাবভ অল, ডাউট।’ পাশাপাশি এ কথাও স্বীকার করতে হবে, বর্তমানে মানুষ আস্থার গভীর সংকটে ভুগছে। যে ন্যূনতম বিশ্বাসের ভিত্তিতে সমাজ বিকশিত হয়, তার আকালের কারণ হিসেবে ব্রিটিশ দার্শনিক এ এন হোয়াইটহেড বস্তুবিলাসের এ যুগে মানুষের আত্মগত হওয়ার অক্ষমতার কথা বলেছেন। সেটা আসে দর্শন, সাহিত্য, শিল্পকলার পাঠ ও সমঝদারি থেকে।
আমরা লক্ষ করব, ১৯ শতকে কলকাতায় যখন বাঙালির আধুনিক শিক্ষিত সমাজ নির্মিত হচ্ছিল, তখন ধর্ম ও সমাজসংস্কার নিয়ে রক্ষণশীলদের সঙ্গে আমাদের আধুনিকতার পথিকৃৎ রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ব্যাপক বিতর্ক সমাজে তোলপাড় তুলেছিল। এ সময় ইয়ং বেঙ্গল বা তত্ত্ববোধিনীসভার মতো সারস্বতগোষ্ঠী এবং তত্ত্ববোধিনী ও বঙ্গদর্শন-এর মতো পত্রিকা শিক্ষিত সমাজে চিন্তার খোরাক জুগিয়েছে। বাঙালি মুসলিম সমাজে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম একাই বড় ধাক্কা দিয়েছিলেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলিম সাহিত্য সমাজ ১৯২৬ সালে তাদের সাহিত্যিক আন্দোলনের আদর্শ হিসেবে শিক্ষিত সমাজ গড়ে তোলার উপযোগী মোক্ষম বক্তব্য দিয়েছিল: ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।’ আমরা জানি, ঢাকার মুসলিম সমাজের রক্ষণশীল নেতৃত্ব এ আন্দোলনকে অঙ্কুরেই থামিয়ে দিয়েছিল। এর দুই যুগ পরে ভাষা আন্দোলনের সূত্রে যে জাগরণ, তা জ্ঞানসাধনার পথ উন্মুক্ত করার আগেই রাজনৈতিক অধিকার আদায়ের আন্দোলনের ডামাডোলে ভিন্ন পথে প্রবাহিত হয়েছে।
আজ যদি বিচার করতে বসি, একটি পরিপক্ব শিক্ষিত সমাজ গড়ে তোলার জন্য মানুষের সহজাত ও অর্জিত ক্ষমতাগুলোর কার্যকারিতার মূল ইন্ধন সংশয় ও জিজ্ঞাসার পথ কি এ সমাজে মুক্ত আছে? তাহলে কী উত্তর আমরা পাব?
এই প্রেক্ষাপটে আমাদের সমাজকে একবার দেখা দরকার।
৩.
প্রায়ই আমরা অনুভূতিতে আঘাত লাগার কথা শুনতে পাই, শুনি স্পর্শকাতরতার কথাও। কিন্তু শিক্ষিত সমাজের বিচারে এসবই অজুহাতের বেশি কিছু নয়; যুক্তি তো নয়ই। কারণ, এ রকম অজুহাতের দোহাই উঠলে যুক্তি-বিচার হাজির করার অবকাশই মেলে না। মানুষের অনুভূতি বা সংবেদনশীলতা থাকবে, কিন্তু তা-ই শুধু চালিকাশক্তি হলে শিক্ষিত সমাজ গঠন বাধাগ্রস্ত হবে।
জ্ঞাননির্ভর সমাজ যাচাই না করে অন্ধবিশ্বাসের ওপর চলে না, এগোয় প্রতিনিয়ত বিতর্ক ও দ্বন্দ্ব নিষ্পত্তি করে, তাকে এড়িয়ে নয়। বিবেকের পথ যেহেতু বহুমাত্রিক বিবেচনার মুখাপেক্ষী, তাই এমন সত্তা তাকে থামিয়ে রাখে। জ্ঞানের কাজই হলো এ রকম স্থবির মনকে আঘাত করা, সব অপারগতার মোড়ক খুলে সত্যের মুখোমুখি হওয়া। কিন্তু যুক্তি ও বিচারের ফলাফল অনিশ্চিত বলে অপরিণত মন এ প্রক্রিয়াকে কিছুতেই সচল করতে চায় না। অনভ্যস্ত সত্যকে ধ্রুবসত্যের দোহাই দিয়ে নিজেদের অনিচ্ছা ও ভয়কে আড়াল করে। অথচ জ্ঞানসমৃদ্ধ সমাজ আর যা-ই হোক ভিতু হয় না, সত্যের কাছে ফেরারি থাকে না, পরনির্ভরশীল হয় না।
এ রকম সমাজমানস প্রকৃত জ্ঞানচর্চা, তথা শিক্ষার উপযোগী নয়। শিক্ষার আবশ্যিক শর্ত মুক্ত মন ও সংশয়কে এ মানস বরদাশত করতে পারে না। সব আয়োজন, সব নিরীক্ষা মুখস্থবিদ্যার বেদিতেই সমর্পিত হয়। প্রকৃত শিক্ষক তো হবেন সুস্থ সংশয়ে সক্ষম বলিষ্ঠ মুক্ত মনের অধিকারী মানুষ। এ সমাজে সেই শিক্ষক তৈরি হন না। সবাই মিলে তাই শিক্ষার যে ব্যবস্থা চালিয়ে যাচ্ছি, তা বাঁধা প্রশ্নের, বাঁধা উত্তরের গতানুগতিকতা ও মুখস্থবিদ্যার গণ্ডিতে বন্দী। এভাবে বিদ্যা প্রাণ হারায়। কেননা, বিদ্যা কেবল চর্চার মাধ্যমেই প্রাণবন্ত হয়ে ওঠে। প্রাণহীন, বাসি ও মৃত শিক্ষা ক্রয়-বিক্রয়যোগ্য পণ্যে পরিণত হয়। আর নিরন্তর পরীক্ষায় ঘটে শিক্ষার সৎকার।
আমরা প্রায়ই ভাবি, অনেক দূর এগিয়েছি। কিন্তু ভাটার টান লাগলেই বুঝতে পারি পুরোনো তর্ক পিছু ছাড়ছে না, চিন্তার স্থবিরতা কাটছে না। এ রকম সমাজে কপটতা কাটানো কঠিন হয়ে পড়ে, সমাজ নৈতিকভাবে ভঙ্গুর ও আপসকামী হয়ে থাকে, একইভাবে মূল্যবোধের মানদণ্ড অধোগামী হয়ে পড়তে বাধ্য। সৎ, ভালো ও পরিণত বুদ্ধির মানুষকে এ সমাজ নিঃসঙ্গতার পথে ঠেলে দিয়ে অকার্যকর করে রাখে।
ক্রমে সত্য-মিথ্যা, ন্যায়-অন্যায়, শুদ্ধ-ভুলের পার্থক্য হারিয়ে যায়। তখনই সমাজে দেখা দেবে বিবেকের সংকট, সুশাসনের আকাল। আরও মারাত্মক পরিণতি হলো সমাজ ও রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো অবক্ষয় ও দুর্নীতিতে নিমজ্জিত হয়ে কার্যকারিতা হারাতে থাকে। এর পাশাপাশি মানসম্পন্ন গবেষণা, গভীর অধ্যয়ন, জ্ঞানের কোনো শাখায় মৌলিক অবদান, নতুন জ্ঞান সৃজনের পরিবেশ ও যোগ্যতা লোপ পেতে থাকে।
এ রকম বাস্তবতাতেও মাথাপিছু আয়, গড় আয়ু, শিক্ষার হারসহ বহু সূচকেই অগ্রগতি সম্ভব। কিন্তু যেসব অর্জন মানুষ হিসেবে সফলতার প্রমাণ দেয়, যা অর্জন করতে প্রস্তুতির পর্বটি হয়ে থাকে দীর্ঘ এবং অগ্রগতির পথ হয় বন্ধুর, তাতে সাফল্য আসে বড়জোর ব্যক্তির সূত্রে, কিংবা সামষ্টিক হলে আসে আকস্মিকভাবে, প্রায়ই যা টেকসই হয় না।
আমরা এ রকম এক সন্ধিক্ষণে আছি এখন। বৈষয়িক উন্নতি ঘটাতে পারছি, কিন্তু সমাজমানসের গুণগত পরিবর্তন, যা ব্যক্তিমানুষের শিক্ষার ওপর অনেকাংশে নির্ভরশীল, তাতে কিছুতেই উত্তরণ ঘটাতে পারছি না। তাহলে শিক্ষার মূল উদ্দেশ্যে কি ব্যর্থ হয়ে যাচ্ছে না?
৪.
এই উত্তরণ ঘটানোই শিক্ষার মূল কাজ। এ ক্ষেত্রে আমাদের অর্জন সামান্য। আগের অধ্যায়ের আলোচনার পরে এসব কথার পুনরাবৃত্তির দরকার নেই।
তবু অনিশ্চয়তার মধ্যেও আশা টিকে থাকে, কারণ দেশে ২৫ বছরের নিচের জনসংখ্যাধিক্য। এটা শেখা ও বাড়ার বয়স। এই বিশাল নবীন প্রজন্ম স্বভাবতই বুকভরা স্বপ্ন, ঝুঁকি নেওয়ার সাহস, ত্যাগের স্পৃহা, অকপটতা-সততার প্রণোদনায় পুরোনো জামানার অচলায়তনের সব জঞ্জাল সাফ করে এগিয়ে যাওয়ার জন্য উদ্গ্রীব। প্রাতিষ্ঠানিক ও সামাজিক—উভয় দিক থেকেই তাদের ভুল পথে ঠেলে দেওয়া এবং সম্ভাবনার সর্বনাশ ঘটানোর দুর্ভাগ্যজনক প্রয়াস একসময় হাল ছাড়তে বাধ্য হবে। অপ্রচলিত উন্নত ধারাগুলো তরুণ কর্মীবাহিনীর সঙ্গে হাত মেলাতে পারলে শিক্ষাকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়া সম্ভব। তা কখন বাস্তবে ঘটবে, এর পূর্বাভাস দেওয়া হয়তো সহজ হবে না। তবে তাদের কানে কানে আইনস্টাইনের মন্ত্রটি দেওয়া যায়: ‘উই মাস্ট রেভল্যুশনাইজ আওয়ার থিংকিং, রেভল্যুশনাইজ আওয়ার অ্যাকটিভিটিস।’ এর রেশ ধরে বলা যায়, একদিন সমাজের সত্যাশ্রয়ী প্রবীণ আর তারুণ্যের সহজাত শুভশক্তি মিলবে এবং তা থেকে সম্ভাবনা সৃষ্টির পথ সব সময় খোলা থাকবে। এ শক্তি ক্ষমতাবলয়ে স্থান করে নিতে সক্ষম হলে তো কথাই নেই—বৈপ্লবিক পরিবর্তন সত্যিই সম্ভব।
আবুল মোমেন: কবি, প্রাবন্ধিক ও কলাম লেখক।