শিক্ষাঙ্গন চিরকুট
মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীমুক্তিযুদ্ধের চলচ্চিত্রের প্রতি কার না দুর্বলতা আছে। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নিয়ে দারুণ এক প্রদর্শনী হয়ে গেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ২ ও ৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ গণশিল্পী সংস্থার রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।প্রদর্শনীর প্রথম দিন কান পেতে রই, স্টপ জেনোসাইড, শরত্ একাত্তর এবং একাত্তরের যীশু চলচ্চিত্রগুলো প্রদর্শিত হয়। আর দ্বিতীয় দিনে প্রদর্শিত হয় মুক্তির গান, ডেটলাইন বাংলাদেশ, সেই রাতের কথা বলতে এসেছি এবং ওরা ১১ জন। প্রতিটি প্রদর্শনীতেই বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। প্রদর্শনীতে আসা আরাফাত কবির, কাজী ওয়াজির হায়দার, নাছির উদ্দিন, ইসমাইল হোসেন, সায়েম সাবুসহ অনেকের সঙ্গে কথা হয়। তাঁরা জানান, এ ধরনের প্রদর্শনী শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে সহায়তা করবে।প্রোগ্রামিং প্রতিযোগিতায় ড্যাফোডিল ইউনিভার্সিটি চ্যাম্পিয়নআন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ-সাউথ ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশল ইউনিভার্সিটিসহ মোট আটটি বিশ্ববিদ্যালয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিযোগিরা সবকটি সমস্যা সমাধান করে চ্যাম্পিয়ন হয় এবং ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স’ পদক পাওয়ার গৌরব অর্জন করে। তারিকুল ইসলামের নেতৃত্বে দলের অন্য দুই প্রতিযোগী ছিলেন তানিয়া ইয়াসমিন ও শাবাব হায়দার।সৃজনী বিদ্যানিকেতনের বিদায় সংবর্ধনা৪ জানুয়ারি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সৃজনী বিদ্যানিকেতনের ২০১০ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বিদায়ী শিক্ষার্থী চাঁদ সুলতানা জুঁই ও আবু বক্কর সিদ্দিক ভালো লেখাপড়ার সুযোগ পাওয়ায় শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সৃজনী বিদ্যানিকেতনের পরিচালক আ ক ম মোস্তফা জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য সৈয়দ সাখাওয়াত হোসেন। আরও বক্তব্য দেন কৃষি অনুষদের ডিন রবিউল হক, রেজিস্ট্রার নির্মল চন্দ্র সাহা, কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের চেয়ারপারসন গোলাম রব্বানী আকন্দ এবং প্রক্টর মোহাম্মদ আলী। সবশেষে পরীক্ষার্থীদের হাতে কোর্স সমাপনী সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।স্বপ্ন নির্মাণের বিতর্ক‘সময়ের বিপরীতে আজ স্বপ্ন নির্মাণের গল্প’ স্লোগান সামনে রেখে ৪ থেকে ৭ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০১০। বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি ডিবেটিং ফোরাম (বিএফডিএফ) চার দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করে। এ প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), নর্থ সাউথ ইউনিভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩২টি দল অংশ নেয়।প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। বিএফডিএফের প্রধান নির্বাহী সদস্য সুনীতি দেবী মণ্ডল বিতর্ক প্রতিযোগিতা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।ইউল্যাবে চলচ্চিত্র প্রদর্শনী৪ ফেব্রুয়ারি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) অনুষ্ঠিত হলো কল সি সালমা ছবির বাংলাদেশ প্রিমিয়ার। কানাডীয় দম্পতি সেবেসটিয়ান রিস্ট ও অডে লেরক্স লেভেস্ক পরিচালিত ছ্বিটির গল্প সাজানো হয়েছে ভালোবাসা ও হারানোর বিষয়কে উপজীব্য করে। প্রদর্শনী উদ্বোধন করেন ইউল্যাবের উপাচার্য রফিকুল ইসলাম। ছবি প্রদর্শনের পর ছবির দুই পরিচালক এবং ছবির মূল চরিত্র সালমা উপস্থিত থেকে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ছবিটির ব্যাপ্তি ৫৩ মিনিট ৪৭ সেকেন্ড। ছবিটি এ বছরের শেষের দিকে ফরাসি টেলিভিশনে প্রদর্শিত হবে। ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগ এবং বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে চলচ্চিত্রটির প্রদর্শনী হয়।জাগো কুয়াকাটাঢাকার অদূরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর দেশের সর্বদক্ষিণে কুয়াকাটা। কিন্তু এ ব্যবধান ঘুঁচে গেল এক মুহূর্তেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২২ শিক্ষার্থী কুয়াকাটার সমুদ্রসৈকত ঘুরে এলেন ২৬-৩০ জানুয়ারি।কুয়াকাটা এমন এক সমুদ্রসৈকত, যেখানে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই দেখা যায়। সমুদ্রসৈকত ছাড়াও শিক্ষার্থীরা সুন্দরবনের পূর্বাংশে অবস্থিত ফাতরার বন এবং কুয়াকাটার রাখাইনপল্লি ভ্রমণ করেন। রাখাইনপল্লির বুদ্ধমূর্তি দর্শন ছিল শিক্ষার্থীদের জন্য দারুণ এক অভিজ্ঞতা। প্রায় ৩৬ ফুট উঁচু এই মূর্তি বাংলাদেশের সবচেয়ে বড় বুদ্ধমূর্তিগুলোর একটি। জাবির শিক্ষার্থীদের সংগঠন ‘এক্সপ্লোরারস’ আয়োজিত এ শিক্ষাসফরের মূল বক্তব্য ছিল ‘জাগো কুয়াকাটা’। ২৮ জানুয়ারি শিক্ষার্থীরা কুয়াকাটা সমুদ্রসৈকতে মানববন্ধন করেন। এক্সপ্লোরারসের সদস্য ফাহিম ইবনে সারওয়ার জানান, ‘মানববন্ধনের মাধ্যমে আমরা কুয়াকাটাকে পর্যটননগর হিসেবে গড়ে তোলা, ভালো সড়ক অবকাঠামো গড়ে তোলা, সমুদ্রসৈকতের পরিবেশ রক্ষা ও নিরাপত্তা জোরদার করার আহ্বান জানিয়েছি।’এমসি কলেজের শিক্ষাসফরসিলেটের এমসি কলেজ বাংলা বিভাগের ৩২ জন শিক্ষার্থী শিক্ষাসফরের অংশ হিসেবে ভ্রমণ করছেন ঢাকার একুশে বইমেলায়। পাশাপাশি তাঁরা ঢাকার বিভিন্ন ঐতিহাসিক স্থান ও গুরুত্বপূর্ণ স্থাপনাও পরিদর্শন করেছেন। গত সোমবার থেকে শুরু হওয়া এ শিক্ষাসফর আজ বুধবার শেষ হচ্ছে। দলটির নেতৃত্বে রয়েছেন কলেজের সহকারী অধ্যাপক সাহেদা আখতার ও প্রভাষক শেখ নজরুল ইসলাম।বাংলা চতুর্থ বর্ষের শিক্ষার্থী আলমগীর হোসেন জানান, কলেজের বাংলা বিভাগের সম্মানে অধ্যয়নরত বিভিন্ন বর্ষের ৩২ জন শিক্ষার্থী শিক্ষাসফরে অংশ নিয়েছেন। এ সময় তাঁরা জাতীয় স্মৃতিসৌধ, ভাসানী নভোথিয়েটার, বইমেলা, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ঐতিহাসিক স্থান ও গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করছেন।পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে বাঁধনের নতুন কমিটিস্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ কাজ করে যাচ্ছে সারা দেশে। ৫ ফেব্রুয়ারি ‘বাঁধন’ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠিত হয়। ২০১০ সালের জন্য গঠিত ১৭ সদস্যের এ কমিটিতে শামসুল হক মোহাম্মদ মিরাজ সভাপতি, কামরুজ্জামান সোহাগ সাধারণ সম্পাদক এবং পাপন কুমার দেবনাথ কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন।